২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

একজন ‘সুজাতার’ জন্ম দিয়েছে এফডিসি: ‘রূপবান’ খ্যাত নায়িকা সুজাতা আজিম

“চলচ্চিত্রে আগে ছিল কাঁচা ঘর পাকা মাস্টার, এখন পাকা ঘর কাঁচা মাস্টার।“

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 09:24 PM

Updated : 26 Nov 2026, 09:24 PM

কিংবদন্তি জুটি উত্তম-সুচিত্রার চলচ্চিত্র দেখতে সিনেমা হলে যেতেন সুজাতা আজিমের মা বীণাপানি মজুমদার। সেই ষাট দশকের কথা। সিনেমা দেখার সময়ে ভাবতেন, তার কোনো একটি সন্তান যদি এমন তারকা হতে পারত। মায়ের সেই

স্বপ্ন সত্যি করেছেন মেয়ে রূপবান খ্যাত নায়িকা সুজাতা আজিম।

কুষ্টিয়ায় জন্ম ও বড় হওয়া সুজাতার, পারিবারিক নাম তন্দ্রা মজুমদার। তার মা ২৯ বছর বয়সে বিধবা হয়েছিলেন। ১৯৬২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় সন্তানদের নিয়ে ঢাকায় চলে আসেন। সুজাতা তখন ছোট।

ঢাকায় এসে প্রথমে শাঁখারী বাজারে, পরে হাতিরপুলের এক বাড়িতে ওঠেন তারা। বাড়িওয়ালির ভাইয়ের মাধ্যমে নাটকে সুযোগ পান সুজাতা।

এরপর পরিচালক সালাউদ্দিনের 'ধারাপাত' সিনেমা দিয়ে চলচ্চিত্রে আসা। সালাউদ্দিনের পরের লোককাহিনির সিনেমা 'রূপবান' দিয়ে তন্দ্রা মজুমদার হলেন সুজাতা। লোকগাঁথা সিনেমায় রাতরাতি খ্যাতি পেলেও তাতেই কেবল আটকে থাকেননি তিনি। সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রসহ সব ঘরানায় নিজেকে মেলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্লিটজের সাক্ষাৎকার সিরিজ 'আড্ডানামা'র সপ্তদশ পর্বে অতিথি হয়ে এসেছিলেন সুজাতা।

সেখানে তিনি গল্প করেছেন সহশিল্পী ও জীবনসঙ্গী নায়ক আজিমের সঙ্গে যৌথ পথচলা, এফডিসির সোনালি দিনের একাত্মতা আর একাত্তরের উত্তাল সময়ের কঠিন অভিজ্ঞতা নিয়ে। তিনি বিশ্বাস করেন, এফডিসি ছিল বলেই তিনি ‘নায়িকা সুজাতা’ হতে পেরেছিলেন তিনি।

পাশাপাশি বাংলা চলচ্চিত্রের স্মৃতি, শৃঙ্খলা আর বর্তমান সময়ের নানা অনুভূতির কথাও তুলে ধরেছেন কিংবদন্তি এই অভিনেত্রী।

‘আড্ডানামা’ সঞ্চালনা করেছেন মঞ্চের অভিনেত্রী নিকিতা নন্দিনী। গ্লিটজের এ আয়োজনে সহযোগিতা করেছে আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল।

আগের ষোলো পর্বে অতিথি হয়েছিলেন অভিনেতা আবুল হায়াত, মামুনুর রশীদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, গীতিআরা সাফিয়া চৌধুরী, শামীম আজাদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী সানজিদা প্রীতি, অভিনেতা শ্যামল মাওলা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেত্রী আশনা হাবীব ভাবনা ও নৃত্যশিল্পী শিবলী মহম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের পাশাপাশি ফেইসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে এ অনুষ্ঠান।

'আমার তিন সত্তা'

পেছনে ফিরে তাকালে কেমন লাগে জানতে চাইলে বর্ষীয়ান অভিনেত্রী সুজাতা বলেন, পেছন ফিরে তাকাতে খুব একটা আগ্রহী নন তিনি। তবে সময়ের অমিল দেখলে মাঝেমধ্যে তাকাতে হয়।

