১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

খাওয়াজার অভিযোগ উড়িয়ে নিজেকে নির্দোষ দাবি স্টার্কের

আট বছর আগে যা বলেছিলেন, পাঁচ বছর আগে যে কথার পুনরাবৃত্তি করেছিলেন, নতুন করে বিতর্ক শুরুর মাঝেও তাতে অটল থাকলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার।

খাওয়াজার অভিযোগ উড়িয়ে নিজেকে নির্দোষ দাবি স্টার্কের

মিচেল স্টার্ক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 06:58 PM

Updated : 10 Nov 2026, 06:58 PM

নিজের অবস্থান থেকে একটুও সরেননি মিচেল স্টার্ক। আট বছর আগের সেই কেপ টাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি নতুন করে সামনে আসার পর, মাঠে সিরিষ কাগজ ব‍্যবহারের তথ‍্য জানার কথা ফের উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসার।

আত্মজীবনীর কিছু অংশ গত শনিবার ‘নাইন নিউজপেপার্স’-কে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন উসমান খাওয়াজা। ২০১৮ সালের ওই ঘটনা নিয়ে যেন বোমা ফাটান তিনি। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার বলেন, প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় টেস্টের ওই ঘটনায় জড়িত ছিল পুরো দল। এমনকি ওই ম্যাচের আগের টেস্টেও নাকি বলে সিরিষ কাগজ ব্যবহার করেছিলেন তারা।

বিস্ফোরক মন্তব্য করে তোপের মুখে পড়া খাওয়াজার পাশে দাঁড়ান ডেভিড ওয়ার্নার। ওই ঘটনায় শাস্তি পাওয়া অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার বলেন, তার ছোটবেলার বন্ধু খাওয়াজা ‘শতভাগ সত্য’ তুলে ধরেছে।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় খেলা সেই সিরিজের প্রতিষ্ঠিত চার বোলারের প্রথম জন হিসেবে খাওয়াজার দাবি নিয়ে মন্তব‍্য করলেন স্টার্ক।

২০২১ সালে ক‍্যামেরন ব‍্যানক্রফট এক সাক্ষাৎকারে দাবি করেন, এটা ‘পরিষ্কার’ যে বোলাররা বল টেম্পারিংয়ের ব‍্যাপারটা জানতেন। এরপর দীর্ঘ দিনের সতীর্থ তিন বোলার প‍্যাট কামিন্স, জশ হেইজেলউড ও ন‍্যাথান লায়নের সঙ্গে যৌথভাবে একটি বিবৃতি দিয়ে তা জানার কথা অস্বীকার করেন স্টার্ক।

সেই বিষয়ে স্টার্ক তার আগের অবস্থানেই আছেন। বাঁহাতি এই পেসার আভাস দিলেন, খাওয়াজার বই ‘হয়তো’ তিনি পড়বেন না। ভবিষ‍্যতে এই সতীর্থের সঙ্গে সম্পর্ক কেমন হবে, সেটা নিয়েও সন্দিহান তিনি।

“সত্যি বলতে, আমি খুব একটা মাথা ঘামাইনি। অবশ‍্যই আট বছর আগের ঘটনা নিয়ে ভিন্নমত আছে। সেই সময় এবং এরপরও পুরো প্রক্রিয়াটি নিয়ে আমাদের কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছিল। আমি সব বোলারের পক্ষ হয়ে কথা বলছি না, তবে নিজের অবস্থান থেকে বলতে পারি, আমার মতামত বিন্দুমাত্র বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সেই বক্তব্যে আমি এখনও অটল আছি।”

পুরো দল ওই পরিকল্পনার কথা জানত কি না, জানতে চাইলে সেই পুরনো কথাই বলেন স্টার্ক।

“সেটা একটা বইয়ে লেখা আছে। ওটা অন্য কারও আরও বিস্তারিত ব্যাখ্যা করা উচিত। আমাদের বিবৃতিতে (২০২১ সালে) আমরা যা বলেছিলাম- মাঠে কোনো কিছু নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা কেপ টাউনের বড় পর্দায় এটি প্রথম দেখতে পাই।

“আমি আগেই যেমন বলেছি, পাঁচ বছর আগে আমি যা বলেছিলাম এবং সে সময়, অর্থাৎ আট বছর আগে যা বলেছিলাম, আমি এখনও সেই কথাতেই অটল থাকব। পরিষ্কারভাবে, একেক জনের একেক রকম বক্তব্য রয়েছে।"

দ্বিতীয় টেস্টেও তারা সিরিষ কাগজ ব‍্যবহার করেছিল, খাওয়াজার এই দাবি প্রমাণের ভার তার ওপরই ছাড়লেন স্টার্ক।

“ওই ঘটনা (কেপ টাউন টেস্টে) ঘটার বিষয়ে আমি প্রথম ওখানেই জানতে পারি… বিষয়টি ব‍্যাখ‍্যার ভার আমি আমি লেখকের ওপরই ছেড়ে দিচ্ছি।”

ওই ম্যাচে খেলা এখনও সক্রিয় খেলোয়াড়দের মধ‍্যে ব‍্যানক্রফট ও লায়ন এখন শেফিল্ড শিল্ডে খেলছেন। বুধবার মাঠে নামবেন তারা। আর এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন স্টিভেন স্মিথ। আগামী সপ্তাহে সিডনি ফিরবেন তিনি।