বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে এবার ব্যানক্রফটের বিস্ফোরণ
ব্যানক্রফটের দাবি, দলের সবাই পরিকল্পনার কথা জানত, এমনকি তার সতীর্থ ও কোচিং স্টাফ তাকে উৎসাহও জুগিয়েছিল।
আট বছর আগের আলোচিত-সমালোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক সব তথ্য সামনে এনেছেন ক্যামেরন ব্যানক্রফট। ওই ঘটনায় শাস্তি পাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার দাবি করেছেন, বল বিকৃত করার বিষয়টি জানত পুরো দল। এমনকি নিজের ভূমিকার জন্য সতীর্থ ও কোচিং স্টাফের কাছ থেকে উৎসাহও পেয়েছিলেন তিনি।
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং করার দায়ে নিষিদ্ধ হয়েছিলেন তখনকার অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট। সিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করার কাজটি করেছিলেন ব্যানক্রফট। কেপ টাউন টেস্টে তার কর্মকাণ্ড টিভি ক্যামেরায় ধরা পড়লে তোলপাড় পড়ে যায় ক্রিকেট আঙিনায়।
ওই সিরিজের দলে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজা কয়েকদিন আগে বিষয়টি নিয়ে যেন বোমা ফাটান। তিনি তার আত্মজীবনীতে দাবি করেন, ওই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল পুরো দল। যদিও তার অভিযোগ উড়িয়ে দেন এখনকার অধিনায়ক প্যাট কামিন্স।
কামিন্সের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় ব্যানক্রফট বলেছেন, ওই সংবাদ সম্মেলন তাকে ‘ক্ষুব্ধ, বিশ্বাসভঙ্গের শিকার ও নিঃসঙ্গ’ অনুভব করিয়েছে। এরপরই চার হাজার শব্দের একটি বিবৃতিতে সবকিছু খোলাসা করেন ব্যানক্রফট।
প্রাথমিকভাবে ‘দা ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত হয় ব্যানক্রফটের ওই লেখা। পরবর্তীতে অন্যান্য সংবাদমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে সেটা। দীর্ঘ লেখায় ব্যানক্রফট স্বীকার করেছেন যে, প্রাথমিক তদন্তের সময় তিনি অনেক তথ্য গোপন করেছিলেন।
“দক্ষিণ আফ্রিকায় বলে আমার সিরিষ কাগজ ব্যবহারের বিষয়টি শুধু আমরা তিনজনই- স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমি জানতাম না, পুরো দল জানত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তখন আমি পরিপূর্ণ এবং সত্য বিবরণ দিইনি।
“গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলাম। এর মধ্যে ছিল, কখন সিরিষ কাগজ ব্যবহার শুরু হয়েছিল, কত দিন ধরে তা চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাদের জানাশোনার ব্যাপার। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে ঝামেলামুক্ত রাখতে এবং অন্যদের এর মধ্যে না জড়াতে এমনটা করেছিলাম।”
পোর্ট এলিজাবেথে (এখনকার গেবেখা) সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির সময় কী ঘটেছিল, বিস্তারিত তুলে ধরেছেন ব্যানক্রফট। সে সময় বলকে আরও বেশি রিভার্স সুইং করানোর উপায় নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান তিনি।
