দ. আফ্রিকা বলেই ফিরলেন খালেদ-ইয়াসির, বিশ্বকাপ ভাবনায় নাঈম শেখ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথোপকথনে বাংলাদেশের ওয়ানডে সিরিজের স্কোয়াডে একঝাঁক পরিবর্তনের ব্যাখা দিলেন জাতীয় দলের নির্বাচক নাঈম ইসলাম।
দলে নেই কোনো নতুন মুখ। মোটামুটি অভিজ্ঞদের নিয়েই সাজানো হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড। তবে ১৫ জনের দলে চমক ঠিকই আছে। অনেকটা বিস্ময়করভাবে এই সংস্করণে ডাক পেয়ে গেছেন সৈয়দ খালেদ আহমেদ। তাকে নেওয়ার কারণ জানিয়ে নির্বাচক নাঈম ইসলাম বললেন, দক্ষিণ আফ্রিকার উইকেট ভাবনায় রেখেই ফেরার দুয়ার খুলেছে এই পেসারের জন্য।
খালেদের মতো লম্বা সময় পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি। মিডল-অর্ডার এই ব্যাটসম্যানকেও এগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। দলে ফেরা আরেক ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখকে নির্বাচকরা পরখ করতে চাইছেন আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে তাকিয়ে।
সবশেষ সিরিজের দল থেকে এবার পরিবর্তন আছে আরও কিছু। তবে সবচেয়ে কৌতূহল জাগানিয়া সিদ্ধান্ত খালেদকে ফেরানোই। লাল বলের ক্রিকেটে গত কয়েক বছর ধরে জাতীয় দলে নিয়মিত হলেও রঙিন পোশাকে তাকে নিয়ে অনেক দিন ধরেই তেমন কোনো আলোচনা শোনা যায়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৪ বছর বয়সী পেসার এখনও পর্যন্ত খেলেছেন মোটে তিনটি ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে খালেদের নামটিই তাই জন্ম দেয় বড়সড় চমকের। ২০২৩ সালে বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ওই সিরিজের দুটি ম্যাচই তার ওয়ানডে অভিজ্ঞতা।
প্রায় তিন বছর পর আবার ওয়ানডে দলে সুযোগ পাওয়ার মতো কোনো পারফরম্যান্সও নেই খালেদের। গত ঢাকা প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে তার শিকার ৯ উইকেট। গত বছরের লিগে ৯ উইকেট নিতে তিনি খেলেন ১০ ম্যাচ।
গত জুনে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৪৫ রানে ৪ উইকেটই শুধু সাম্প্রতিক সময়ে সাদা বলে তার উল্লেখযোগ্য পারফরম্যান্স। ওই ম্যাচের আবার ছিল না লিস্ট ‘এ’ স্বীকৃতি।
তবু খালেদ কেন সুযোগ পেলেন সামনের ওয়ানডে সিরিজে? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তা জানালেন জাতীয় দলের নির্বাচক নাঈম।
“দক্ষিণ আফ্রিকার উইকেটে যদি খালেদকে দেখেন... আমাদের মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেট ও কন্ডিশনে ওয়ানডে ক্রিকেটে খালেদ বেশি কার্যকর হবে। তাই খালেদকে দলে নেওয়া হয়েছে।”
খালেদেরও ছয় মাস আগে সবশেষ ওয়ানডে খেলেন ইয়াসির। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর এই সংস্করণে মাঠে নামা হয়নি তার। তবে সম্প্রতি টি-টোয়েন্টি দলে সুযোগ পান অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটসম্যান। সেই ধারায় এবার খুলল ওয়ানডেতে ফেরার দুয়ার।
ইয়াসিরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে ১৫৭ গড়ে তিনি করেন ১৫৭ রান। তবে এরপর জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত সফরে তিন ইনিংসে করেন মোটে ২১ রান।
