সাহসী মেয়েদের সমাজ পছন্দ করে না: আড্ডানামায় ভাবনা
আমার তো প্রেম নাই। লাস্ট অনেক বছর একাই আছি।"
তিনি অভিনেত্রী, নৃত্যশিল্পী, লেখক এবং চিত্রশিল্পী। থিয়েটার করা বাবার মেয়ে, বড় হয়েছেন পুরান ঢাকায়। তিনি আশনা হাবীব ভাবনা।
সৃজনশীল কাজে বাবার যোগানো সাহস থেকে তিনি অভিনয় করেন, লেখেন এবং ছবি আঁকেন। অভিনেত্রী হিসেবে যেসব কথা বলতে পারেন না, সেগুলো বলেন কবিতায় ও ছবিতে।
নিজের ভাষায়, ভাবনা একজন ‘সাহসী’ মানুষ। আবার সেই সাহসের কারণে ঝক্কি ঝামেলাতেও পড়তে হয় তাকে।
তার মতে, "একটা মেয়ে যখন সাহসী হবে, সেই মেয়েকে তো সমাজ পছন্দ করে না।"
গ্লিটজের সাক্ষাৎকার সিরিজ 'আড্ডানামা'র পঞ্চদশ পর্বে অতিথি হয়ে এসেছিলেন আশনা হাবীব ভাবনা।
তিনি গল্প করেছেন তার কাজ নিয়ে। এসেছে লেখালেখি প্রসঙ্গ। সরব হয়েছেন ট্রল অভিজ্ঞতা নিয়ে। কথা বলেছেন প্রথম সিনেমা 'ভয়ংকর সুন্দর', 'লাল মোরগের ঝুঁটি’সহ আগামী সিনেমা ‘যাপিত জীবন’ নিয়ে, যা মুক্তি পেতে চলেছে আগামী ২০ নভেম্বর।
ভাবনার স্পষ্ট কথা হল, তারকাখ্যাতির প্রতিযোগিতায় তিনি ‘হাঁটতে চান না’। কারণ এ ধরনের প্রতিযোগিতা তার কাছে ‘'দম বন্ধ করা' করা বিষয়।
‘আড্ডানামা’ সঞ্চালনা করেছেন মঞ্চের অভিনেত্রী নিকিতা নন্দিনী। গ্লিটজের এ আয়োজনে সহযোগিতা করেছে আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল।
আগের চৌদ্দ পর্বে অতিথি হয়েছিলেন অভিনেতা আবুল হায়াত, মামুনুর রশীদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, গীতিআরা সাফিয়া চৌধুরী, শামীম আজাদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী সানজিদা প্রীতি, অভিনেতা শ্যামল মাওলা ও নৃত্যশিল্পী শামীম আরা নিপা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের পাশাপাশি ফেইসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে এ অনুষ্ঠান।
'কাক আমার কাছে প্রথম প্রেমের মত'
ঢাকা শহরে এখন পাখি কম দেখা যায়। তবে ভাবনার বাসায় প্রতিদিন কাক আসে। তার আঁকা ছবিতে, তোলা ছবিতেও বারবার কাকের দেখা মেলে।
কাকের প্রতি এই ভালোবাসার উৎস কী? ভাবনা বলেন, "আমার মনে হয় যে আমরা কিন্তু ঢাকায় প্রথম কাকের সাথেই পরিচিত হই। মানে পাখির সাথে যখন আপনার পরিচয় হয়, প্রথম কিন্তু কাকের সাথেই আমার পরিচয় হয়েছে, কারণ আমি পুরান ঢাকায় বেড়ে উঠেছি তো।”
যেসব প্রাণীকে মানুষ অবহেলা করে, তাদের প্রতি দুর্বলতার কথা জানিয়ে ভাবনা বলেন, “নিজের অজান্তেই অবচেতনভাবেই আমার মনে হয় যে যখন কেউ কাউকে ধুরছাই করে, আমার তখন তাকে ভালোবাসতে ইচ্ছে করে।"
'প্রতিযোগিতা আমার কাছে দম বন্ধ ব্যাপার'
ভাবনা তারকাখ্যাতির প্রতিযোগিতায় যেতে চান না। এর কারণ ব্যাখ্যা করে বলেন, "ওটা আমার কাছে মনে হয় যে, ব্যাপারটা আমাকে শিল্পী হিসেবে অনেক দূরে নিয়ে যায়। আমি যে যাত্রায় হাঁটতে চাই, বা আমি যে পথগুলো খুঁজে বের করতে চাই, সেটা ঠিক এখন যেভাবে আমরা তারকা বানিয়ে ফেলি মানুষকে, সেই প্রতিযোগিতাটা আমার কাছে খুব মানে দম বন্ধ করা লাগে। তো আমার মনে হয় যে ওইটা আমার জন্য না।"
