১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই না, সেখানে কিছু লোক আমাকে চায়নি: প্রিন্স

বাংলাদেশে ব্যাটিং কোচ হিসেবে ছয় মাসের দায়িত্বের শেষটা সুখকর হয়নি অ্যাশওয়েল প্রিন্সের, সাড়ে চার বছর পরও তা ভুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বেরিয়ে এলো তার হৃদয়ের ক্ষত।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 09:09 AM

Updated : 15 Nov 2026, 09:09 AM

কথোপকথনের শুরুটা হলো বেশ ভালোভাবেই। আন্তরিকভাবেই নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অ্যাশওয়েল প্রিন্স। কিন্তু বাংলাদেশের ব্যাটিং কোচ থাকার সময়টার প্রসঙ্গ উঠতেই বদলে গেল চিত্র। তার কণ্ঠের শীতলতা টের পাওয়া গেল স্পষ্টও। সরাসরি বলেও দিলেন, বাংলাদেশ নিয়ে কথাই বলতে চান না!

৬৬ টেস্ট খেলা সাবেক ব্যাটসম্যান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে যিনি অমর হয়ে থাকবেন প্রথম অশেতাঙ্গ অধিনায়ক হিসেবে, এখন তিনি নিজ দেশেরই ব্যাটিং কোচ। তবে এই দায়িত্বেই তিনি বাংলাদেশে ছিলেন ২০২১ সালের অগাস্টের মাঝামাঝি থেকে পরের ফেব্রুয়ারির মাঝমাঝি পর্যন্ত। চুক্তি ছিল আরও দশ মাসের। কিন্তু তার আগেই শেষ হয় তার অধ্যায়। বিসিবি থেকে তখন বলা হয়েছিল, পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছেন প্রিন্স। কিন্তু তার কাছ থেকেই এখন জানা গেল, তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছিল!

সময়ের প্রবাহে সেই ক্ষতে প্রলেপ পড়েনি তেমন। জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে প্রিন্স স্পষ্টই বুঝিয়ে দিলেন, সেই ঘা তার এখনও দগদগে! বোর্ড বা কিছু লোকের প্রতি ক্ষোভ থাকলেও অবশ্য বাংলাদেশ দল ও ক্রিকেটারদের প্রতি তার ভালোবাসাও ফুটে উঠল নানা কথায়।

দক্ষিণ আফ্রিকা সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বাংলাদেশ তো ওই পর্যায়ের দল নয়। কিন্তু আপনাদের ব্যাটসম্যানদের প্রস্তুতি কি একইরকম থাকছে?

অ্যাশওয়েল প্রিন্স: হ্যাঁ, একদম। প্রথমত, আপনি বলছেন বাংলাদেশ ওই পর্যায়ের দল নয়। কিন্তু তারা তো সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে একটি টেস্ট ম্যাচ জিতেছে! স্বাভাবিকভাবেই এই সিরিজে তাদের প্রতি অনেক সম্মান রয়েছে আমাদের এবং নিঃসন্দেহে আমাদের প্রস্তুতি একই রকম ছিল।

সত্যি বলতে, অস্ট্রেলিয়ার চেয়েও বেশি প্রস্তুতি সম্ভবত এই সিরিজে হয়েছে। আমি যা বলতে চাইছি তা হলো, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে অনেক দিন আমরা টেস্ট ক্রিকেট খেলিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি কঠিন টেস্টের পর এবং এই ম্যাচের জন্য গত কয়েক দিনের অনুশীলন মিলিয়ে  আমি বলব এই সিরিজের জন্য আমাদের প্রস্তুতি সম্ভবত অস্ট্রেলিয়া সিরিজের চেয়ে একটু বেশি ভালো।

সেই প্রস্তুতি নিশ্চয়ই বাংলাদেশের পেস আক্রমণ সামলানোর ব্যাপারও আছে? যদিও তরুণ গতি তারকা নাহিদ রানা নেই, কিন্তু এই দলের অন্যরাও দারুণ। এই পেস আক্রমণ সামলাতে দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা কি?

