১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সকালের যে ৩ অভ্যাসে সারাদিনের জন্য বাড়ে মানসিক চাপ

ঘুম থেকে উঠেই বিছানার পাশে রাখা মোবাইল ফোনে চোখ রাখছেন? এতেই বাড়ছে মানসিক চাপের হরমোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 01:14 PM

Updated : 16 Nov 2026, 01:14 PM

সকালের শুরুটা কেমন হচ্ছে, তার ওপর অনেকখানি নির্ভর করে পুরো দিনটি কেমন কাটবে। ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়ো করা বা ভুল কোনও অভ্যাস অনুসরণ করলে শরীরে মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন ‘কর্টিসল’-এর মাত্রা হঠাৎ বেড়ে যায়।

মনস্তত্ত্ববিদেরা বলছেন, প্রতিদিনের সকালে করা সাধারণ তিনটি ভুল, অজান্তেই সারাদিনের মেজাজ খিটখিটে ও অস্থির করে তুলতে পারে।

জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের মিয়ামির মনোবিদ ড. মিন্ডি ডিসেটা এবং ফিনিক্সভিত্তিক ‘ইগনাইট অ্যাম্বিশন’-এর প্রতিষ্ঠাতা ও নিবন্ধিত থেরাপিস্ট ক্রিস্টিন হ্যাথাওয়ে- এই বিষয়গুলো বিশ্লেষণ করেছেন।

ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মোবাইল ফোন দেখা

চোখ মেলার পরপরই কে মেসেজ বা ইমেইল পাঠিয়েছে বা খবরের শিরোনামে কী চলছে তা দেখার প্রবণতা অনেকেরই রয়েছে।

ড. মিন্ডি ডিসেটা বলেন, “সকালের শুরুতেই ফোন দেখলে মস্তিস্ক তাৎক্ষণিকভাবে অন্যের কথা বা তথ্যের প্রতি প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়, যা মুহূর্তের মধ্যেই শরীরকে ‘স্ট্রেস মোডে’ নিয়ে যায়।”

সমাধান: ঘুম থেকে ওঠার পর অন্তত ৩০ মিনিট ফোন থেকে দূরে থাকা উচিত। এজন্য রাতে ঘুমানোর সময় ফোনটি বিছানার পাশে চার্জে না দিয়ে ঘরের অন্য কোনও কোণায় রাখা এবং অ্যালার্মের জন্য সাধারণ ঘড়ি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

সুনির্দিষ্ট রুটিন না থাকা

সকালের কাজের কোনও পূর্বপরিকল্পনা না থাকলে ঘুম থেকে উঠেই নাস্তায় কী তৈরি হবে, কে কোন কাজ করবে বা কী পোশাক পরা হবে- এমন অসংখ্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়।

থেরাপিস্ট ক্রিস্টিন হ্যাথাওয়ে সতর্ক করে বলেন, “সকালের এই অতিরিক্ত মানসিক চাপ মনকে অস্থির করে তোলে; ফলে জরুরি জিনিস ভুলে যাওয়া, নাস্তা না করেই বেরিয়ে পড়া এবং সারাদিন তাড়াহুড়োর মধ্যে থাকার প্রবণতা তৈরি হয়।

সমাধান: পরিবারের সবার উপযোগী একটি সহজ সকালের রুটিন তৈরি করে প্রতিদিন সেটা অনুসরণ করা উচিত।

পরের দিনের পোশাক গুছিয়ে রাখা বা নাস্তার পরিকল্পনা আগের রাতেই সেরে রাখলে সকালের অহেতুক চাপ অনেকটাই কমে আসে।

তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য হাতে সামান্য বাড়তি সময় রাখা ভালো।

বারবার অ্যালার্ম বন্ধ করে ঘুমানো

অ্যালার্ম বাজার পর আরও পাঁচ মিনিট ঘুমানোর লোভ সামলানো কঠিন হলেও ড. মিন্ডি ডিসেটার মতে, “এই খণ্ডিত ঘুম শরীরকে মোটেও বিশ্রাম দেয় না; বরং এতে ঘুম ভাঙার পর আরও বেশি ঝিমুনি ও ক্লান্তি অনুভূত হয়।”

এছাড়া বারবার ‘স্নুজ’ বাটন চাপার ফলে তৈরি হওয়ার সময় কমে যায় এবং দেরি হয়ে যাওয়ার আতঙ্কে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়।

সমাধান: বারবার অ্যালার্ম বন্ধ না করে ঠিক যে সময়ে ঘুম থেকে ওঠা প্রয়োজন, সেই সময়ের জন্যই অ্যালার্ম সেট করা উচিত।

এই অভ্যাস ভাঙতে অ্যালার্ম ঘড়িটি বিছানা থেকে দূরে রাখতে হবে, যাতে সেটি বন্ধ করতে বিছানা ছেড়ে উঠতে হয়।

পাশাপাশি রাতে সঠিক সময়ে ঘুমিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করা জরুরি।

পুরনো খবর:

মানসিক চাপ থেকে পেট খারাপ? রয়েছে সমাধান
ঘরের ভেতরের যেসব জিনিস অলক্ষ্যে বাড়ায় মানসিক চাপ
নজর এড়ানো কিছু বিষয় যেভাবে বাড়ায় মানসিক চাপ