মোসাদ্দেকের ফর্মের পড়তির পাশাপাশি ২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫২ রানের ইনিংসটিই পথ করে দিয়েছেন ইয়াসিরের ফেরার।
“মোসাদ্দেক সবশেষ চার-পাঁচটা তেমন ভালো করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে আমাদের মনে হয়েছে ইয়াসির বেশি ভালো করতে পারে। আগেও দক্ষিণ আফ্রিকা সফরে ভালো করেছে। এখন ভালো ফর্মেও আছে। তাই ইয়াসিরকে ফেরানো হয়েছে।”
টপ-অর্ডারেও আছে পরিবর্তন। চলতি এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিতে থাকা সাইফ হাসান জায়গা হারিয়েছেন জাতীয় দলে। গত মাসে সবশেষ ইনিংসেও বিপর্যয় সামলে ৪১ রানের ইনিংস খেছিলেন তিনি।
নির্বাচক নাঈম নিশ্চিত করেছেন, পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি সাইফ। বরং দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে টপ-অর্ডারে নাঈমকে পরখ করতে চায় টিম ম্যানেজমেন্ট।
“নাঈম শেখের গত কয়েক বছরের ঘরোয়া লিস্ট এ পারফরম্যান্স যদি দেখেন... সে যথেষ্ট ভালো করছে। সাইফ যে খারাপ করছে, এমন নয়। সেও আমাদের ভাবনায় আছে ভালোভাবেই। যেহেতু ১১ মাস পর এখানেই (দক্ষিণ আফ্রিকা) বিশ্বকাপ, আমরা চাচ্ছি নাঈম শেখকে যদি দেখতে পারি সে ওখানে কেমন করছে, তাহলে আমাদের জন্য ভালো হবে।”
সব ঠিক থাকলে ওয়ানডে সিরিজেও কিপিং গ্লাভস হাতে দেখা যাবে সাদা বলের অধিনায়ক লিটন কুমার দাসকে। ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে স্কোয়াডে ফিরেছেন জাকের আলি। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান।
দলের সমন্বয়ের পাশাপাশি নানা কারণে এই সংস্করণে টানা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ কখনও পাননি সোহান। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচে তিনি করেন ৬৯ রান। পরে অক্টোবরে ত্রিদেশীয় সিরিজের একমাত্র ইনিংসে ৫ রান করে এবার জায়গা হারালেন দল থেকে।
সোহানের জায়গায় জাকেরকে ফেরানোর ব্যাখ্যায় সাম্প্রতিক সময়ে ‘এ’ দলের হয়ে পারফরম্যান্সের কথা বলেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান নাঈম।
“সোহানকে আমরা আসলে সেভাবে নিয়মিত খেলাতে পারিনি। তবে যখন সুযোগ পেয়েছে আমার মনে হয়, সেটা ওভাবে কাজে লাগাতে পারেনি। জাকের অফ ফর্মের কারণে বাদ পড়েছিল। এরপর সে যখন ‘এ’ টিমে গেল যথেষ্ট ভালো, মানে ফেরার মতো পারফরম্যান্স ছিল। তাই জাকেরকে নেওয়া।”
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হয় রহস্য স্পিনার আলিস আল ইসলামের। কিন্তু প্রথম ম্যাচেই সন্দেহজনক অ্যাকশনে অভিযুক্ত হয় তার বোলিং। তাকে সামনের সিরিজের দলে রাখেনি বাংলাদেশ।
অ্যাকশনে শুধরে এরই মধ্যে ভারতে আইসিসির স্বতন্ত্র ল্যাবে পরীক্ষা দিয়েছেন আলিস। নাঈম বললেন, পরীক্ষার ফল পাওয়ার পর রহস্য স্পিনারকে পরিকল্পনা করবে বাংলাদেশ।
“এখন আমরা আসলে ওকে (আলিস) নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। কারণ যেহেতু একটা রিপোর্ট এসেছে ওর নামে। ও পরীক্ষাও দিয়ে এসেছে। পরীক্ষার ফল যখন আসবে, সেটি দেখে আমরা আবার ওকে নিয়ে চিন্তাভাবনা করব।”
টেস্ট সিরিজ শেষ হওয়ার তিন দিনের মধ্যে কুগুম্পো সিটিতে আগামী ১ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজ। গেবেখা ও কেপ টাউনে পরের দুই ম্যাচ ৩ ও ৭ ডিসেম্বর। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায়।