তন্দ্রা মজুমদার, পরিচালক সালাউদ্দিনের দেওয়া নাম সুজাতা আর ব্যক্তিজীবনের সুজাতা আজিম- এই তিন সত্তার মধ্যে কোনটি সবচেয়ে আপন, জানতে চাইলে সুজাতা আজিম বলেন, তিনটিই তিনি।

"তিনটা সত্তা কিন্তু আমি। তন্দ্রাও আমি, সুজাতা আমি, সুজাতা আজিমও আমি। তো তিনটা সত্তাকে যদি এক করি তাহলে আমি আমাকে দেখি।"

‘মা ভীষণ সংস্কৃতিমনা ও উদার মনের মানুষ ছিলেন’

মা বীণাপানি মজুমদারের সিনেমা দেখার নেশা ও উত্তম-সুচিত্রাকে ঘিরে স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, “প্রচুর সিনেমা দেখতেন, বিশেষ করে উত্তম-সুচিত্রার ছবিগুলো। তার মনে একটা সুপ্ত স্বপ্ন ছিল আমার একটি ছেলে যদি উত্তম কুমারের মত আর একটি মেয়ে সুচিত্রা সেনের মত হত, তবে তিনি খুব তৃপ্তি পেতেন।”

শৈশবে নাচ-গানের পাশাপাশি সুজাতা ছিলেন ভীষণ দুষ্টু প্রকৃতির। স্মৃতিচারণ করে তিনি বলেন, “ছোটবেলায় আমি নাচ-গান করতাম। তবে নিজের দুষ্টুমির কারণে গানটা আর শেখা হয়নি। কারও বাগানের আম, বরই চুরি করাই ছিল তখনকার আনন্দ।

“১৯৬২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় কুষ্টিয়ার পাশেই নবদ্বীপ বর্ডার থাকা সত্ত্বেও মা কলকাতায় না গিয়ে আমাদের সাত ভাইবোনকে নিয়ে ঢাকায় চলে আসেন। প্রথমে বড় ভাইয়ের বন্ধুর মাধ্যমে শাঁখারী বাজারে উঠি, পরে হাতিরপুলে বাসা নিই।”

হাতিরপুলের সেই ভাড়া বাড়ির সূত্র ধরেই নাটকে সুযোগ পান তিনি।

তার ভাষায়, “হাতিরপুলে আমরা যে বাসায় উঠেছিলাম, সেই বাড়িওয়ালির আলী নামের এক ভাই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। মা তাকে বললেন, ‘বাবা, তুমি তো নাটক করো, আমার মেয়েটাকে একটু নাটকে নেওয়া যায় কি না দেখো না।’”

পরিচালক আমজাদ হোসেনের সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেন আলী।

সুজাতা বলেন, “তখন আমজাদ ভাই একটা বই (সিনেমা) করছিল আর কী, আমজাদ হোসেন ডাইরেক্টর। তার কাছে আমাকে নিয়ে গেল। আমজাদ ভাই আমাকে দেখে পছন্দ করলেন, আমাকে তার নাটকে হিরোইন করল আর কী। তো আমি করলাম।”

সেসময় পরিচালক সালাউদ্দিন 'ধারাপাত' চলচ্চিত্রের জন্য নায়িকা খুঁজছিলেন। কীভাবে তার কাছে পৌঁছালেন সেই গল্প করলেন সুজাতা আজিম।

"সালাউদ্দিন সাহেব, রূপবানখ্যাত ডাইরেক্টর, উনি একটা নায়িকা খুঁজছিলেন 'ধারাপাত' জন্য আর কী তখন। তো আমজাদ ভাই নাকি সালাউদ্দিন সাহেবকে বলেছিলেন যে, ‘স্যার একটা মেয়ে আসছে তন্দ্রা মজুমদার। যদি আপনি পছন্দ করেন, করতে পারেন, মেয়েটা ভালো’। তো উনি এসে ওই নাটকটা দেখলেন আর কী।

‘নাটকটা দেখার পর আমাকে পছন্দ করলেন।”

এরপর 'ধারাপাত' দিয়েই তার সিনেমা শুরু। মায়ের স্বপ্ন তার মধ্য দিয়েই পূরণ হয়েছিল বলে মনে করেন তিনি।