প্রতিযোগিতা তাহলে কার সঙ্গে হওয়া উচিত? ভাবনার উত্তর, ‘নিজের সঙ্গে’।
‘সব কথা অভিনেতা ভাবনা বলতে পারে না’
অভিনয়ের পাশাপাশি ভাবনা একজন পুরস্কৃত নৃত্যশিল্পী, ছবি আঁকেন, লেখেন।
অমর একুশে গ্রন্থমেলায় তার বই 'গুলনেহার', 'তারা' ও 'গোলাপী জমিন' প্রশংসিত হয়েছে। তিনটি বইয়ের বিষয়বস্তুর মধ্যে সাদৃশ্য কী, জানতে চাইলে তিনি এক শব্দে উত্তর দেন, ‘নারী’।
এই ভাবনা কোথা থেকে এল, জানতে চাইলে তিনি বলেন, “যখন আমি লিখি, তখন আমার মনে হয়, যে কথাগুলো সমাজ আমাকে বলতে নিষেধ করে, আমার মনে হয়, সেই কথাগুলো, যে কথাগুলো অভিনেতা ভাবনা বলতে পারে না, সেই কথাগুলো আসলে লেখক ভাবনা বলতে চায় বা পেইন্টার ভাবনা সেই কথাগুলো বলতে চায় লেখার মাধ্যমে, কবিতার মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে।”
ভাবনার জীবনে তার বাবা হাবিবুল ইসলাম হাবিবের প্রভাব অনেক বেশি। হাবিব একজন অভিনেতা ও পরিচালক।
ভাবনা বলেন, "আমার মনে হয় মেয়েদের জীবনে প্রথম পুরুষ তো আসলে বাবা হয়। তো প্রেমটা বাবার সঙ্গেই প্রথম হয় একটা মেয়ের।
“আমাদের বাবারা আমাদেরকে বুক ভরা সাহস দিয়েছে। তো এই সাহস তো আসলে খুব ভয়ঙ্কর। একটা মেয়ে যখন সাহসী হবে, সেই মেয়েকে তো সমাজ পছন্দ করে না।"
সম্প্রতি এক বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে একজনের সঙ্গে ভাবনার কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ক্রমাগত বাজে মন্তব্য, আক্রমণ শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন ভাবনা।
তিনি বলেন, "যারা আসলে আক্রমণ করছে, আমি এটা খেয়াল করলাম, তারা সংখ্যায় কিন্তু খুব কম। কিন্তু ঝামেলাটা হয়, আমরা যারা সেই সংখ্যাটার বাইরে, আমাদের যেন কথা বলা নিষেধ। কেন যেন সবাই মুখ বন্ধ করে রাখছে যে কথা বলা যাবে না।”
ট্রল নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, "যখন কেউ কোনো নারীর সঙ্গে যুক্তি বা যোগ্যতায় পেরে ওঠে না, তখন তার চরিত্র তুলে কথা বলাই তাদের একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়ায়। এমনিতেই আমাদের সমাজে ঘর থেকে বের হওয়া কিংবা অভিনয় পেশায় থাকা নারীদের প্রতি এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাজ করে, সেখানে আমি একজন অভিনেত্রী।”
গত তিন বছর ধরে সোশাল মিডিয়ায় নিজের সাফাই গাইতে বা ট্রলের জবাব দিতে কোনো পোস্ট দেননি ভাবনা। প্রিয়জনদের পরামর্শেই এতদিন চুপ ছিলেন বলে জানিয়েছেন তিনি।
‘আরও একা হতে চান ভাব্না’
এক সাক্ষাৎকারে ভাবনা বলেছিলেন, তিনি আরও একা হতে চান, যাতে তার সঙ্গে কেবল তার চরিত্ররাই বাস করে।
এ প্রসঙ্গে তিনি বলেন, "মানুষ একাই থাকে। ১০ জনের মাঝখানেও আমার মনে হয় যে আমি অনেক একা। মানুষ আসলে একা। একা থাকাতেই আমি এত আনন্দ পাই এখন। আমি আরো অনেক একা হতে চাই।"
