১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ধানমন্ডিতে ছাত্রদল নেতা-কর্মীদের মারধর: ছাত্রলীগ নেতাসহ ১১ জন কারাগারে

জামিন বিষয়ে অধিকতর শুনানির দিন রোববার রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 07:01 PM

Updated : 13 Nov 2026, 07:01 PM

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে ‘কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বার’ এর সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের মামলায় ছাত্রলীগের এক নেতাসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য দিয়েছেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন-৩১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা, যুবলীগ কর্মী আকবর হোসেন, বারের ব্যবস্থাপক সুমন মিয়া, বাউন্সার জসিম খান, শাহাদাত ইসলাম, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শিপন, মাহবুব, কাইয়ুম ও রাকিবুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই উক্যমং রাখাইন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

রাজা ও আকবর বাদে অপর ৯ আসামির পক্ষে তাদের আইনজীবী সালাউদ্দিন নিয়াজী জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, আসামিরা কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের কর্মী, রাজনীতির সঙ্গে জড়িত না। তারা ঘটনার শিকার। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি।

মামলা সাজানো দাবি করে সালাউদ্দিন নিয়াজী বলেন, “আজ ১৩ নভেম্বর অথচ আসামিদের কারাগারে আটক রাখার আবেদনে লেখা হয়েছে ১২ নভেম্বর। এতেই বোঝা যায়, মামলাটা মেকিং।”

এই আইনজীবী আসামিদের জামিনের আর্জি জানান।

শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন বিষয়ে অধিকতর শুনানির দিন রোববার রেখেছে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন নিলয়, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক এস কে সজীব, ছাত্রদল কর্মী আকাশসহ আরও কয়েকজন মিলে বুধবার ধানমন্ডি কাবাব ঘর থেকে ‘তানভীর আহম্মেদ মোল্লা ও আকবর হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন’।

রাত সাড়ে ৮টার দিকে তারা ধানমন্ডি-২৭ নম্বরের ঢাকা ব্যাংকের নিচে এলে কয়লা বারের ব্যবস্থাপক সুমন মিয়ার ‘হুকুমে’ অপরাপর আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জন ‘হত্যার উদ্দেশ্যে’ বেতের লাঠি, লোহার রড ও হকি স্টিক দিয়ে তাদের এলেপাথাড়ি মারধর করে।

পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশও আসে সেখানে।

মামলায় বলা হয়, পুলিশ ও আশেপাশের লোকজন মিলে ১১ জনকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় মোতাহার হোসেন বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় মামলা করেন।