২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ‘জমির বিরোধে’ বিএনপি নেতাকে কুপিয়ে জখম

গুরুতর অবস্থায় খালেককে ঢাকায় নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 12:19 AM

Updated : 26 Nov 2026, 12:19 AM

বরিশালের হিজলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউপির চর ছয়গাঁও গ্রামের ইটভাটায় এ ঘটনা ঘটে বলে হিজলা থানার ওসি মো. সোলায়মান জানিয়েছেন।

আহত আবদুল খালেক মাঝি হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

খালেকের ভাই যুবদল নেতা ছাত্তার মাঝি বলেন, “আমাদের পৈতৃক জমি ইটভাটায় ইজারা দিয়েছি। একই এলাকার কয়েকজন ভুয়া কাগজপত্র তৈরি করে সেই জমি নিজেদের দাবি করে দখল করতে যান। তখন বড় ভাই বাধা দিলে তাকে কুপিয়ে জখম করা হয়।”

গুরুতর অবস্থায় খালেককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি সোলায়মান বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা পালাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।