০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে মাদক সেবনে বাধা, সহোদরকে কুপিয়েছে মাদকসক্তরা

হামলায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে কারাগারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 12:18 AM

Updated : 09 Nov 2026, 12:22 AM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজেদের সুপারি বাগানে বসে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকাসক্তরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহায়তায় আটক দুই যুবককে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে রায়পুর পৌরসভার মধুপুর মিঝি বাড়ির এলাকার একটি সুপারি বাগানে এ হামলার ঘটনা ঘটে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার এসআই মেহের আলী জানান।

আহতরা হলেন- রায়পুর বাজারের কসমেটিকস ব্যবসায়ী রিয়াজ ভূঁইয়া ও তার সহোদর কাতার প্রবাসী রাকিব ভূঁইয়া। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- মধুপুর গ্রামের কসাই বাড়ির আক্তার হোসেনের ছেলে মুরাদ হোসেন ও শাওন হোসেন।

এই মামলায় নাম থাকা অন্য আসামিরা হলেন- সাগর হোসেন, তারেক হোসেন ও রকি হোসেন।

মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার জমি পরিমাপের কাজ দেখতে নিজেদের বাগানে যান রিয়াজ ও তার ভাই রাকিব। সেখানে আসামিদের মাদক সেবন করতে দেখে তাদের চলে যেতে বলেন দুই ভাই। এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ ফোনে তার সহযোগীদের ডেকে আনেন।

পরে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রিয়াজ ও রাকিবকে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মুরাদ ও শাওনকে ধরে পুলিশে দেন।

চিকিৎসাধীন রিয়াজ ভূঁইয়া অভিযোগ করেন, “মাদক সেবনে বাধা দেওয়ায় চিহ্নিত মাদকাসক্তরা আমাদের হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।”

ঘটনায় রায়পুর থানায় পাঁচজনের নাম দিয়ে ও অজ্ঞাত আটজনকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানান রায়পুর বাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও আহতদের ভগ্নিপতি ইব্রাহিম খান।