খুলনায় জিয়া সৈনিক দলের নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম
স্থানীয় লোকজন রবিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খুলনার রূপসা উপজেলায় জিয়া সৈনিক দলের এক নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপসা থানার ওসি মাসুম খান।
আহত রবিউল ইসলাম রবি রাজাপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে। ৪০ বছর বয়সি রবি খুলনা জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজাপুর এলাকায় ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে রবিউল ইসলামকে তুলে নিয়ে যান কয়েক ব্যক্তি। তাকে পপুলার জুট মিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে।
পরে স্থানীয় লোকজন রবিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
রূপসা থানার ওসি মাসুম খান বলেন, কী কারণে তুলে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে, কারা করেছে বিষয়টি তদন্ত চলছে।
এর আগে শনিবার রাত ১০টার দিকে খুলনার তেরখাদায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিক সরদারকে গুলির ঘটনা ঘটে। মাফিক তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
খুলনা জেলা ও নগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের সাড়ে ১০ মাসে খুলনা জেলা ও নগরে ৭৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে প্রায় শতাধিক ব্যক্তি।
জেলার বাসিন্দারা বলছেন, প্রায় প্রতিদিন খুন, হত্যাচেষ্টা আর গোলাগুলির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক; চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে এ জেলার মানুষদের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অস্ত্র উদ্ধার ও অভিযান চললেও অপরাধ নিয়ন্ত্রণে আসেনি।
