ময়মনসিংহে ‘বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে’ স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
সুরুজ জামান ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহত মো. সুরুজ জামান (৩৫) ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বের হন সুরুজ জামান। পথে মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে কয়েকজন তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে সুরুজ জামানের বুকে আঘাত করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থি একটি গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
