২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমলা ছিল আমুদে, ক্যালিস চুপচাপ, ডি ভিলিয়ার্সের সঙ্গে থেকেছি তিন বছর’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান আলভিরো পিটারসেন ফিরে তাকালেন তার ক্যারিয়ারে, শোনালেন কিংবদন্তি সতীর্থদের নিয়ে তার ভাবনা।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 09:00 AM

Updated : 26 Nov 2026, 08:18 AM

ক্রিকেটার হিসেবে খুব বিখ্যাত কেউ ছিলেন না আলভিরো পিটারসেন। তবে বিখ্যাত অনেক সতীর্থ তার ছিল। সেই সতীর্থদের কিছু গল্প শোনা গেল তার কাছ থেকে। তার নিজের গল্পও সেখানে এলো। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতের মাঠে, পরেও বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন। কিন্তু ক্যারিয়ার থমকে গেছে ৩৬ টেস্ট ও ২৩টি সীমিত ওভারের ম্যাচ খেলে। খেলোয়াড়ি জীবন পুরোপুরি শেষ হওয়ার আগেই ধারাভাষ্য দেওয়া শুরু করেছিলেন এবং ধারাভাষ্যই দিচ্ছেন এখনও। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টের ধারাভাষ্য দেওয়ার ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান ফিরে তাকালেন তার ক্যারিয়ারে, শোনালেন কিংবদন্তি সতীর্থদের নিয়ে তার ভাবনা।

ধারাভাষ্য দেওয়াই কি আপনার এখন আপনার পেশা?

আলভিরো পিটারসেন: ধারাভাষ্য দিচ্ছি, পরামর্শক হিসেবেও কাজ করছি। ক্রিকেটারদের সঙ্গে কাজ করি, পেশাদার ক্রিকেটারদের সঙ্গে কিছু, তবে বেশিরভাগই অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে।

আপনার টেস্ট অভিষেক দিয়েই আলোচনা শুরু করা যাক। কলকাতায় সেঞ্চুরি দিয়ে শুরু হয়েছিল আপনার পথচলা। সেই ম্যাচের কতটা মনে পড়ে?

পিটারসেন: অনেক কিছুই মনে পড়ে... প্রথম টেস্ট বলে কথা! আমি নিশ্চিত নই আপনি জানেন কি না, ওই ম্যাচে আমার খেলারই কথা ছিল না...

হ্যাঁ, মার্ক বাউচার চোট পেয়ে ছিটকে পড়েছিলেন...

পিটারসেন: বাউচার চোট পাওয়ায় শেষ মুহূর্তে ছিটকে পড়েছিল। আগের রাতে আমাকে বলা হয়েছিল যে আমি দলে আছি। কিপিং করেছিল এবি (ডি ভিলিয়ার্স)।

চমকে গিয়েছিলাম এভাবে সুযোগটি আসায়। তবে ভালোও লেগেছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলা ছিল আমার স্বপ্ন এবং সেটি পূরণ হয়েছিল।

চমকে যাওয়ার কথা বললেন। দলে সুযোগ পাওয়ার কথা জানার পর মানসিক প্রস্তুতি কেমন ছিল?

পিটারসেন: দলের সঙ্গে আমি বেশ কিছুদিন ধরেই ছিলাম। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে তো খেলেছি আগেই। প্রথম শ্রেণির ক্রিকেটেও ২০০৮ সালে আমি ছযটি রেকর্ড ভেঙেছিলাম। এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৬টি), একাধিক ম্যাচে জোড়া সেঞ্চুরি, মৌসুমে সবচেয়ে বেশি রান, এরকম বেশ কিছু রেকর্ড। আমি তাই অনেক দিন ধরেই তৈরি ছিলাম যে, দক্ষিণ আফ্রিকার পরের টেস্ট ব্যাটসম্যান আমিই হব।

বাউচারের চোটের কারণে সেই সুযোগটি হুট করেই এসেছিল। তবে প্রস্তুতি আমার ছিলই। দলের সঙ্গে যখন ছিলাম, আমার মূল লক্ষ্যই ছিল প্রস্তুতি নেওয়া। যখনই প্রস্তুতি নিতাম, এমনভাবে নিতাম যেন, আমি ম্যাচ খেলব। যদিও অনেক সময় খেলার সুযোগ পাইনি, তবু প্রস্তুতি খেলার মতোই নিতাম। তাই যখন ফোনটা এলো যে, আমার অভিষেক হচ্ছে, আমি প্রস্তুতই ছিলাম।

শুরুতেই গ্রায়েম স্মিথ আউট হওয়ার পর হাশিম আমলার সঙ্গে বড় একটা জুটি হয়েছিল আপনার। আপনাদের মধ্যে কী কথা হয়েছিল, মনে পড়ে? নতুন ব্যাটসম্যান হিসেবে আপনাকে তিনি কি বলেছিলেন?

