অভিবাসনবিরোধী অভিযান ‘খুব কঠোর’ ছিল, নির্বাচনে পরাজয়ে ভূমিকা রেখেছে: ট্রাম্প
অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থার পর মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তার অভিবাসনবিরোধী দমনাভিযান ‘খুব কঠোর’ ছিল আর এটি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে ভূমিকা রেখেছে।
বিবিসি লিখেছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পর থেকে তার রাজনৈতিক কর্মসূচীর অন্যতম প্রধান ও নির্ধারণী মূলনীতি থেকে ট্রাম্পের প্রকাশ্যে পিছু হটার অন্যতম সবচেয়ে স্পষ্ট নজির এটি।
রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করতেন অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে কমিয়ে আনার জন্য তিনি একটি ‘এ প্লাস’ পাওয়ার যোগ্য কিন্তু নির্বিচারভাবে (দেশ থেকে) ব্যাপক বহিষ্কারের জন্য তিনি রাজনৈতিকভাবে ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।
ট্রাম্প এমন কথা বললেও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, তারা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পথ থেকে সরে আসছে না।
কিন্তু নির্বাচনের দিনের জনমত জরিপ অনুযায়ী, অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থার পর মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসন।
টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোর লাতিনো ভোটারদের ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সাহায্য করেছে।
’৬০ মিনিটস’কে ট্রাম্প বলেছেন, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুটি তার রিপাবলিকান সহকর্মীদের ক্ষেত্রে ‘উপকারী ও ক্ষতিকর’ উভয়ই হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সম্প্রচারিত অনুষ্ঠানটিতে তিনি বলেন, “আমি ভেবেছি সীমান্ত বন্ধ করার জন্য আমি একটি এ প্লাস পেয়েছি। মানুষকে বের করে দেওয়ার ক্ষেত্রে, খারাপ লোকেদের তাড়িয়ে দেওয়ার জন্য আমি খুব উচ্চ নম্বর পাব।
“কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ আমরা এমন মানুষদেরও ধরেছি যাদের ভালো চাকরি ছিল, যারা শুধু একটিমাত্র আইনই লঙ্ঘন করেছিল আর তা হলো তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল। আমি মনে করি এটি খুবই কঠোর ছিল।”
কোনো বিস্তারিত তথ্য না দিয়ে ট্রাম্প আরও বলেন যে, তিনি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে ‘অভিবাসন নিয়ে কিছু একটা করতে পছন্দ করবেন।"
ঠিক এক বছর আগে '৬০ মিনিটস' এর সঙ্গে আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প দৃঢ়ভাবে বলেছিলেন, তার প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানগুলো ‘যথেষ্ট দূর পর্যন্ত যায়নি’।
কিন্তু রোববার তার এই নমনীয় কথাবার্তা ছিল ওই দিনই সকালে হোয়াইট হাউজ থেকে বিবিসিকে দেওয়া একটি বিবৃতির সম্পূর্ণ বিপরীত।
হোয়াইট হাউজের এক নারী মুখপাত্র প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, "আমাদের সমাজকে অস্থির করে তোলা অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বিতাড়নের প্রচেষ্টা এই প্রশাসন কোনোভাবেই ধীর করবে না।"
রোববার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও তাদের অবস্থান থেকে ইউ-টার্ন বা পিছু হটার কোনো লক্ষণ দেখায়নি।
ডিএইএসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, "আইস কোনোভাবেই পিছিয়ে আসছে না বা তাদের কাজের গতি কমাচ্ছে না।"
শুক্রবার অভিবাসনবিরোধী কট্টরপন্থী স্টিফেন মিলার-কে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে ট্রাম্পের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তটি স্পষ্ট করে দেয় যে, প্রশাসনের পক্ষ থেকে কোনো নমনীয়তা দেখানো হচ্ছে না।
ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদকালে প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রধান রূপকার হিসেবে মিলার-কে ব্যাপকভাবে বিবেচনা করা হয়।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর অভ্যন্তরীণ সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে যে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২৭০০ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, যা আগের দৈনিক ২০০০ জন গ্রেপ্তারের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।
চলতি বছরের এই ব্যাপক অভিযানগুলো শিকাগো, মিনিয়াপোলিস এবং লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে আইস-বিরোধী বিক্ষোভের জন্ম দিয়েছিল।
এর মধ্যে মিনিয়াপোলিসে রেনি গুড এবং অ্যালেক্স প্রেটি নামের দুই মার্কিন বিক্ষোভকারী অভিবাসন এজেন্টদের গুলিতে নিহত হন।