'রূপবান' সিনেমার গল্প জানতে চাইলে সুজাতা আজিম স্মৃতি হাতড়ে বেড়ান সেই পূর্ব পাকিস্তানের সময়ে।

তিনি বলেন, “'ধারাপাত'-এর পরও তখন পূর্ব পাকিস্তানে উর্দু সিনেমার হিড়িক চলছিল।

পরিচালক সালাউদ্দিনকে তিনি মামা ডাকতেন। ভাষা আন্দোলনের স্মৃতি টেনে মামা কী বলেছিলেন, তা বলেন সুজাতা।

“একদিন সালাউদ্দিন মামা আমাদের ডেকে বলেন, ‘উর্দু চলচ্চিত্র চলছে, অথচ ’৫২-তে ছাত্ররা ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে। তাদের আত্মত্যাগের ঋণ আমরা কীভাবে শোধ করব? ভাষা নিয়ে খেলা করায় তাদের আত্মা কাঁদছে।

“আমি একটি লোকগাঁথা সিনেমা বানাব।” লোকগাঁথা দর্শক নেবে কি না—এমন প্রশ্নে তার বিশ্বাস ছিল, ভালো ও নতুন কিছু হলে দর্শক তা লুফে নেবে।

‘লোকগাঁথা’ ঘরানার সিনেমার সিদ্ধান্ত, নায়িকা নির্বাচন ও শুটিং প্রসঙ্গে সুজাতা বলেন, “সালাউদ্দিন মামা ‘রূপবান’ বেছে নিয়ে ক্যামেরা টেস্ট করেন। ১২ দিনের শিশুর সঙ্গে ১২ বছরের মেয়ের বিয়ের গল্পে একাব্বর বাদশাহর ছেলের বিপরীতে নিষ্পাপ মুখের নায়িকা খোঁজা হচ্ছিল। টেস্ট শেষে আমাকে নির্বাচিত করা হয় এবং দেড় মাস সিলেটের ফেঞ্চুগঞ্জে শুটিং চলে।”

সেখানকার শুটিংয়ের কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, “তখন যাতায়াত ও রাস্তাঘাট ভালো ছিল না; সকালে রওনা দিলে দুপুর ২টায় পৌঁছাতাম, তাই শুটিংয়ের সময় কম পেতাম। বনবাসের দৃশ্যের জন্য ঘন জঙ্গলে দেড় মাস কাজ করেছি।”

ঢাকায় ফেরার পর এফডিসিতে যে ধরনের কটাক্ষ শুনতে হত, তা তুলে ধরে সুজাতা বলেন, “ফিরে এসে এফডিসিতে ঢুকতে গেলে অনেকে বলত, “এটা তো যাত্রার নায়িকা, এফডিসিতে কেন ঢুকবে?’”

যাত্রাকে অবমূল্যায়নের বিরোধিতা করে তিনি বলেন, “যাত্রা ও পালাগান আমাদের সংস্কৃতির প্রথম ধাপ; এগুলো না থাকলে নাটক বা সিনেমা হতো না। যে যাত্রাকে মুকুটের মত মাথায় রাখার কথা, আমরা তাকে পায়ের নিচে নামিয়েছি। আমি গর্বিত যে একমাত্র নায়িকা হিসেবে যাত্রা, নাটক, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই কাজ করেছি।

“আমাকে দেখে বলত ‘এই দেখ যাত্রার হিরোইন যায়, যাত্রার হিরোইন যায়।’ যাত্রার হিরোইন বললে কিন্তু আমার অসুবিধা ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে কটাক্ষ করে বলাটা একটা আলাদা কথা হয়ে যায়।”

'রূপবান' প্রচারের পরে সেই সংগ্রাম কেমন ছিল, জানতে চাইলে সুজাতা বলেন, এই সিনেমা থেকেই তন্দ্রা মজুমদার হলেন সুজাতা।

যাত্রার নায়িকা বলে যখন তাচ্ছিল্য করা হত, তখন পরিচালকের কাছে কষ্ট লাগার কথা বলেছিলেন সুজাতা।