পিটারসেন: পরস্পরকে আমরা ভালোভাবেই চিনতাম। একাডেমিতে অনেকদিন একসঙ্গে ছিলাম দুজন। ছোটবেলা থেকে আমরা পরস্পকে চিনতাম। একসঙ্গে কীভাবে ব্যাট করি আমরা এবং এই ধরনের বিষয়গুলো জানাই ছিল দুজনেরই। একে অপরের পাশে থেকেছিলাম আমরা।

দুর্ভাগ্যবশত, আমরা সেই ম্যাচটা হেরেছিলাম। ওই ম্যাচে আমার এই একটা কথাটিই সবচেয়ে বেশি মনে পড়ে। আমার আর হাশিমের (আমলার) যদিও দুইশর বেশি রানের জুটি হয়েছিল, তবু আমরা তিনশর নিচে অলআউট হয়েছিলাম এবং পরে ভারত বিশাল স্কোর গড়ার পর আমরা ম্যাচটি হেরেছিলাম।

ওই সফরে তো আমলা অবিশ্বাস্য ব্যাট করেছিলেন। তাকে কেউ আউটই করতে পারছিল না। তিন ইনিংসে তার রান ছিল ২৫৩*, ১১৪ ও ১২৩। তার ব্যাটিং দেখতে কেমন লেগেছিল?

পিটারসেন: হাশিমের কিছু পরিকল্পনা ছিল। যদিও পরিকল্পনা থাকা এক জিনিস, আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করা আরেক জিনিস। যেমন আমরা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে এই সিরিজেও দেখেছি যে, কিছু ক্রিকেটারের পরিকল্পনা থাকে, কিন্তু সেটা বাস্তবায়ন করা কঠিন কাজ। সেই সিরিজেও তার পরিকল্পনা ছিল এবং সে সেগুলো ভালোভাবে বাস্তবায়ন করেছেন।

অভিষেকের সেই সেঞ্চুরির পর বেশ কিছু ইনিংসে আপনি ভালো করতে পারেননি। পরে কেপ টাউনে সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কার বিপক্ষে, ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে, লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৮২। ওই সময়টাতেই কি ক্যারিয়ারে সেরা ব্যাটিং করছিলেন?

পিটারসেন: আমারও সেরকমই মনে হয়। আসলে... ২০০৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ওই মৌসুম থেকেই সেরা সময় শুরু হয়। পরে ২০১০ সালে টেস্ট অভিষেক। ২০১২-১৩ সাল টেস্ট ক্রিকেটে চারটি সেঞ্চুরি করেছিলাম। টেস্টে আমার সেরা খেলা তখনই ছিল।

জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের বিপক্ষে ১৮২ রানের ইনিংসটি খেলে নিশ্চয়ই ভালো লেগেছিল যে, এরকম টপ ক্লাস বোলিংয়ের সামনে পারফর্ম করেছেন মানে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ভালো করার আত্মবিশ্বাসও পাওয়া?

পিটারসেন: হ্যাঁ, অবশ্যই। আমার মনে আছে, ওটা ছিল ওই সিরিজের দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড তখন এক নম্বরে ছিল এবং প্রথম টেস্ট ম্যাচে তাদেরকে আমরা হারিয়েছিলাম। হাশিম ট্রিপল সেঞ্চুরি করেছিল, ক্যালিস ১৮০, ও গ্রায়েম স্মিথ সেঞ্চুরি করেছিল। ২ উইকেটে হারিয়ে সাড়ে ছয়শ (৬৩৭) তুলে দল ইনিংস ঘোষণা করেছিল। আমার রান ছিল সেখানে শূন্য।

দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে মিডিয়া বলেছিল, ‘ওর বাদ পড়ার যাওয়ার সময় হয়ে গিয়েছে....’, যদিও এর কিছুদিন আগেই নিউ জিল্যান্ডের বিপক্ষে দেড়শ করেছিলাম। সমালোচনা হলেও সেই সময় কোচিং স্টাফদের পাশে পেয়েছিলাম। তারা বলেছিল, “শোনো, আমরা মিডিয়াকে বুঝি, আমরা তো আর মিডিয়া নই, আমরা জানি কী হচ্ছে…। যাই হোক, আমরা তোমাকে সম্ভবত বছরের বাকি পুরো সময়টা খেলাব।”