জীবনে প্রেম কেমন যাচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, "আমার তো প্রেম নাই। লাস্ট অনেক বছর একাই আছি।"
‘প্রথম সিনেমার জন্য তিন বছরের ব্রেক’
‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অভিনেত্রী ভাবনার, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।
দীর্ঘ সময় পর সেই কাজ পুনর্বিবেচনা এবং নিজের মূল্যায়ন নিয়ে কথা বলতে গিয়ে ভাবনা বলেন, "খুবই দারুণভাবে আমি মূল্যায়ন করি। এবং আমি মনে করি যে আমি আমার প্রথম সিনেমার জন্য তিন বছরের ব্রেক নিয়েছিলাম। ওই সময়ে কোনো অভিনয় করি নাই। তিন বছর রিহার্সাল করেছি।
“তখন মনে হত যে অভিনয় তো এভাবেই করা উচিত। এভাবেই তো আসলে একটা কাজের সাথে থাকা উচিত। অনেক ছোট ছিলাম তো।"
ইন্ডাস্ট্রি ও সমাজের অভিজ্ঞতা থেকে বর্তমান চিন্তা তুলে ধরে তিনি বলেন, "এখন আমি ভাবি যে, ভালো অভিনেতা হওয়ার জন্য এত কিছুর দরকারই নাই।”
তিনি বলেন, "হয়ত ভয়ংকর সুন্দরের জন্য আমার একটা কাজও বাদ দেওয়ার দরকার ছিল না। তাতে কিছু যায় আসে না। আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি ৫০০ খারাপ নাটক করে একটা ভালো সিনেমা করবেন। বা একটা ভালো নাটক করবেন, আপনি একজন ভালো অভিনেত্রী হয়ে যাবেন। তাতে কিছু যায় আসে না। বা আপনার স্ট্রাগলের গল্প কেউ মানে জানবে না বা কেউ কিছু করবে না। আপনার স্ট্রাগলটাকেও বেচতে হবে।"
অভিনয়ের প্রস্তুতি ও কাজের সুযোগ পাওয়ার সমীকরণ নিয়ে ভাবনা বলেন, "আমি ভাবতাম আমাকে জামিল আহমেদের কোর্স করতে হবে একের পর এক। এটা আমি পছন্দ করি। বা এটা আমি চাই অভিনেতা হিসেবে। কিন্তু এটা তো ইন্ডাস্ট্রিতে কাজ করে না।
“ইন্ডাস্ট্রিতে আপনাকে যারা কাজ দেয় তাদের সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ, তাদের সাথে বন্ধুত্ব। জামিল আহমেদের ওয়ার্কশপ প্রয়োজন নাই। মানে কাজ পাওয়ার জন্য, এটাই হল আমাদের ইন্ডাস্ট্রি।"
'পদ্ম হচ্ছে একমাত্র ফ্রিডম ফাইটার ক্যারেক্টার ওই সিনেমাতে'
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত 'লাল মোরগের ঝুঁটি' সিনেমায় অভিনেত্রী ভাবনার ‘পদ্ম’ চরিত্রটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। সেই সিনেমা ও চরিত্রটি নিজের ভেতর কীভাবে লালন করেন, তা নিয়েও কথা বলেছেন তিনি।
“আমি এই সিনেমার জন্য জীবনে প্রথম অডিশন দিয়েছিলাম। তো আতিক ভাই আমাকে যখন বললো অডিশন দিতে, আমাকে তিনটে চরিত্রের—তিন চারটা নারী চরিত্র ছিল। তিন চারটা, আমি প্রত্যেকটার জন্যই অডিশন দিয়েছিলাম। এবং তারা আমাকে বলেছে তারা কনফিউজড আমাকে তারা কোনটাতে নেবে।
“আমাকে জিজ্ঞাসা করায় বলেছিলাম আমি পদ্ম করব। কারণ পদ্ম হচ্ছে একমাত্র ফ্রিডম ফাইটার ক্যারেক্টার ওই সিনেমাতে। আর কেউ ফ্রিডম ফাইটার ছিল না ওই সিনেমাতে। একমাত্র পদ্ম।"
বড় পর্দায় সিনেমাটি দেখার অভিজ্ঞতা ও অর্জনের অনুভূতি প্রকাশ করে ভাবনা বলেন, "যখন সিনেমাটা হলে রিলিজ হয় এবং লাস্ট সিন হচ্ছে যে আমি দা দিয়ে মারতেছি, রাইট; এবং সবাই তালি দিচ্ছে, দেশ স্বাধীন হয়ে যাচ্ছে। সো ওই ফিলিংসটা আসলে অন্যরকম।
