নারায়ণগঞ্জ আদালতে হাজিরা শেষে দুপক্ষের মারামারি, কৃষক দল নেতা আহত
অপহরণের অভিযোগে একটি মামলার জামিন শুনানি শেষে বাদী ও বিবাদির মধ্যে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে অপহরণের অভিযোগে একটি মামলার জামিন শুনানির পর দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ফতুল্লা থানা কৃষক দলের নেতাসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিপরীত পাশে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন।
আহতদের মধ্যে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অপহরণ মামলার বাদী জুয়েল হাওলাদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগে একটি মামলা করা হয়। সেই মামলায় আদালতে জামিন আবেদন করেন কৃষক দল নেতা জুয়েল আরমান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষে বের হওয়ার পর তাদের মধ্যে মারামারির ঘটনাটি ঘটে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
তিনি বলেন, “অপহরণ মামলার শুনানিতে উভয়পক্ষই আদালতে হাজির হয়েছিলেন। মামলার শুনানি শেষে বেরিয়ে গিয়ে তারা মারামারি করেছেন বলে জেনেছি। পরে একপক্ষ আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক অভিযোগও করেন।”
ঘটনার সময় সেখানে জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলও ছিলেন। দেলোয়ার হোসেন ও তার ছেলের সঙ্গে উজ্জ্বলের সখ্যতা রয়েছে। দেলোয়ারের পক্ষে উজ্জ্বলের লোকজনও মারামারিতে অংশ নেয় বলে অভিযোগ জুয়েল আরমানের অনুসারীদের।
যদিও সিদ্দিকুর রহমান উজ্জ্বল এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার বাড়ির অদূরে ঘটনাটি ঘটে। রাস্তা দিয়ে যাবার পথে তিনি মারামারি দেখে উভয়পক্ষকে থামানোর চেষ্টা করেন।
আহত জুয়েল আরমানের সঙ্গে থাকা মো. রাসেল বলেন, অপহরণ মামলায় হাজিরা শেষে অটোরিকশার জন্য অপেক্ষমাণ থাকা অবস্থায় তাদের ওপর হামলা চালান দেলোয়ার, তার দুই ছেলে ও সহযোগীরা।
দেলোয়ার হোসেনের অভিযোগ, গত জুনে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ঘটনায় পরে আদালতে একটি মামলা করেন তার ছেলে জুয়েল হাওলাদার।
“মামলায় জুয়েল আরমান আদালতে জামিন চেয়ে আবেদন করলে সেখানে আমার ছেলে ও লোকজন উপস্থিত ছিল। তারা কোর্ট থেকে বেরিয়ে চা খাওয়ার জন্য দাঁড়ালে আরমান ও তার লোকজন হামলা চালায়”, বলেন তিনি।
স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও রাজনৈতিক বিরোধের কারণে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় একটি মামলায় আসামি করা হয়েছিল বলে জানান দেলোয়ার।
সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেননি বলে জানিয়ে ফতুল্লার ওসি মাহবুব আলম বলেন, “জুয়েল আরমান মৌখিকভাবে থানায় এসে অভিযোগ করেছেন।
“উভয়পক্ষই শুনানি শেষে মারামারি করেছেন বলে জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
