২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরের সংসারের ইতি টানার ঘোষণা ন্যান্সির

“বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি,” লিখেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 12:03 AM

Updated : 26 Nov 2026, 12:03 AM

গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি লিখেন, “মেহেদী ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল।

“বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন, “যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝা, সম্মান দেখানো এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।”

ন্যান্সির ভাষ্য, “জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে বরণ করে নিতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

বিষয়টি নিয়ে নাজমুন মুনিরা ন্যান্সির মোবাইল ফোন নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

গানের সূত্র ধরেই ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয় ও ঘনিষ্ঠতা হয়েছিল। ২০২১ সালের অগাস্টে পারিবারিক আয়োজনে তাদের আংটি বদল ও বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

মহসিন মেহেদীর সঙ্গে এটি ন্যান্সির তৃতীয় সংসার। তাদের এক মেয়ে রয়েছে।

এর আগে ২০০৬ সালে ভালোবেসে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন এই শিল্পী। ২০১২ সালের ২৪ মে তাদের বিচ্ছেদ ঘটে; ওই সংসারেও তাদের মেয়ে রয়েছে।

পরবর্তীতে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে বন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। বিচ্ছেদ হয় ২০২১ সালে। ওই সংসারেও এক মেয়ে রয়েছে।

২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হয় নাজমুন মুনিরা ন্যান্সির। এরপর ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’, ‘দ্বিধা’, ‘এতো দিন কোথায় ছিলে’, ‘বুকের ভিতর’, ‘স্পর্শ’, ‘দু দিকে বসবাস’, ‘আকাশ হতে আমি চাই’, ‘ভালো না বাসলে কি বুঝা যায়’, ‘ডানা কাটা পরী’, ‘তুমি আমার জীবন’, ‘প্রেমিকা’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘ঝগড়ার গান’, ‘তুমি পাশে থাকলে’, ‘মেঘের ভেলায়’, ‘কতটা ভালোবাসি’, ‘ভালোবাসার রঙ’ ও ‘নিঃশ্বাস’-সহ বহু গান করেন।

‘প্রজাপতি’ সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এ শিল্পী।

তার একক অ্যালবামের মধ্যে রয়েছে ‘ভালোবাসা অধরা’, ‘রঙ’, ‘মায়াবি আকাশ নীল’ ও ‘ভালোবাসো বলে’।