তাদের অমন কথার পরে দলে অবদান রাখতে পেরে ভালো লেগেছিল। এমনকি আগের দিন, যখন ১২০ রানে অপরাজিত ছিলাম, তখনও জানতাম যে এই রান যথেষ্ট নয়। কারণ একটি বড় সিরিজ জিততে হলে বড় ইনিংস খেলা এবং দলকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হয়। সেই চেষ্টা করেছি। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল গ্রায়েম স্মিথের ৫২। আর কেউ ফিফটি করতে পারেনি। আমি টিকে ছিলাম বলে দল চারশ ছাড়াতে পেরেছিল।

চমৎকার কিছু ইনিংসের পরও টেস্ট ক্যারিয়ার থমকে গেল মাত্র ৩৬ টেস্টে। পেছন ফিরে তাকিয়ে, কী মনে হয় কোন কাজগুলি আরও ভালোভাবে বা ভিন্নভাবে করতে পারতেন?

পিটারসেন: আমার একটি ব্যাপার হলো, ক্যারিয়ার নিয়ে কখনোই আক্ষেপ করি না। আমার তো স্বপ্ন ছিল দক্ষিণ আফ্রিকার হয়ে একটি টেস্ট খেলা। সেই টেস্ট খেলে ফেলার পর অবসর নিয়ে ফেললেও সমস্যা ছিল না। সেখানে ৩৬টি খেলেছি।

আমার কোনো আফসোস নেই। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেট খেলার সেই সময়টা সম্ভবত দল হিসেবে আমাদের সেরা সময় ছিল। তাই আমি এ নিয়ে গর্বিত।

পাশাপাশি আরও যতগুলো চ্যালেঞ্জ ছিল....দক্ষিণ আফ্রিকায় ওপেরার হিসেবে জায়গা পাওয়াটা ছিল বেশ কঠিন, আরও কিছু ব্যাপার ছিল। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের কাছে। সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম।

হ্যাঁ, আরও রান করতে পারলে খুশি হতাম, আরও সেঞ্চুরি করতে পারতাম। এমন অনেক সময় ছিল, যখন আমি ভালো শুরু করেও সেটাকে বড় রানে পরিণত করতে পারিনি। তাই এখন পেছন ফিরে তাকালে মনে হয়, ওই সুযোগগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে, বড় রান করতে ইচ্ছে করে। কিন্তু আমি যা করেছি, তা নিয়ে আমি খুশি।

ওয়ানডেতেও আপনার শুরুটা ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে ৮২ করলেন, এরপর ইংল্যান্ড সফরে তিন ম্যাচেই করেছিলেন ফিফটি। ওয়ানডে ক্যারিয়ার আরেকটু ভালো হতে পারত না?

পিটারসেন: ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলাম ওপরের দিকে ব্যাট করে, যেটা ভালো ছিল। এবং আমার মনে হয় আমি যথেষ্ট সফলও ছিলাম। দ্বিতীয় ম্যাচেই আমি ৮০ রান করেছিলাম। অনেক দিন পরে যখন ওয়ানডেতে ফিরলাম, ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাইনি। অনেকেই সেই পজিশনের উপযুক্ত ছিল।

অনেক দিন পরে ওয়ানডেতে ফিরে এসে মাঝের দিকে ব্যাট করতে শুরু করি। তখন নিয়মকানুনও কিছু বদলেছে। চ্যালেঞ্জিং ছিল, তবে আমি মানিয়ে নিয়েছিলাম। তারপর ব্যাটিং অর্ডারের ওপরে-নিচে যাওয়া-আসা চলতে থাকল। দ্রুতই বুঝতে পেরেছিলাম যে, আন্তর্জাতিক ক্রিকেটের পরিপ্রেক্ষিতে ওয়ানডে ক্রিকেট হয়তো আমার জন্য নয়, বরং টেস্ট ক্রিকেটকেই টার্গেট করি।

এরপর তো ২০১৩ সালে আমার ছেলের জন্ম হয়। তখনই অনুভব করলাম ও নিজেকে বললাম, পরিবারই বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম।

ওয়ানডে দলের হয়ে ২০০৮ সালে বাংলাদেশে গিয়েছিলেন। মনে পড়ে কিছু সেই সময়ের?