প্রিন্স: সব দলের পেসাররাই দক্ষিণ আফ্রিকায় এসে বোলিং করতে উপভোগ করে। কারণ উইকেট, কন্ডিশন পেসারদের জন্য দারুণ উপযোগী। বাংলাদেশের পেসাররাও ভালো করতে মুখিয়ে থাকবে। তবে আমাদের নিজস্ব ডেটা, ফুটেজ, এই ধরনের সবকিছুই আছে, যা দেখে আমরা পরিকল্পনা সাজাই।

টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রেও আমরা বাংলাদেশের মুখোমুখি হয়েছিলাম। যদিও সেটা ছিল তাদের দেশে, কন্ডিশন সেখানে ভিন্ন। তবে তাদের সম্পর্কে আমাদের জানাশোনা আছে। আর সম্প্রতি আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছি, বিশ্বের সেরা কিছু ফাস্ট বোলার আছে তাদের দলে। সেটিও আমাদের ব্যাটসম্যানদের দারুণ আত্মবিশ্বাস জোগাবে।

সব মিলিয়ে আবারও বলছি, গত সিরিজ এবং আমরা এখন যে কাজ করছি, তা আমাদেরকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দারুণভাবে তৈরি করেছে।

নাহিদ রানা থাকলে কি আপনাদের প্রস্তুতি একটু ভিন্ন হতো? ব্যাটসম্যাদের কাজ একটু কঠিন হতো বলে মনে করেন?

প্রিন্স: দেখুন, যেকোনো দলের জন্যই তাদের প্রথম পছন্দের সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়াটা অনেক বড় পার্থক্য গড়ে দেয়। সেরাদের কেউ যদি না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যা আছে, তা দিয়েই কাজ চালিয়ে নিতে হয় এবং প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটিতে দেখুন, শুরুতে কাগিসো রাবাদাকে পাইনি আমরা, পরে ছিটকে গেছে আনরিখ নরকিয়া। লুঙ্গি এনগিডিও ছিল না। এভাবেই মানিয়ে নিতে হয়, এটা খেলারই অংশ।

বাংলাদেশের স্পিন আক্রমণও খারাপ নয়। এই মাঠে সবশেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা দুই স্পিনার নিয়ে খেলেছে এবং সেই দুজন মিলে আট উইকেট নিয়েছিলেন। এবারও কি স্পিনারদের ভূমিকা দেখছেন?

প্রিন্স: হ্যাঁ, তা থাকবে। মিরাজ তো অলরাউন্ডার, সে একাদশে থাকবে নিশ্চিতভাবেই। তার বোলিং এখানে কাজে লাগতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে স্পিনারদের জন্য এখানকার উইকেটে কিছু একটা থাকছে। এটা আগের ওয়ান্ডারার্সের মতো নয়, যেখানে শুধু পেস আর পেসই ছিল। আমার মনে হয়, এখানে স্পিনারদের ভূমিকা থাকবে।

বাংলাদেশে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন আপনি, এখন  দক্ষিণ আফ্রিকায় কাজ করছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করার মধ্যে পার্থক্য কতটা?

প্রিন্স: বাংলাদেশ নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি বরং আমার ক্রিকেটারদের নিয়ে কথা বলতে পছন্দ করি। এই দলের সঙ্গে সময়টা সত্যিই উপভোগ করেছি। আমাদের এমন একদল ব্যাটসম্যান আছে, যারা প্রায় সব সংস্করণেই খেলে এবং এটাই আমরা খুব উপভোগ করি যে, এই ব্যাটসম্যাননরা শুধু এক সংস্করণেই বিশেষজ্ঞ নয়। তারা এমন ব্যাটসম্যান হওয়ার চেষ্টা করছে, যারা সব সংস্করণেই খেলতে পারে। ক্রিকেট খেলঅটির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কিছুর প্রয়োজন হয়। সেই সব কিছুর সঙ্গে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে সক্ষম হতে হবে এবং ওই পর্যায়ে যাওয়াটাই আমাদের জন্য এখন বড় ব্যাপার। আমার ব্যাটসম্যানদের সেই তাড়না আছে এবং এই বিষয়টা আমি সত্যিই উপভোগ করছি।

বাংলাদেশ নিয়ে কথা বলতে চান না, কিন্তু বাংলাদেশ নিয়ে তো কিছু জিজ্ঞাসা আছে। বিশেষ করে, অনেক সময়ই বলা হয়, বাংলাদেশের ক্রিকেটারদের বেড়ে ওঠার পথে কোচিং ঠিকঠাক হয় না, জাতীয় দলে আসার পরও মৌলিক অনেক কিছু শেখানোর প্রয়োজন পড়ে। আপনি যেহেতু কাজ করেছেন সেখানে, আপনার অভিজ্ঞতা কেমন?