সেসময় পরিচালক সালাউদ্দিন বলেছেন, “তো আমি যখন 'রূপবান'-এর কথা বললাম তখন মামা বললেন যে, ‘দেখো না যদি এই বইটা সুপারহিট যখন হবে তখন দেখবা যারা তোমাকে বলছে তারাই তোমার কাছে এসে টাকার থলি নিয়ে দাঁড়ায় থাকবে যে আমার বইটা করো।’ তো আমি না তখন অতটা বিশ্বাস করিনি। আমার কাছে খুব খারাপ লাগত। ওড়না-টোড়না দিয়ে একদম মুখটুখ নাক ঢেকে আমি এফডিসিতে ঢুকতাম। আবার ওই ওড়না দিয়ে মুখ ঢেকে এফডিসি থেকে বের হতাম।"

সিনেমা মুক্তির পরের অবস্থা নিয়েও কথা বলেন সুজাতা।

"তারপর বইটা (রূপবান) রিলিজ হল। আর তখন আমরা তো এত টাকার পিছনে ঘুরিনি, আমরা খালি কোন অভিনয়টা কোন ক্যারেক্টারটা ভালো, কোন চরিত্রটা ভালো, কোনটা করলে আমাদের নাম হবে সেইদিকে আমরা ছোটাছুটি করতাম আর কী। 'রূপবান' রিলিজ হল। কয়টা হলে বলতে পারবো না। আমি যতদূর জানি যে, উনি দেড় লাখ টাকা দিয়ে বইটা শেষ করেছেন। পরে শুনেছি যে ওটা নাকি ৬০ লাখ টাকা লাভ করেছে আর কী।"

একের পর এক সিনেমার প্রস্তাব পান সুজাতা। যারা তাকে 'যাত্রার হিরোইন' বলতেন, তাদের সিনেমাতেও কাজ করেন তিনি।

‘রূপবান’ মুক্তির পর গ্রাম থেকে ভক্তরা সবজি, চাল, মাছ নিয়ে আসতেন তার বাড়িতে।

‘রূপবান’ সিনেমার একটি গানে বাঁশ ধরে কান্না করেছিলেন সুজাতা। সেই বাঁশ নিলামে বিক্রি হওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, “একদিন সালাউদ্দিন মামা আমাকে বললেন, ‘সুজাতা, একটা গল্প শোনো। তুমি যে বাঁশটা ধরে কাঁদছিলে, ‘আমার নিদারুণ শ্যাম তোমায় নিয়ে বনে আসিলাম’ গানের দৃশ্যে, এক-দুই আনা দামের সেই বাঁশটা নিলামে ৩৬০ টাকায় বিক্রি হয়েছে।’”

দৃশ্যটির প্রেক্ষাপট তুলে ধরে সুজাতা জানান, রূপবান তার চেয়ে ১২ বছরের ছোট স্বামী রহিমকে বনবাস থেকে ফিরিয়ে নিতে একাব্বর বাদশাহর কাছে কথা দিয়েছিল। কিন্তু রহিম ততদিনে সমবয়সী রাজকন্যা তাজেলের প্রেমে পড়ে যায়, সেই বিরহের মুহূর্তেই গানটি গাওয়া হয়েছিল।

সুজাতা আজিম আরও জানিয়েছেন, বছর তিন-চার আগে শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে এক দর্শক তাকে ডেকে সেই বাঁশের কথা বলেন।

তার ভাষায়, “অনুষ্ঠানে আমার দুই সিট পর বসা এক ভদ্রলোক আমাকে ডেকে বললেন, ‘আপা, আপনি আমাকে চিনবেন না, তবে একটা কথা বললে চিনবেন। আপনি যে বাঁশটা ধরে গান গেয়েছিলেন, নিলামে ৩৬০ টাকা দিয়ে সেই বাঁশটা আমি কিনেছি।’”

কৌতূহলবশত সুজাতা হেসে জানতে চেয়েছিলেন, বাঁশটি কি এখন চুলায় দিয়ে দিয়েছেন? জবাবে সেই ভক্ত বলেন, “না, আমি কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে সেটি আমার মাথার কাছে রেখে দিয়েছি।”

ভক্তের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে সুজাতা বলেন, “এরাই হলো প্রকৃত ভক্ত। জীবনে আমি যে ভক্ত পেয়েছি, তাঁদের কোনো তুলনা হয় না।”

