২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বাজারের অভ্যাসই বলে দেবে হৃদযন্ত্র কতটা সুস্থ থাকতে পারে

হৃদ-স্বাস্থ্য ভালো রাখতে চাই রঙিন সবজি। আর বাদ দিতে হবে প্রক্রিয়াজাত খাবার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 05:01 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

হৃদযন্ত্র সুস্থ রাখতে ওষুধ বা ব্যায়ামের পাশাপাশি প্রতিদিনের খাবারের ভূমিকা সবচেয়ে বেশি।

তাই বাজারের থলে কী কী জিনিসে ভর্তি, সেটাই অনেকাংশে বলে দেবে আপনার ‘হৃদয়’ কতটা সুরক্ষিত।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “হার্ট বা হৃদযন্ত্র ভালো রাখতে বাজারের তালিকায় রঙিন সবজি, ফলমূল, চর্বিযুক্ত মাছ, ডাল ও স্বাস্থ্যকর তেল রাখুন। এগুলো নিয়মিত খেলে খারাপ কোলেস্টেরল কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে।”

বাজার করার সময় যা খেয়াল রাখতে হবে

প্রথমেই রাখার চেষ্টা করুন রঙিন সবজি ও ফলমূল

হৃদপিণ্ড বচেয়ে বেশি পছন্দ করে বাহারি রংয়ের খাবার। যত বেশি রং, তত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ও উপকারী পুষ্টি।

সবুজ পাতাযুক্ত শাকসবজি পালংশাক, লালশাক, পুঁইশাক: এগুলো ভিটামিন কে, আঁশ ও নাইট্রেইটে ভরপুর। নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং রক্তনালি সুস্থ থাকে। বাজারের তালিকায় সপ্তাহে অন্তত তিন-চার দিন শাক রাখা উপকারী।

বেরি ধর্মী ফল স্ট্রবেরি, ব্লুবেরি বা দেশি জাম: প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। হৃদযন্ত্রের জন্য এগুলো অত্যন্ত উপকারী। মৌসুমে পাওয়া গেলে নিয়মিত খাওয়ার চেষ্টা করতে হবে।

কপি-ধর্মী সবজি ফুলকপি, বাঁধাকপি: এতে সালফোরাফেন ও আঁশ আছে। কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

অ্যাভোকাডো ও লেবুধর্মী ফল: লেবু, কমলা, মাল্টা— ভিটামিন সি ও আঁশ হার্টের জন্য উপকারী।

প্রোটিনের সঠিক উৎস বেছে নেওয়া

চর্বিযুক্ত মাছ ইলিশ, ম্যাকারেল, রূপচাঁদা, টুনা: এগুলোতে আছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডস। হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। সপ্তাহে অন্তত দু-তিন দিন মাছ রাখতে হবে খাবার তালিকায়।

ডাল, ছোলা ও বিন রাজমা, ছোলা, মসুর ডাল- এগুলো উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস। আঁশও মিলবে।

প্রাণিজ উৎসের মধ্যে রয়েছে চর্বিহীন মাংস, যেমন- মুরগি। ডিমও হৃদযন্ত্রের জন্য ভালো, তবে পরিমাণে বুঝে খেতে হবে।

ওটস ও পূর্ণ দানার শস্যের মধ্যে- ওটসে আছে বিটা গ্লুকেন, যা খারাপ কোলেস্টেরল কমায়। লাল চাল, কিনোয়া, গম রাখা যেতে পারে খাদ্য তালিকায়।

তেল ও মসলায় সতর্কতা

‘এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল’ হৃদযন্ত্রের জন্য উপকারী। সয়াবিনের বদলে এটি ব্যবহারের অভ্যাস করা ভালো। মসলায় লবণ কমিয়ে রসুন, পেঁয়াজ, হলুদ ব্যবহার করতে হবে।

দুগ্ধজাত পণ্য

সাধারণ টক দই বা ‘লো-ফ্যাট’ দই প্রোবায়োটিকের ভালো উৎস। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

বাদাম ও বীজ

লবণ ছাড়া আখরোট, কাঠবাদাম, চিয়া বা তিসি বীজ— এগুলো হৃদযন্ত্রের জন্য অসাধারণ। তবে অল্প পরিমাণে নিয়মিত খেতে হবে।

হৃদযন্ত্র সুস্থ রাখতে বাজারের তালিকা বদলানোই প্রথম পদক্ষেপ। রঙিন সবজি, ফল, মাছ, ডাল ও স্বাস্থ্যকর তেল নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে।

আরও পড়ুন

হৃদযন্ত্রের রক্ষাকবজ

ত্বক বলে দিতে পারে হৃদযন্ত্রের স্বাস্থ্য কেমন

গরমে সুস্থ থাকতে সাতরঙা খাবার