২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি

প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ভিডিও সার্বক্ষণিক পর্যবেক্ষণের কথা জানিয়েছে বাহিনীটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 09:48 AM

Updated : 24 Nov 2026, 09:48 AM

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, এদিন কেবল গোপালগঞ্জেই দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। বাকিদের দায়িত্ব পড়েছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে।

এক প্লাটুনে থাকেন ২০ থেকে ৩০ জন বিজিবি সদস্য, আর এক ব্যাটালিয়নে থাকে ২৭ থেকে ৩০ প্লাটুন বিজিবি।

বিজিবি বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা মাঠে সচেষ্ট রয়েছেন বলে জানানো হয়েছে বার্তায়।

এতে বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ভিডিও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি 'সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে' কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে বাহিনীটি।