২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

যে কাজগুলোতে হৃদযন্ত্রের ক্ষতি হচ্ছে

নিত্যদিনের সাধারণ অভ্যাসই প্রতিনিয়ত হৃদযন্ত্রের ক্ষতি করে চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:00 AM

Updated : 23 Nov 2026, 11:25 PM

হৃদযন্ত্রের অসুস্থতা সব সময় বড় কোনও উপসর্গ দিয়ে জানান দেয় না। কখনও অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, অস্বাভাবিক ক্লান্তি বা ঘুমের অনিয়মও হতে পারে সতর্কসংকেত।

আর প্রতিদিনের কিছু অভ্যাস সহজেই হৃদযন্ত্রের ওপর চাপ তৈরি করতে পারে।

হৃদযন্ত্র শরীরের প্রতিটি অঙ্গে রক্ত ও অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করে। অথচ নিয়মিত শরীরচর্চা না করা, পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত মানসিক চাপ বা খাবারের ক্ষেত্রে অসচেতনতার প্রভাব ধীরে ধীরে হৃদ্-স্বাস্থ্যে বাজে প্রভাব পড়তে পারে।

প্রতিদিনের কিছু অভ্যাস ও শারীরিক পরিবর্তন খেয়াল করলেই হৃদ্‌যন্ত্রের যত্নে কোথায় অবহেলা হচ্ছে, তা বোঝা সম্ভব।

পর্যাপ্ত ঘুম না হওয়া

নিয়মিত পর্যাপ্ত ও ভালো ঘুম না হলে উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, শরীরে প্রদাহ এবং হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান কামরুল হাসানের মতে, “ঘুমের অনিয়ম হৃদ্-যন্ত্র ও রক্তনালির বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। এজন্য প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করা উচিত।”

ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময় প্রতিদিন একই রাখারও পরামর্শ দেন তিনি।

তার মতে, “ঘুমানোর আগে ফোনের ব্যবহার কমানো, ঘর অন্ধকার ও শান্ত রাখা এবং দিনের শেষভাগে ক্যাফিন গ্রহণ এড়িয়ে চলাও ভালো ঘুমে সহায়ক হতে পারে।”

ছোটখাটো শারীরিক সংকেত উপেক্ষা করা

বয়স বাড়ার সঙ্গে ক্লান্তি, হাঁটাচলায় শ্বাসকষ্ট বা অল্প পরিশ্রমে হৃদস্পন্দন বেড়ে যাওয়াকে অনেকেই স্বাভাবিক বলে ধরে নেন।

নারীদের ক্ষেত্রে এসব উপসর্গকে কখনও হরমোনের পরিবর্তন বা মানসিক চাপের ফল বলেও মনে করা হয়। তবে সব সময় তা ঠিক নয়।

এই চিকিৎসকের মতে, “অস্বাভাবিক ক্লান্তি, পরিশ্রমের সময় বুকে ব্যথা বা চাপ অনুভব, মাথা হালকা লাগা, শ্বাসকষ্ট এবং গোড়ালি ফুলে যাওয়া- এসব হৃদযন্ত্রের জন্য ভালো লক্ষণ না।”

এই ধরনের সমস্যা নিয়মিত দেখা দিলে বা আগের তুলনায় বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে হঠাৎ বুকে ব্যথা বা চাপের সঙ্গে ঘাম ও বমিভাব হলে এবং হাত বা চোয়ালের দিকে ব্যথা ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে হবে।

মানসিক চাপ সামলানোর চেষ্টা না করা

মানসিক চাপ পুরোপুরি এড়িয়ে চলা কঠিন। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব বা নানান উদ্বেগের কারণে শরীর ও মন দুটিই ক্লান্ত হয়ে পড়ে।

তবে দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে থাকলে হৃদ্-স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়তে পারে।

ডা. কামরুল বলেন, “শরীর দীর্ঘ সময় ধরে বিপদ মোকাবিলার প্রস্তুতিমূলক অবস্থায় থাকলে উচ্চ রক্তচাপ, হৃদরোগে আক্রান্ত হওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে।”

মানসিক চাপের কারণে অনেকে ধূমপান, অতিরিক্ত মদ্যপান বা অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস ঝুঁকি আরও বাড়ায়।

চাপ কমাতে নিয়মিত হাঁটা, ব্যায়াম, ধ্যান, যোগব্যায়াম, বাগান করা বা আপনজদের সঙ্গে সময় কাটানো যেতে পারে।

অর্থাৎ নিজের জন্যও প্রতিদিন কিছুটা সময় রাখা জরুরি।

নিয়মিত মদ্যপান

নিয়মিত মদ্যপান, বিশেষ করে একবারে অতিরিক্ত পরিমাণে পান করা, হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দে সমস্যা তৈরি করতে পারে। এর ফলে অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বাড়ে। এতে হৃদযন্ত্রের ওপরের প্রকোষ্ঠগুলো স্বাভাবিক ছন্দে সংকুচিত হতে পারে না।

শরীরচর্চা পিছিয়ে দেওয়া

শরীরচর্চার উপকারিতা জানা থাকলেও ব্যস্ততা বা অনীহার কারণে অনেকেই নিয়মিত হাঁটা বা ব্যায়াম করেন না।

অথচ হৃদযন্ত্র ভালো রাখতে শারীরিক সক্রিয়তা প্রয়োজন। কারণ ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং সময়ের সঙ্গে হৃদযন্ত্রকেও ভালো রাখে।

এই চিকিৎসক বলেন, “শরীরচর্চা মানসিক চাপের সময় শরীরে তৈরি হওয়া হরমোনের প্রভাব কমাতে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে।”

খাবারের পর ১০ মিনিট হাঁটা বা প্রতিদিন অল্প সময়ের জন্য হাঁটার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। ধীরে ধীরে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক ব্যায়ামের লক্ষ্য রাখা উচিত।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানো

শরীরে কোনও সমস্যা অনুভব না হলে অনেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর প্রয়োজন মনে করেন না। তবে উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরল বা শর্করার মাত্রা বেড়ে গেলেও শুরুতে কোনও লক্ষণ নাও দেখা দিতে পারে।

তাই উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আছে কি-না, নিয়মিত পরীক্ষা করে দেখা জরুরি। এছাড়া পরিবারের কারও হৃদ্-রোগের ইতিহাস থাকলে সেটিও চিকিৎসককে জানানো দরকার।

অস্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া

প্যাকেটজাত বা রেস্তোরাঁর খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত লবণ রক্তচাপ নিয়ন্ত্রণ কঠিন করে তুলতে পারে, যা হৃদস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এই চিকিৎসকের পরামর্শ, “যতটা সম্ভব প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবার বেছে নেওয়া এবং ঘরে রান্না করা খাবার খাওয়ার অভ্যাস করা উচিত।”

খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, পূর্ণ শস্য, চর্বিহীন আমিষ এবং উপকারী চর্বি রাখা ভালো। এসব খাবার থেকে আঁশ, আমিষ, অসম্পৃক্ত চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়।

পুরনো খবর:

হৃদ্-যন্ত্র সুস্থ রাখতে খাবারের ভুমিকা
বাজারের অভ্যাসই বলে দেবে হৃদযন্ত্র কতটা সুস্থ থাকতে পারে
হৃদযন্ত্রের অবস্থা বিপজ্জনক মাত্রায় নিয়ে যেতে পারে ডায়েট পানীয়