পিটারসেন: খুব বেশি কিছু মনে নেই। প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাইনি। অন্যরাই জিতিয়ে দেয়। শেষটিতে বিশের মতো (২৪) রান করেছিলাম।

জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, ডেল স্টেইন, এবি ডি ভিলিয়ার্স, মর্নে মরকেলের মতো কিংবদন্তিদের সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন ছিল? তাদের সঙ্গে খেলতে কেমন লাগত?

পিটারসেন: অবশ্যই ভালো ছিল। তবে সেটা তারা তারকা বলেই নয়, সবার সঙ্গে ভালো বোঝাপড়া ছিল। দলে কে কোথায় কীসে কেমন আছে, তা সবাই জানত। সবাই বুঝত যে, দলের প্রতি আপনার অবদান অন্য সবার মতোই সমান গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি এটা একটা ভালো দিক।

যখন কোনো দলে একপেশে একটা ভারসাম্য থাকে, যেখানে আপনি কিছু ক্রিকেটারকে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দেন, তখনই দলে বিভেদ তৈরি হয় এবং কেউই তা চাইবে না। তারা সমানভাবে অবদান রেখেছে দলে। আমরা পরস্পর সহায়তা করতাম।

এই প্রোটিয়া দলেও সেটা এখনও চলছে। আপনি দেখতেই পাচ্ছেন, তারা পরস্পরের পাশে থাকে, তারা একে অপরের জন্য খেলে। ব্যাপারটা এমন নয় যে, কেউ একশ রান করলেই সেটা নষ্ট করে দেবে। নিজের উন্নতির আগে দলকে এগিয়ে নিতে হবে, খেলা কোন দিকে যাচ্ছে তা বুঝতে হবে, এবং এই ধরনের পরিস্থিতিতে কী করতে হবে, তা জানতে হবে।

একগাদা মহাতারকার ভিড়ে নিজেকে একটু অন্যরকম মনে হয়নি? নিজেকে একটু বহিরাগত মনে করা বা মানসিকভাবে একটু পিছিয়ে থাকা...

পিটারসেন: নাহ, একদমই না।

কারণটা বলছি আাপনাকে। ২০০৮-২০০৯ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে যে রেকর্ডগুলো ভেঙেছিলাম এবং যাদের রেকর্ড ভেঙেছিলাম, নামগুলোর দিকে তাকালেই বুঝবেন... ব্যারি রিচার্ডস, পিটার কার্স্টেন, মাইক প্রোক্টর, ক্লাইভ রাইস... তাদেরকে পেছনে ফেলেছিলাম। নিজেকে তখন বলেছিলাম, ‘যদি এই কিংবদন্তিতে রেকর্ডগুলো ভাঙতে পারি, তাহলে আমার নিজেকেও যে কারও মতোই ভালো বলে মনে করা উচিত।

এছাড়াও প্রথম ওয়ানডে সিরিজ খেলার আগে অস্ট্রেলিয়ায় উদীয়মান টুর্নামেন্টসের সর্বোচ্চ রান স্কোরার ছিলাম, যেটা আসলে সব দলের সমন্বয়ে গঠিত দক্ষিণ আফ্রিকান ‘এ’ দল ছিল। সেখানে টেস্ট খেলোয়াড় ও আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আমাদের একটি সত্যিকারের দক্ষিণ আফ্রিকান ‘এ’ দল ছিল।

আমি তাই প্রস্তুতই ছিলাম। কখনোই ড্রেসিংরুমে ঢুকে কিংবদন্তিদের দেখে চমকে যাওয়ার মতো কিছু ছিল না। এবি ডি ভিলিয়ার্স ও আমি একসঙ্গে খেলেছি আগেই, সাড়ে তিন বছর একসঙ্গে থেকেছি। ডেল স্টেইন আমা নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটে খেলেছে। এখানে এই মাঠেই খেলেছে। ড্রেসিং রুমে ঢুকে তাই সব চেনা মুখই দেখেছি। সবাই ছিলাম বন্ধু। কাউকে দেখে চমকে যাওয়ার কোনো ব্যপার তাই ছিল না। বরং সবসময়ই মনে হয়েছে যে, আমাকেও তাদের মতোই অবদান রাখতে হবে।

তাদের মধ্যে ব্যক্তিগতভাবে আপনার প্রিয় কে ছিলেন?

পিটারসেন: আমার মনে হয় সবাই জানেন, আমার কোনো ব্যক্তিগত প্রিয় নেই। এটা একটা দলীয় ব্যাপার, সবাইকে একইরকম সম্মান, একইরকম গুরুত্ব দিতে হয়। আমি এমন লোক নই যে অন্য খেলোয়াড়দের চেয়ে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে বেশি প্রাধান্য দেব।

ক্রিকেটীয় দিক থেকে বললে সেরা কে ছিলেন?