প্রিন্স: বাংলাদেশ নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়!

ঠিক আছে। তবে যেহেতু আপনি বাংলাদেশে মাস ছয়েক কাজ করেছেন…

প্রিন্স: হ্যাঁ, বাংলাদেশে কাজ করেছি এবং ওই সময় আমরা নিউ জিল্যান্ডে গিয়েছিলাম। সেখানে এর আগে ৩৩ ম্যাচের মধ্যে একটিও জেতেনি বাংলাদেশ। কিন্তু সেবার আমরা সেখানে গিয়ে একটি টেস্ট ম্যাচ জিতেছিলাম। আমি সেখানে যতদিন কাজ করেছি, আমার সময়ে দারুণ গর্বের অধ্যায় ছিল সেই ম্যাচ।

কিন্তু তারপর... তারপর... উমম.. তারপর কিছু লোক আমাকে সেখানে চায়নি! কাজেই এসব নিয়ে কথা বললে তাদেরই বলা উচিত।

বিসিবি তখন বলেছিল যে, পারিবারিক কারণে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন...

প্রিন্স: (হাসি)

আপনার হাসিতেই সত্যিটা ফুটে উঠছে। আসলেই তাহলে আড়ালের কোনো ব্যাপার ছিল?

প্রিন্স: আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না...।

তাহলে সেই অধ্যায়ে আর ফিরে যেতে চান না!

প্রিন্স: না, না, না…। আমি এখন এখানে আছি, সামনের দিকে তাকিয়ে আছি এবং আমার কাজ উপভোগ করছি।

ঠিক আছে, আপনার গর্বের অধ্যায়টিতেই ফিরে তাকানো যাক। সম্প্রতি ডারউইনে জয়টির আগে মাউন্ট মঙ্গানুই ছিল বাংলাদেশের সেরা জয়। ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে লম্বা সময় ব্যাট করে জয়ের ভিত গড়ে দিয়েছিল। প্রস্তুতি পর্বে কোন জায়গায় জোর দিয়েছিলেন আপনি?

প্রিন্স: আমাদের দরটা তরুণ ছিল। মাহমুদুল হাসান জয়ের মতো তরুণের কথা মনে পড়ে আমার। অল্প বয়সেই দলে এসে ভালো করেছিল। তরুণ দল ছিল, যারা ভালো করার জন্য খুবই রোমাঞ্চিত ছিল। অনেক দিন হয়ে গেছে, প্রস্তুতির সবকিছু আর মনে নেই। তবে মনে আছে, আমাদের প্রস্তুতি ভালো ছিল।

খেলার মৌলিক বিষয়গুলো সবসময়ই গুরুত্বপূর্ণ, যেমন জুটি গড়া, প্রথম ইনিংসে বড় স্কোর গড়ার চেষ্টা করা, এবং তারপর প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করা, যেটা আমরা ওই ম্যাচে করতে পেরেছিলাম। বোলাররা খুব ভালো বোলিং করেছিল।

সেই বোলাররাই এখনও এখানে আছে, বরং আরও দু-একজন যোগ হয়েছে এবং তারা খুব ভালো করছে। বাংলাদেশ তাই খুবই প্রতিভাবান দল। আমরা তাদের বিপক্ষে একটি ভালো সিরিজের জন্য মুখিয়ে আছি এবং আগেই বলেছি, সিরিজটি সহজ হবে না আমাদের জন্য। একদম সহজ হবে না...।

আপনার সময়ের আরেকটি উল্লেখযোগ্র ঘটনার কথা মনে পড়ে। ক্যারিয়ারের প্রথম ২৫ টেস্টে লিটন দাসের কোনো সেঞ্চুরি ছিল না। আপনি দায়িত্ব পাওয়ার কিছুদিন পর সেই খরা কাটে তার। লিটনের সঙ্গে কাজ করার কথা কতটা মনে পড়ে?