“মানে মুক্তিযুদ্ধের চাইতে বড় ঘটনা তো আসলে আমাদের জীবনে আর নাই। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা বাঙালি জাতির, বাংলাদেশের মুক্তিযুদ্ধ।”
'আমার গল্প বলতে ইচ্ছা করে, কিন্তু অংক কষতে হয়'
চলচ্চিত্র নির্মাণে যুক্ত হওয়ার ইচ্ছে কখনো হয়েছে কি না জানতে চাইলে ভাবনা বলেন, "দেখেন আমার, আমাকে সহ্য করতে পারে না অনেকে। ঠিক আছে? ডিরেকশন আমি কেন দিতে চাই? কারণ আমি গল্প বলতে চাই।
তারপরও নির্মাণে না যেতে চাওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, "বড় হওয়ার সাথে সাথে অংক চলে আসে তো জীবনে। যখন আপনাকে মানুষ অনেক আঘাত করে তখন আপনি চাইলেই নিজের মত করে বাঁচতে পারেন না সবসময়।
“আপনাকে কিছু অংক কষতেই হয়। তো এখন যদি আমি ডিরেকশন দিই, তাহলে আমার অভিনয় জীবনটাকে আরো ঝামেলা করবে মানুষজন। তো ওইটা আমি আপাতত চাচ্ছি না।”
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশের সিনেমা প্রশংসা কুড়ালেও দেশের প্রেক্ষাগৃহে উৎসবে যাওয়া সিনেমার আবেদন বা আবহ সেভাবে দেখা যায় না।
চলচ্চিত্র উৎসবগুলোর বাস্তবতা এবং সাধারণ দর্শকের চাহিদার পার্থক্য তুলে ধরে ভাবনা বলেন, কান বা মস্কোর মত আন্তর্জাতিক উৎসবে সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমী ও শিল্প-সংস্কৃতির মানুষেরা সমবেত হন। সেখানকার দর্শক ও পরিবেশটাই তৈরি হয় সিনেমার শিল্পমান উদ্যাপন করার জন্য। অন্যদিকে, দেশের সাধারণ দর্শক সিনেমা নিয়ে পড়াশোনা বা শিল্প-চর্চার উদ্দেশ্যে প্রেক্ষাগৃহে যান না; তারা মূলত বিনোদন চান।
"আন্তর্জাতিক উৎসবে পাঠানো সিনেমাগুলো সাধারণত খুব কম বাজেটের হয়, যা দিয়ে সাধারণ দর্শকের সাথে ব্যবসায়িক বা আবেগীয় সংযোগ তৈরি হয় না। সাধারণ মানুষ বাণিজ্যিক সিনেমা, নাচ-গান এবং তারকাদের দেখতে ভালোবাসেন। অথচ বিশ্বের ৯০ শতাংশ ফেস্টিভালের নিয়মই হল সিনেমায় বিনোদনমূলক গান থাকা যাবে না।
“ফেস্টিভাল কর্তৃপক্ষ খোঁজে নতুন ধরনের গল্প বা নির্মাণের ভিন্নতা, অন্যদিকে প্রেক্ষাগৃহের সাধারণ দর্শক খোঁজে চেনা প্রেম-ভালোবাসা ও পারিবারিক টানাপড়েন। এই মৌলিক পার্থক্যের কারণেই উৎসবে প্রশংসিত সিনেমা দেশের সাধারণ দর্শকের কাছে সেভাবে গ্রহণযোগ্যতা পায় না।"
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ নিয়ে ভাবনা বলনে, নানা আইনি ও নির্মাণসংক্রান্ত জটিলতায় প্রায় দুই বছর ধরে সিনেমাটির মুক্তি আটকে ছিল।
ইচ্ছা থাকা সত্ত্বেও ভাষার মাসে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, অনুদানের এই সিনেমা আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
"অনুদানের সিনেমা রিলিজ করতেই হবে, তা না হলে আমার বাবার নামে কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে। সো রিলিজ করতে হচ্ছে, বাট আমাদের খুব ইচ্ছা ছিল ভাষার মাসে রিলিজ করার।”
নতুন কিছু লিখছেন কি না জানতে চাইলে ভাবনা বললেন, ইদানিং কবিতা লিখছেন।
