ফতুল্লায় বিএনপির দুপক্ষের মারামারি, ভিডিও করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা
এ সময় প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর চালায় এক পক্ষ।
নারায়ণগঞ্জ আদালতের সামনে বিএনপির দুই পক্ষের মারামারির পর প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনার ভিডিও করায় স্থানীয় একটি ডাইং কারখানার এক গাড়িচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন।
নিহত ২৫ বছর বয়সি আবু ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মফিজুল ইসলামের ছেলে। তিনি ডাইং কারখানার গাড়িচালক আবু ইউসুফ তক্কারমাঠের ভাড়া বাসায় থাকতেন।
ইউসুফের স্ত্রী নাহিদা ইয়াসমিন বলেন, সন্ধ্যায় কাজ থেকে ফেরার পর মোবাইলে কল পেয়ে বেরিয়ে যান ইউসুফ। ঘণ্টাখানেক পর এলাকায় মারামারির ঘটনায় আহত হন ইউসুফ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর খবর পান তিনি।
রাত সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা যান বলে জানিয়েছেন তিনি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে একটি অপহরণ মামলার শুনানি শেষে বাদী ও বিবাদিপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেনের ছেলে মামলার বাদী জুয়েল হাওলাদার ও ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ উভয়পক্ষের কয়েকজন আহত হন।
মারামারির ঘটনায় জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও তার লোকজন দেলোয়ারের পক্ষ নেন বলেও অভিযোগ রয়েছে।
এরই জেরে জুয়েল আরমান তার লোকজন নিয়ে তক্কারমাঠ এলাকায় দেলোয়ারের বাড়ির সামনে মহড়া দেন। পরে তারা বাড়িতে ভাঙচুরও চালান।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “হামলার ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করতে দেখে ইউসুফকে ধারাল অস্ত্রের আঘাতে জখম করেন হামলাকারীরা। পরে হাসপাতালে তিনি মারা যান।”
ঘটনার পর দেলোয়ারের ছেলে জুয়েল হাওলাদার ও তাদের লোকজন এলাকায় মহড়া দেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। তবে দেলোয়ার তা অস্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে কৃষক দল নেতা জুয়েল আরমানকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
কুতুবপুরের বিএনপি নেতা দেলোয়ার হোসেনের দাবি, জুনে তাকে তুলে নিয়ে যান জুয়েল আরমানের লোকজন। ওই ঘটনায় তার ছেলে জুয়েল হাওলাদার আদালতে অপহরণ মামলা করেন। মঙ্গলবার ওই মামলার শুনানি শেষে তার ছেলেকে মারধর করা হয়।
“আমার ছেলের সঙ্গে তাঁতী দলের উজ্জ্বলের পরিচয় আছে। ওকে মারধর করছে শুনে উজ্জ্বল সেখানে গেলে তাদের সঙ্গে আরমানের লোকজনের মারামারি হয়। তখন জুয়েল আহত হয়। এর জেরে আমাদের বাড়িতে হামলা চালানো হয়। তখন আমি আর আমার ছেলে বাড়িতে ছিলাম না। থাকলে ওরা আমাদের মেরে ফেলতো হয়ত”, বলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের দাবি, তিনি বা তার পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। আদালতের সামনে দিয়ে যাবার পথে তিনি দুইপক্ষের মারামারি দেখে সেখানে জুয়েল আরমানকে দেখে বিশৃঙ্খলা থামানো চেষ্টা করেন।
রাতে হামলায় নিহত ইউসুফের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুপুরে ইউসুফের বাড়িতে গিয়ে তার স্ত্রী নাহিদা ইয়াসমিনকে কান্নারত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, আট মাস আগে তাদের বিয়ে হয়েছে। এখন তিনি অন্তঃসত্ত্বা।
“অন্যদিন ৯টা-১০টার দিকে বাড়িতে ফেরেন। কিন্তু গতকাল উনি শরীর ভালো না দেখে সন্ধ্যায়ই চলে আসেন। সাড়ে ৭টার দিকে তার কারখানার একজন মোবাইলে কল দেওয়ায় বেরিয়ে যান। পরে শুনি, এলাকায় মারামারি হইছে সেখানে আমার স্বামীর কুপিয়েছে। তারে হাসপাতালে নিছে।”
ইউসুফ রাজনীতির কোনো পক্ষের সঙ্গে জড়িত না জানিয়ে নাহিদা বলেন, “শুনছি, সে নাকি ভিডিও করেছিল। তাই তাকে কোপাইছে।”
এ ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী বলেন, “হামলাকারীরা কোনো রাজনৈতিক দলে জড়িত আছেন কিনা, সেটি বিবেচ্য নয়। অপরাধ যারা করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে।”
তবে বুধবার রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।