'আগে ছিল কাঁচা ঘর পাকা মাস্টার'

পঞ্চাশ ও ষাট দশকের দিকে এফডিসি ছিল এক যৌথ পরিবারের মত। তখনকার ও এখনকার সময়ের পার্থক্য নিয়ে সুজাতা বলেন, “পৃথিবী এখন অনেক দ্রুত এগিয়ে গেছে। এখনকার আধুনিক চরিত্রে অভিনয় করতে হলে আমাকে অবশ্যই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, আগের মত থাকলে চলবে না।”

সে সময় নায়িকারা সবাই এফডিসিতে সেট তৈরি করে শুটিং করতেন। ওই স্মৃতিচারণ করে তিনি বলেন, “তখন উত্তরা বা গুলশানে বাড়ি ভাড়া নিয়ে শুটিং হত না। কবরী, শাবানা, ববিতা, সুচন্দা আমরা সবাই এফডিসিতেই শুটিং করতাম। একসঙ্গে আড্ডা দিলে বোঝাই যেত না কে কোন ফ্লোরে কাজ করছে। এখনকার মত একে অপরকে এড়িয়ে চলার বিষয়টি তখন ছিল না।”

তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকলেও কোনো হিংসা ছিল না বলে দাবি করেছেন সুজাতা।

সেই পারিবারিক বন্ধনের অভাব ‘এখন প্রকট’ মন্তব্য করে তিনি বলেন, “আমি সবসময় বলি, আগে ছিল ‘কাঁচা ঘর, পাকা মাস্টার’, আর এখন হয়েছে ‘পাকা ঘর, কাঁচা মাস্টার’। আমাদের পরিচালকেরা আমাদের গড়ে তুলেছিলেন।”

‘এফডিসি জন্ম দিয়েছে সুজাতাকে’

এফডিসিকে নিজের ‘দ্বিতীয় ঘর’ বলে মানেন সুজাতা। সংস্কৃতি অঙ্গনের নেতাদের কাছে এফডিসিকেন্দ্রিক একটি অভিনয় স্কুল গড়ার প্রস্তাব রেখেছিলেন তিনি।

তার ভাষায়, “আমি নেতাদের বলেছিলাম, আপনারা এত দামি ইনস্টিটিউট গড়ছেন, অথচ আমাদের এফডিসিই তো সবচেয়ে বড় স্কুল ও সেকেন্ড হোম। আমি এখনো বলি, আমার জন্মদাতা বাবা তন্দ্রা মজুমদারকে জন্ম দিয়েছেন, আর এফডিসি জন্ম দিয়েছে সুজাতাকে। এফডিসি না থাকলে সুজাতা, কবরী বা শাবানা কেউই হত না। তাই এখানে একটি প্রাথমিক অভিনয় বিদ্যালয় গড়ে তুললে দারুণ হত।”

এফডিসির আর্থিক দুরবস্থা কাটানো এবং জ্যেষ্ঠ শিল্পীদের সম্মানের সঙ্গে উপার্জনের ভাবনা তুলে ধরে সুজাতা বলেন, “এফডিসিতে স্কুল হলে এবং কবরী, শাবানা, রাজ্জাক, সুজাতা, সুচন্দার মত শিল্পীরা শিক্ষক থাকলে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হতে আসত।

“এতে এফডিসির আর্থিক সংকট কাটত এবং কর্মচারীদের বেতন দেওয়া সহজ হত। পাশাপাশি বয়স হয়ে যাওয়ায় আমরা যারা এখন কাজ করতে পারি না, আমাদেরও একটা হাতখরচের ব্যবস্থা হত।”

বয়সকালে অন্যের ওপর নির্ভরশীল হওয়ার কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, “যারা ছোটবেলা থেকে উপার্জন করে অভ্যস্ত, তাদের জন্য অন্যের ওপর নির্ভর করা খুব কষ্টের। ছেলের কাছে ৫০০ টাকা চাইলে সে হয়তো দেবে, কিন্তু ওই মুহূর্তে তার কাছে না থাকলে সে বলবে, ‘মা, একটু পরে দিই।’ এটা স্বাভাবিক হলেও মনে খুব খারাপ লাগে।”