প্রিন্স: লিটনের সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালো ছিল। আমি যখন সেখানে ছিলাম, তখন তার প্রতিভা, সম্ভাবনা ও সামর্থ্য দেখে আমার মনে হয়েছিল যে, সে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হতে পারে। ক্রিকেটারর সব সংস্করণে খেলতে পারে, তখন সে পরিপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠে। লিটন সেই ধরনের ক্রিকেটারদের একজন।

আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কিছু ছোটখাটো টেকনিক্যাল বিষয় থাকে, যেগুলো নিয়ে কাজ করতে হয়। বেশিরভাগ সময় পরিকল্পনা এবং কৌশলগত কিছু বিষয় থাকে, যেগুলোর ওপর কাজ করতে হয়, যা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

প্রথম সেঞ্চুরির পর থেকে লিটনের টেস্ট পারফরম্যান্স খুব ভালো। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে বেশ অধারাবাহিক। কেন এরকম হয় বরে মনে হয়?

প্রিন্স: আমি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খেলা সেভাবে অনুসরণ করিনি।

বাংলাদেশের ব্যাটসম্যানদের বরাবরের সমস্যা শট নির্বাচন ও ম্যাচ সচেতনতার ঘাটতি। একজন ব্যাটিং কোচ হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, ব্যাটিং কোচরা আসলে এসব কতটা শেখাতে পারে? আপনি কিভাবে সামরান এসব?

প্রিন্স: আমি যদি আমার সব গোপন কৌশল বলে দিই, তাহলে বাংলাদেশ তো আমাদের বিপক্ষে সেটাই করবে!

স্রেফ একজন ব্যাটিং কোচের দৃষ্টিকোণ থেকে বললে...?

প্রিন্স: এসব আসলে আসে অভিজ্ঞতা থেকে। আমার মনে হয় ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন কেউ ৫০ বা ৬০টি ম্যাচ খেলে ফেলে, সেটা টেস্ট ম্যাচ, ওয়ানডে বা টি-টোয়েন্টি যা-ই হোক না কেন, তখন প্রচুর অভিজ্ঞতা হয়ে যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই সমস্ত অভিজ্ঞতাকে গুছিয়ে পরবর্তী ম্যাচগুলোতে কাজে লাগানো এবং এভাবেই একজন ক্রিকেটার বিকশিত ও আরও পরিণত হয়ে ওঠে।

আপনি যথেষ্ট ভালো ব্যাটসম্যান ছিলেন। ব্যাটিং করা নাকি ব্যাটিং শেখানো, কোনটি বেশি কঠিন?

প্রিন্স: ব্যাটিং শেখানোটা বেশি কঠিন। বিশ্বের বেশিরভাগ ব্যাটসম্যানের জন্যই এটা একটা বিশেষ প্রতিভা। ক্রিকেটে তাদের একটা বিশেষ দক্ষতা থাকে, তারা পাঁচ-ছয় বছর বয়সে খেলাটা শেখে, যেখানেই খেলার সুযোগ পায় সেখানেই খেলে—রাস্তায়, পার্কে, গলিতে, যেখানেই হোক। তারপর জীবনের পরবর্তী পর্যায়ে তারা পেশাদার পর্যায়ে পৌঁছায়। কিন্তু আমার মনে হয়, বেশিরভাগ সময় তারা যতটা সম্ভব স্বাভাবিকভাবে খেলাটা খেলে।

কোচিংয়ের ক্ষেত্রে ক্রিকেটারদের সহজাত ক্ষমতা যতটা সম্ভব বজায় রাখার চেষ্টা করতে হয়। খুব বেশি কিছু বদলানো যায় না, যেমন গ্রিপ, স্কিল। তাদেরকে কিছু নির্দিষ্ট বিষয়ে সচেতন করতে হয়। একজন কোচ কখনও কোনো ক্রিকেটারকে খুব বেশি বদলে দিতে চাইবেন না।  একজন কোচের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন ক্রিকেটারের সহজাত প্রতিভা বিকশিত হতে দেওয়া বা সেখানে সহায়তা করা।

আপনার ক্যারিয়ারে পেছন ফিরে তাকালে, কিছুটা আক্ষেপ হয়? আপনি বেশ লড়িয়ে ব্যাটসম্যান ছিলেন। কী ,নে হয়, আরও কিছু রান বা সেঞ্চুরি হতে পারত?

প্রিন্স: না, আমার কোনো আফসোস নেই। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬টি টেস্ট ম্যাচ খেলেছি। অসংখ্য ক্রিকেটার স্রেফ হাতেগোনা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পায়। হ্যাঁ, পেছনে ফিরে তাকালে মনে হয়, এখানে-সেখানে কিছু ব্যাপার হয়তো অন্যভাবে করতে পারতাম। কিন্তু কোনো আফসোস নেই।

দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া প্রথম অশ্বেতাঙ্গ ক্রিকেটার আপনি। ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত কি সেটিই?

