মানসিক চাপে পেট ব্যথা বা হজমের সমস্যা হওয়ার কারণ
দুশ্চিন্তা বাড়লেই কি পেটে ব্যথা, বুক জ্বালাপোড়া বা হজমের গোলমাল শুরু হয়? এটি মনের কোনো কল্পনা নয়, বরং মস্তিস্ক ও পরিপাকতন্ত্রের সরাসরি সংযোগের ফল।
গুরুত্বপূর্ণ কোনও উপস্থাপনার আগে বমি বমি ভাব হওয়া বা তীব্র মানসিক চাপের সময় পেটে মোচড় দিয়ে ব্যথা অনুভব করা- এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে।
চিকিৎসাবিজ্ঞান বলছে, এটি মোটেও মনের কোনও কল্পনা নয়; বরং পরিপাকতন্ত্র বা অন্ত্র এবং মস্তিস্ক একে অপরকে গভীরভাবে প্রভাবিত করে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’-এর স্বাস্থ্য প্রকাশনা ‘হেলথবিট’-এ প্রকাশিত এক প্রতিবেদনে মানসিক চাপ কীভাবে হজমের কার্যকারিতা নষ্ট করে এবং এর উপসর্গগুলো কী কী, সেসব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
মানসিক চাপ যেভাবে পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে
বিশেষজ্ঞদের মতে- তীব্র মানসিক চাপ, বিষণ্নতা বা অন্যান্য মনস্তাত্ত্বিক কারণগুলো পাকস্থলী ও অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া এবং সংকোচন-প্রসারণ প্রক্রিয়াকে ব্যাহত করে।
সাম্প্রতিক গবেষণায় আরও দেখা গেছে, মানসিক ও সামাজিক চাপ অন্ত্রের ভেতরে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়ার ধরন পরিবর্তন করে দিতে পারে, যা শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করে।
এছাড়া গবেষণায় দেখা গেছে, যারা পরিপাকতন্ত্রের কার্যকারিতা-বিষয়ক সমস্যায় ভোগেন, তাদের হজম প্রক্রিয়া থেকে আসা ব্যথার সংকেতগুলো মস্তিষ্ক সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না।
ফলে অন্যদের তুলনায় তারা পেটের ব্যথা তীব্রভাবে অনুভব করেন এবং মানসিক চাপ সেই ব্যথাকে আরও বাড়িয়ে দেয়।
সমন্বিত চিকিৎসার গুরুত্ব
হার্ভার্ডের প্রতিবেদন অনুযায়ী, ৩২টি বৈজ্ঞানিক গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে যে, প্রচলিত ওষুধের চিকিৎসার তুলনায় যারা মানসিক চাপ কমানোর মনস্তাত্ত্বিক থেরাপি নিয়েছেন, তাদের পেটের উপসর্গের বেশ উন্নতি হয়েছে।
বর্তমানে পরিপাকতন্ত্রের এই ধরনের সমস্যার সমাধানে সমন্বিত চিকিৎসা পদ্ধতির ওপর জোর দেওয়া হচ্ছে, যার মধ্যে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং মানসিক চাপ কমানোর কৌশল অন্তর্ভুক্ত থাকে।
মানসিক চাপের কারণে হজমের সমস্যা হচ্ছে কি না, যেভাবে বুঝবেন
বুক জ্বালাপোড়া, পেটে খিঁচুনি বা পাতলা পায়খানার মতো হজমের সমস্যার সঙ্গে যদি নিচের শারীরিক, আচরণগত ও আবেগীয় লক্ষণগুলো দেখা দেয়, তবে বুঝতে হবে এর পেছনে মানসিক চাপ দায়ী এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
শারীরিক উপসর্গ: ঘাড় ও কাঁধের পেশি শক্ত বা টানটান হয়ে থাকা, মাথাব্যথা, ঘুমের সমস্যা, হাত-পা কাঁপা, শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়া, হঠাৎ ওজন কমে বা বেড়ে যাওয়া এবং সারাক্ষণ অস্থিরতা বোধ করা।
আচরণগত উপসর্গ: কাজে গড়িমসি করা, নির্ধারিত কাজ শেষ করতে না পারা, খাবার বা পানীয় গ্রহণের পরিমাণে অস্বাভাবিক পরিবর্তন আসা, ধূমপানের প্রবণতা বেড়ে যাওয়া, ঘুমের মধ্যে বা অজান্তে দাঁত কিড়মিড় করা এবং চাপের বিষয়গুলো নিয়ে বারবার দুশ্চিন্তা বা কথা বলা।
আবেগীয় উপসর্গ: অকারণে কান্না পাওয়া, তীব্র মানসিক চাপ অনুভব করা, মন শান্ত করতে না পারা, মানুষের সঙ্গ এড়িয়ে চলা বা অতিরিক্ত সঙ্গ খোঁজা, স্নায়বিক দুর্বলতা, হুট করে রেগে যাওয়া, বিষণ্নতা, মনোযোগের অভাব, ভুলে যাওয়ার প্রবণতা, রসবোধ হারিয়ে ফেলা এবং সিদ্ধান্তহীনতায় ভোগা।