“ম্যাচে আমাদের অবস্থান আরও ভালো করার উদ্দেশ্যে ড্রেসিংরুমের সেইসব আলোচনায় সব কোচ ও খেলোয়াড় জড়িত ছিলেন। কয়েকজনের মতামত একটু বেশি জোরাল ছিল, তবে অস্ট্রেলিয়ার জন্য টেস্ট ম্যাচটি জেতার একই লক্ষ্যে আমরা সবাই কাজ করছিলাম।”
“আমাকে জিজ্ঞাস করা হয়েছিল, কাজটি আমি করতে পারব কিনা। আমি অস্বস্তি বোধ করছিলাম এবং এমন এক পরিস্থিতিতে পড়েছিলাম যেখানে নিজের নীতি-নৈতিকতার সঙ্গে আপস করতে হচ্ছিল। জানতাম কাজটি ভুল। জানতাম, স্যান্ডপেপার ব্যবহার করা কেবল ক্রিকেটের আইনের সীমা লঙ্ঘন নয়, এটা সরাসরি প্রতারণা।”
ব্যানক্রফট বলেন, ওই সময়ের প্রধান কোচ ড্যারেন লিমানও ওই আলোচনায় উপস্থিত ছিলেন। যদিও লিমান কিছুদিন আগে বলেছেন, তিনি এসব জানতেন না।
“আমার মনে আছে, বোলিং কোচ ডেভিড স্যাকের সেই আলোচনায় ছিলেন। কোচ ড্যারেন লিমানও সেখানে উপস্থিত ছিলেন। অন্য খেলোয়াড়েরা আসা-যাওয়া করছিল। বাতাসে বলের মুভমেন্ট বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে খোলাখুলিই কথা হচ্ছিল। বলের একপাশ সাধারণ নিয়মে ঘষে বা লালা ব্যবহার করে উজ্জ্বল করার মতো প্রচলিত পদ্ধতিগুলো তখন কাজে আসছিল না।
“আমরা চাপে ছিলাম। সেই পরিস্থিতিতেই ডেভিড ওয়ার্নার বলের এক পাশ অমসৃণ করতে স্যান্ডপেপার ব্যবহারের সম্ভাবনার কথা তোলে। সেই সময় সবাই ড্রেসিং রুমে ছিলেন না ঠিকই, তবে আলোচনাটি শুধু ডেভ (ওয়ার্নার) এবং আমার মধ্যেই সীমাবদ্ধ ছিল না।”
কখন বল বিকৃত করা শুরু করেন ব্যানক্রফট, সেটাও তুলে ধরেন। তিনি দাবি করেন, সিরিষ কাগজের ব্যবহার কাজ করছে কিনা, সে সম্পর্কে জানতে নিয়মিত বোলারদের সঙ্গেও কথা হতো তার।
“(দ্বিতীয় টেস্টের) দ্বিতীয় দিনের শেষ সেশনে আমি স্যান্ডপেপার নিয়ে মাঠে নেমেছিলাম। বল হাতে পাওয়ার পর সেটি ব্যবহার করি। তবে তাৎক্ষণিকভাবে এর কোনো প্রভাব আমার চোখে পড়েনি এবং বল বিকৃত করা কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে আমি সন্দিহান ছিলাম। আমি এর আগে কখনো এমনটা করিনি।
“সেই সময়ে বল কেমন আচরণ করছে, তা নিয়ে আমি নিয়মিত বোলারদের সঙ্গে কথা বলতাম। আমাকে তা করতেই হতো। বল যথেষ্ট রিভার্স সুইং করছে কি না, তা নিয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও মিচেল মার্শ- সব ফাস্ট বোলারদের সঙ্গেই আমার আলোচনার কথা মনে আছে।”
ঠিকমতো বল রিভার্স সুইং করছে কিনা, সেটা বুঝতে কিপার টিম পেইন থেকেও মতামত নিতেন ব্যানক্রফট।
“উইকেটের পেছনে দাঁড়িয়ে বলের মুভমেন্ট পর্যবেক্ষণের সবচেয়ে ভালো অবস্থানে থাকা টিম পেইনের সঙ্গেও আমি কথা বলেছিলাম। আমি তাদের কাছ থেকে মতামত চাইছিলাম…কারণ আমি যা করছি তা কার্যকর হচ্ছে কি না, তা বোলার এবং উইকেটকিপারের সঙ্গে কথা না বলে আমি কীভাবে বুঝব?