পিটারসেন: ক্রিকেটীয় দিক থেকে জ্যাক ক্যালিসই সম্ভবত সেরা ছিলেন। বিশ্লেষণে না গিয়ে যদি স্রেফ পরিসংখ্যানও দেখা হয়, একজন ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার হিসেবে তিনি যা যা অর্জন করেছেন, আমার কাছে তিনি সেরা।

বেশির ভাগ টেস্ট আপনি খেলেছেন গ্রায়েম স্মিথের নেতৃত্বে। তার অধিনায়কত্বের বিশেষত্ব কি ছিল?

পিটারসেন: সামনে থেকে নেতৃত্ব দেওয়াই ছিল তার মূল শক্তি। এমন অধিনায়ক খুব কমই পাওয়া যায়, যারা ব্যাটিং ওপেন করেন। তার ক্ষেত্রে ব্যাপারটা ছিল, শুধু মুখে বড় বড় কথা বলা নয়, মাঠে নেমে সেই অনুযায়ী কাজও করা। আমার কাছে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়।

হাশিম আমলার নেতৃত্বেও কিছু ম্যাচ খেলেছেন। তিনি কেমন ছিলেন? স্মিথের চেয়ে ভিন্ন নিশ্চয়ই!

পিটারসেন: হ্যাঁ, দুজন আলাদা। গ্রায়েম স্মিথ অনেক বেশি সম্পৃক্ত থাকতেন, হাশিম আমলা সেখানে শান্ত ও ধীরস্থির। তার খেলার ধরণও শান্ত। তবে কার্যকারিতা ও ফলাফল ছিল একই রকম।

আমলাকে তো মাঠে খুব বেশি কথা বলতেই দেখা যেত না। অধিনায়ক হওয়ার পর ড্রেসিং রুমে কী বা কেমন কথা বলতেন?

পিটারসেন: হাশিম খুবই মজার মানুষ ছিল। একদম। মানে, অনেকেই মনে করে সে চুপচাপ, কিন্তু হাশিম অনেক কথা বলে। ব্যাপারটা মোটেও এমন ছিল না যে সে স্বল্পভাষী। বরং সে আসলেই মজার মানুষ।

আমলার এই দিকটি জেনে বিস্ময়ই লাগল! যাহোক, আপনি জ্যাক ক্যালিসের নেতৃত্বে কয়েকটি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট মাঠে তিনি অনেক কিছু করলেও নেতৃত্বের ব্যাপারটি আলোচনাতেই আসে না। তিনি কেমন অধিনায়ক ছিলেন?

পিটারসেন: তিনি এমন একজন, খেলাটা সম্পর্কে যার ধারণাটা গভীর।

ক্যালিসের ক্ষেত্রে সমস্যাটা হলো, তিনি এতটাই ভালো যে... প্রায়শই দেখা যায়, যারা এত বেশি ভালো, তারা নিজেদের পর্যায়েই সবকিছু করে বা করতে চায়। কিন্তু তাদের মতো অত ভালো যারা নন, সেই ক্রিকেটারদের ক্ষেত্রে সেটি একইরকম কাজ করে না। ক্যালিস সত্যিই বুঝতেন, খেলাটা কীভাবে কাজ করে, কীভাবে নির্দিষ্ট পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়, ইত্যাদি। কিন্তু এটা অন্যদেরকে বোঝানো ভিন্ন ব্যাপার।

তার ব্যক্তিত্বও আসলে অধিনায়ক হওয়ার ক্ষেত্রে তার বাধা ছিল। আমার তো মনে হতো, তিনি অধিনায়কত্ব উপভোগও করতেন না। তিনি বরং চুপচাপ থাকতে এবং নিজের খেলায় মনোযোগ দিতে বেশি পছন্দ করতেন। সেটা মাঠের ভেতরে এবং বাইরে, একইরকম।

অন্যদিকে আমলা হয়তো মাঠে শান্ত স্বভাবের, কিন্তু ড্রেসিংরুমে সে বেশ আমুদে, মজাদার একজন মানুষ এবং এই ধরনের আরও অনেক কিছু। অনেকেই জানে না এসব।

আপনার কি মনে আছে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও আপনার একটু পা পড়েছিল!

