১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সেই বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা ফুটবলারের আনন্দময় বিদায়

২০১৬ সালের ওই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া আলান হুশের বিদায়ী ম্যাচ জিতে ব্রাজিলের শীর্ষ লিগে ফিরেছে তার শৈশবের ক্লাব।

সেই বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা ফুটবলারের আনন্দময় বিদায়

ম্যাচের আগে আলান হুশেকে কাঁধে করে স্টেডিয়ামের ভেতরে নিয়ে আসে ভক্তরা। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 01:43 AM

Updated : 16 Nov 2026, 01:43 AM

১০ বছর আগে শাপেকোয়েন্সে ফুটবল দলকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফেরা আলান হুশের ফুটবল থেকে বিদায়টা হয়েছে স্মরণীয়। অভিজ্ঞ এই ডিফেন্ডারের বিদায়ী ম্যাচ জিতে ব্রাজিলের শীর্ষ লিগে ফিরেছে তার শৈশবের ক্লাব জুভেনতুজি।

২০১৬ সালে কলম্বিয়ায় ঘটা সেই বিমান দুর্ঘটনায় ৭১ জন মানুষ প্রাণ হারান, যার মধ্যে ছিল শাপেকোয়েন্সের ১৯ জন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্য। সেই ভয়াবহ দুর্ঘটনায় বেঁচে যাওয়া মাত্র ছয় জনের একজন হুশে।

গুরুতর আঘাত ও মেরুদণ্ডে অস্ত্রোপচারের পরও, এক বছর পর হুশে ফুটবলে ফেরেন। ২০২৩ সালে পুনরায় যোগ দেন শৈশবের ক্লাব জুভেনতুজিতে। আর এই ক্লাবের হয়েই ব্রাজিলিয়ান ফুটবলের শীর্ষ লিগ সেরি আ-তে ওঠার মাধ্যমে ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

ম্যাচের ৭৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন হুশে। বতাফোগোর বিপক্ষে তার দল জেতে ২-০ গোলে। ম্যাচ শেষে ক্লাবের আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে আবেগঘন বিদায়ী মুহূর্তের সাক্ষী হন তিনি। মাঠের চারপাশ ঘুরে দর্শকদের ভালোবাসার জবাব দেন তিনি।

ম্যাচের আগে ভক্তরা তাকে কাঁধে করে স্টেডিয়ামের ভেতরে নিয়ে আসে। তখন বেশ উল্লাসিত দেখা যায় তাকে।

ম্যাচ শেষে একটি ব্রাজিলিয়ান টেলিভিশন চ্যানেলকে হুশে বলেন, “২০০৭ সালে যখন আমি এই ক্লাবে আসি, তখন এটি সেরি আ-তে ছিল; আর আজ ক্লাবটিকে শীর্ষ লিগে রেখেই আমি বিদায় নিচ্ছি।

“আমার শরীর আর সাড়া দিচ্ছিল না। হাঁটুতে পরপর দুটি অস্ত্রোপচার হয়েছে, তাই নিজের শরীরের সঙ্গেই যেন লড়াই করতে হচ্ছিল। মাঠে থাকাটা সবসময়ই আনন্দের, কিন্তু এখন আর শরীর সায় দিচ্ছে না।”

অবসরের ঘোষণা দিয়ে ম্যাচের আগের দিন সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে সেই বিমান দুর্ঘটনার কথা স্মরণ করেন হুশে।

“ফুটবল আমাকে দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছে, কিন্তু জীবন আমাকে এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা আমি কখনও কল্পনাও করিনি। ২০১৬ সালের ২৯ নভেম্বর, এমন একটি দিন, যা আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। আমি হারিয়েছি আমার বন্ধু, সঙ্গী এবং এমন মানুষদের, যাদের সঙ্গে স্বপ্ন ও পরিকল্পনা ভাগ করে নিয়েছিলাম।

“সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন (বেঁচে থাকার)। জানতাম না যে, আর কখনও ফুটবল খেলতে পারব কি না। তবে বিশ্বাস করতাম যে, যখন আমি বেঁচে গেছি, তাহলে আমার জীবনের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর আজ, বিদায় জানানোর মুহূর্তটি নিজে বেছে নেওয়ার সুযোগ পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের।”

হুশের শেষটা আনন্দময় হলেও, তার সাবেক ক্লাবের ভাগ্য ভিন্ন। শীর্ষ লিগে মাত্র এক মৌসুম কাটানোর পর শাপেকোয়েন্সের অবনমন হয়েছে, তাদের জায়গায় সেরি আ-তে জায়গা করে নিয়েছে জুভেনতুজি।

শাপেকোয়েন্সে এখন সেরি বি-তে ফিরে যাবে; এই মৌসুমে তারা ৩৪ ম্যাচের মধ্যে কেবল চারটিতে জিতেছে।