স্কুলটি হলে কী লাভ হত, তা উল্লেখ করে সুজাতা বলেন, “শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে কাজ শিখে সার্টিফিকেট পেত, আমাদেরও হাতখরচ চলত। কিন্তু কোনো নেতাই আমার কথা শোনেননি। উদ্যোগটি নেওয়া হলে আজ এফডিসির জন্য অনেক ভালো হতো।”

নায়ক আজিমের (নূরুল আজিম খালেদ রউফ) প্রয়াণের পর সংগ্রাম কেমন ছিল প্রশ্নে সুজাতা স্বামীর অতিথি আপ্যায়নের কথা তুলে ধরনে।

তার ভাষায়, "উনি খুব ভালো মানুষ ছিলেন এবং সবাইকে খাওয়াতে ভালোবাসতেন। রাজ্জাক, আলমগীর থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের সবাই তাকে বড় ভাইয়ের মত মানতেন। পার্টি বা খাওয়া-দাওয়ার ইচ্ছা হলেই সবাই ‘আজিম ভাইয়ের’ বাসার কথা বলতেন। প্রতি মাসেই আমাদের বাসায় সবার জন্য পার্টি থাকত। আর প্রতি বছর ছেলের জন্মদিনে সবাইকে দাওয়াত দেওয়া হত বলে সেদিন এফডিসিও বন্ধ থাকত।"

দুজন মিলে পরিচালনা ও প্রযোজনায়ও নেমেছিলেন তারা।

"আমার ১৫-১৬টা সিনেমা একসঙ্গে করেছি, তিনি একজন ভালো পরিচালক ছিল।"

নারী প্রযোজক হিসেবে তার সংগ্রাম কেমন ছিল প্রশ্নে তিনি বলেন, "আমি অর্পণ করলাম, তিনি তখন পিছনে ছিল। তারপরে আর করতে পারিনি আর্থিক টানাপোড়েনের জন্য।”

'চিত্রনাট্যের উপর জোর দিতে হবে'

সুজাতা বলেন, তার সময়ে সিনেমার ভাষা ছিল সাহিত্যনির্ভর ও পরিমিত। সেই মাধুর্য হারিয়ে যাওয়ার পেছনের সংকট কী প্রশ্নে সুজাতা বলেন, “আমরা যখন লিপ দিতাম, পরিচালকেরা চার-পাঁচ দিন আগেই টেপ রেকর্ডারসহ গান পাঠাতেন। সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী রহমান বা রুনা লায়লা গেয়েছেন তা না বুঝিয়ে যেন মনে হয় সুজাতা বা কবরীই গাইছেন, সেভাবেই আমরা মহড়া দিতাম।”

নাচ, অভিনয় ও স্ক্রিপ্টের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ভালো নাচ ও অভিনয়ের জন্য আলাদা অনুশীলন হত, অনেক পরিচালক আগেই স্ক্রিপ্ট দিতেন। এমনকি এক সিনেমার শুটিং চলাকালীন পরিচালক, সংগীত পরিচালক ও এডিটর মিলে ছয় মাস থেকে এক বছর ধরে পরবর্তী সিনেমার চিত্রনাট্য তৈরি করতেন।

ভালো সিনেমার জন্য চিত্রনাট্যের গুরুত্ব তুলে ধরে সুজাতা বলেন, “চিত্রনাট্য ভালো না হলে সিনেমা ভালো হয় না। গল্পে হাসি ও কান্না দুটোই থাকতে হবে; শুধু কান্নাকাটি থাকলে দর্শক বিরক্ত হয়। যেমন ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ এমন সিনেমা বাংলাদেশে একটাই হয়েছে, আর হবে কি না জানি না; কারণ খান জয়নাল ছিলেন একজন জিনিয়াস।”

'উৎসাহটা আমার যায় নাই'

অভিনয়ের বাইরে লেখালেখির অভ্যাস আছে তার।

ইদানীং কিছু লিখছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, "আমি ইদানিং লিখছি না। তবে উৎসাহটা আমার যায় নাই। চিন্তা করছি একটা বই লিখব, এ বছর হয়ত পারব না সামনের বছরে হয়ত দিতে পারব।"