পিটারসেন: (একটু ভেবে)... হ্যাঁ, কোনো একটা টি-টোয়েন্টি ফাইনাল ছিল...

হ্যাঁ, ২০১০ জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে মিরপুরে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে খেলেছিলেন। আপনি ২২ বলে ৩৪ করেছিলেন…

পিটারসেন: হ্যাঁ, ঠিক, মনে পড়ছে। ইন্টারেস্টিং অভিজ্ঞতাই ছিল। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে সেখানে সফরে গিয়েছিলাম। তখন ফাইনালটি খেলার প্রস্তাব পেয়েছিলাম। মনে আছে, আমরা ভালোই শুরু করেছিলাম। পরে স্পিনাররা এসে আমাদের আমাদের কিছুটা চেপে ধরেছিল। কিন্তু অভিজ্ঞতাটা দারুণ ছিল।

কাউন্টি ক্রিকেটেও আপনি অনেক দিন খেলেছেন এবং নেতৃত্বও দিয়েছেন।

পিটারসেন: কাউন্টি ছিল অসাধারণ। আমার যতদূর মনে পড়ে, ২০১২ আইপিএল নিলামের নাম দিয়েও আমি প্রত্যাহার করে নেই, ওই বছর ইংল্যান্ডে টেস্ট সফর ও কাউন্টি ক্রিকেটের প্রস্তুতি নিতে। এটা আমাকে দারুণ সহায়তাও করেছিল। সব মিলিয়ে টানা ছয় বছর কাউন্টি খেলেছি।

এরপর আপনার ক্যারিয়ারের একটি অন্ধকার অধ্যায়, যেটির কারণে আপনাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল…

পিটারসেন: আমার মনে হয় এটা... আমার মনে হয় না, এটা নিয়ে পুরোপুরি আলোচনা হয়েছে। এটা এমন একটা ব্যাপার যেখানে বিষয়গুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। মানে, একজন বলতে পারে যে, ‘প্রস্তাব পেলে আপনাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে’ আর তারপর আপনি একই দিনে রিপোর্ট করলেন এবং তারা বলল, ‘না, আপনি তো ১১টার সময়, যখন ব্যাপারটা জানতে পেরেছিলেন, তখন রিপোর্ট করেননি, বরং ২টা বা ৩টার সময় রিপোর্ট করেছেন।’

সুতরাং এটা ব্যাখ্যার ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমি শুধু আশা করেছিলাম যে, বিষয়টা নিয়ে সঠিকভাবে আলোচনা হবে, এবং আশা করি একদিন তা হবে।

পেছন ফিরে তাকিয়ে ঘটনাটি কিভাবে দেখেন?

পিটারসেন: স্যান্ডপেপারগেটের মতোই দেখি।

ক্রিকেট থেকে দূরে ওই দুই বছরে কি করেছেন?

আলভিরো: সত্যি বলতে, ওই বছর শেষে এমনিতেও অবসর নেওয়ার কথাই ভাবতাম। ২০১৬ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছিলাম এবং এমনিতেও বছরের শেষে আমার অবসর নেওয়ার কথা ছিল। এরপর আমি ওই সময়ে আইনের ডিগ্রি শেষ করি। হ্যাঁ, হয়তো এটা একরকম শাপেবর হয়েছে আমার জন্য।

নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরে আসার প্রক্রিয়াটা, মানে ধারাভাষ্য এবং সবকিছু, মসৃণ ছিল কি?

পিটারসেন: হ্যাঁ, সেসব মসৃণ ছিল। খেলা চালিয়ে যাওয়ার সময় থেকেই ধারাভাষ্য দেওয়া শুরু করেছিলাম। নিষেধাজ্ঞা শেষে ফিরে ২০১৮ সাল থেকে আবার ধারাভাষ্য দেওয়া শুরু করি এবং তখন থেকেই ধারাভাষ্য দিয়ে আসছি। কোনো সমস্যা হয়নি।

কোচিংয়ে আগ্রহী নন?

পিটারসেন: নিজের একটি একাডেমি চালাই আমি। কিন্তু আমার মনে হয় না পেশাদার পর্যায়ে কোনো দলকে কোচিং করানোর মতো সময় আমার আছে। সেটা করতে হলে আমাকে ধারাভাষ্য ছেড়ে দিতে হবে, যা চাই না আমি। বাড়ি থেকে দূরে থাকতে হবে। আমার এখন চারটি সন্তান। আমার পরিবার… আমার পরিবারই বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হয় না পেশাদার পর্যায়ে কোচিং করানোর মতো সময় আমার আছে।