প্রিন্স: না, এটাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত বলব না। মোটেই না। অবশ্যই এটি একটি গর্বের মুহূর্ত। কিন্তু এমন একটি দলের অংশ হতে পারা, যেটি বিশ্বের এক নম্বর দল হয়েছিল, সেটাই সম্ভবত আমার জন্য সবচেয়ে গর্বের অধ্যায়।

ছেলেবেলা থেকে বড় হয়ে যখন কেউ খেলাটি খেলতে চায় এবং বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, এরপর সেই পথ ধরে যখন আপনি সত্যিই বিশ্বের এক নম্বর দলের অংশ হতে পারে কেউ, আমার মনে হয়, একজন খেলোয়াড় হিসেবে এটাই সম্ভবত আমার জন্য সবচেয়ে বড়, সবচেয়ে গর্বের, সবচেয়ে বড় সন্তুষ্টির।

হ্যাঁ, এখানে-সেখানে একটি-দুটি ইনিংস, একটি শতক বা ওই ইনিংস নিয়ে কথা বলতে পারি। কিন্তু এক নম্বর দলের অংশ হতে পারাটাই সবচেয়ে বড়। শুধু একটি সিরিজ জিতেই কোনো দল এক নম্বর হয়ে যায় না। বিশ্বের এক নম্বর দল হতে হলে বেশ কয়েক বছর ধরে কয়েকটি সিরিজ জিততে হয়। সেখানে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময় ধরে সাফল্য ধরে রাখতে হয়। একজন ক্রিকেটার হিসেবে তা করা এবং এখন কোচিং স্টাফের অংশ হয়েও, এই সবকিছু অর্জন করা—এসবই সবচেয়ে গর্বের, কারণ ক্রিকেট দলীয় খেলা।

হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ যখন ব্যাট করতে যায়, তখন ভালো করতে চায় সবাই। তবে  ব্যক্তি হিসেবে কারও বড় অবদান হতে পারে কেবল দলের বৃহত্তর লক্ষ্যের দিকেই। এটা শুধু আপনার স্কোর দিয়েই নয়, দল হিসেবে এগিয়ে গিয়ে এবং নিজে একজন ব্যাটসম্যান হিসেবে কীভাবে দলকে একটি কঠিন পরিস্থিতি থেকে আরও শক্তিশালী অবস্থায় বা ম্যাচে জয়ের অবস্থানে নিয়ে যেতে সাহায্য করতে পারি, এই ধরনের বিষয়গুলো নিয়েই আমরা অনেক কথা বলি, এবং ব্যক্তিগত স্কোরের চেয়ে এগুলোর উপরেই আমাদের বেশি মনোযোগ থাকে।

আপনি দলের কথা বললেন। আপনাদের দলটা তো দুর্দান্ত ছিল। গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ডেল স্টেইন, মার্ক বাউচার, মর্নে মর্কেল…

প্রিন্স: হ্যাঁ, এটা ছিল এমন একটা দল… আমি সবসময় মজা করে বলি, দলটা ছিল ১০ জন সুপারস্টার আর সঙ্গে আমি!

আপনিও তো ভালোই করেছেন!

প্রিন্স: আমাদের দলটা অসাধারণ ছিল এবং সেই দলের অংশ হতে পারাটা ছিল বিশেষ সৌভাগ্যের। এখন এই দল এক নম্বর হয়েছে এবং এটাও দারুণ সম্মানের।

সময় তো শেষ । শেষ প্রশ্ন, যদি বাংলাদেশ থেকে আবার প্রস্তাব পান, ‘হ্যাঁ’ বলবেন?

প্রিন্স: উমমমম.. ঠিক জানি না। জীবনটা তো এখ অনেক বদলে গেছে। এখন যে সময়ে আছি, আমার পরিবার, আমার সন্তানরা খুব গুরুত্বপূর্ণ। এখানে ভালোই আছি। যদিও কোনো কিছু নিয়ে কখনোআ চূড়ান্তভাবে ‘না’ বলে দেওয়া ঠিক নয়। সময় এলেই দেখা যাবে। তবে এই মুহূর্তে আমি আমার বর্তমান অবস্থানে বেশ খুশি।