শাখাওয়াত মুনসহ তিনজনকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনসহ তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের একদল নেতাকর্মী।
বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাদের ধরে মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের মারধরের কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তাদের সঙ্গে আটক আরেক ব্যক্তি হলেন আইনজীবী সুফি মো. আল মামুন।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল।
একজন মুনকে জিজ্ঞাসা করেন, “এরপর আপনাদের নাশকতার প্ল্যান কী?”
জবাবে মুন বলেন, “আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।”
এ সময় এক ব্যক্তি মুনের গালে চড় মারেন। পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। একপর্যায়ে তাকে কান ধরতেও বাধ্য করা হয়।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াসকে পুলিশ ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কারও কারও কণ্ঠে ‘আয়, মারিস না’ বলতে শোনা যায়।
ভিডিওতে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথাও বলা হচ্ছিল।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
পুলিশ কর্মকর্তা হালিম বলেন, সম্ভবত তারা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ।
মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।