“এ ছাড়া বল রিভার্স সুইং করছে কি না, তা পরীক্ষা করতে বোলারদের বলটি অন্যদিকে ঘোরানোরও প্রয়োজন ছিল। ম্যাচের দৃশ্য দেখলেই বোঝা যাবে, বলটি স্পষ্টভাবেই রিভার্স সুইং করছিল। বল ঘষা কাজে দিচ্ছে কি না, সব বোলারই আমাকে সে বিষয়ে মতামত দিত। সেগুলো সাহায্য করত। ‘কাজ হচ্ছে?’, ‘এখনও হচ্ছে না, আরও কাজ করতে হবে।’ তখন আমি বলের ওপর আরও বেশি স্যান্ডপেপার ব্যবহার করতাম।”
কাজটি যে অন্যায় হচ্ছে, এমন ভাবনাই যেন আসছিল না অস্ট্রেলিয়া দলের কারো মধ্যে।
“একবার আমাকে ভয় পেয়ে থামতেও বলা হয়েছিল। কারণ, আমি যা করছিলাম, তা সহজেই অন্যের দৃষ্টিগোচর হওয়ার আশঙ্কা ছিল। বলে স্যান্ডপেপারের প্রভাব নিয়ে মাঠে আলোচনা ছিল খুবই নিয়মিত ও স্বাভাবিক। ঘটনাটা ঠিক এমনই ছিল।
“আট বছর ধরে আমি নীরবে কষ্ট সহ্য করেছি। আমি অতীত বদলাতে পারব না। কিন্তু এখন আমি যা করব, তা বদলাতে পারি।”
পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের আগে দলের একটি বৈঠকের কথাও লিখেছেন ব্যানক্রফট। সেখানে সতীর্থ ও কোচিং স্টাফের কয়েকজন তার ‘ভূমিকার’ জন্য তাকে উৎসাহিত করেন বলে দাবি করেছেন তিনি।
“আগের সন্ধ্যায় স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে আমার মনে আছে। দলের সামনে আমার ভূমিকার প্রশংসা করা হয়েছিল। দিনের শেষ বেলায় ২৮ রানে ৪ উইকেট নেওয়ার পর আমরা উদযাপন করেছিলাম, আর খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাছ থেকে—বিশেষ করে ডেভিড সেকারের কাছ থেকে আমি বাহবা ও উৎসাহ পেয়েছিলাম।
“তখন আমার মনে হয়েছিল, আমরা সবাই মিলে যে চেষ্টা করছি, তার অংশ হিসেবেই আমার কাজটি গ্রহণযোগ্য। ঘটনাটি আমার খুব স্পষ্ট মনে আছে। প্রশংসা পেয়েছিলাম শুধু সে কারণে নয়, আমার আরেকটি ভিন্ন প্রতিক্রিয়ার কথাও মনে আছে। যা ঘটছিল, আমাদের মিডিয়া ম্যানেজার কেট হাচিসন এর বিরোধিতা করেছিলেন। আমার মনে আছে, তিনি স্পষ্ট বলেছিলেন, কাজটি অন্যায় এবং এর সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত থাকতে চান না। এরপর তিনি আলোচনা থেকে সরে যান। ঘটনাটি আমি কখনও ভুলব না। অন্তত একজন প্রতিবাদ করেছিলেন।”
কেপ টাউন টেস্টের তৃতীয় দিনের খেলায় স্যান্ডপেপার দিয়ে বল ঘষতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। ড্রেসিংরুম ও মাঠে এ নিয়ে আরও আলোচনার কথা তুলে ধরেছেন তিনি।
“নথিভুক্ত আছে যে, ফিল্ডিংয়ের সময় এক কোচ আমার কাছে এসে বলেছিলেন, বল সুইং করানোর জন্য স্যান্ডপেপার দিয়ে আরও বেশি কাজ করতে হবে। ওই কোচ ছিলেন ডেভিড স্যাকের। ঘটনাটি সত্যি।
“আবারও পোর্ট এলিজাবেথ টেস্টের মতো মাঠে একই ধরনের আলোচনা চলছিল। আগের টেস্টের মতোই স্টার্কি (মিচেল স্টার্ক), প্যাট, জশ ও মিচের (মিচেল মার্শ) কাছে বল ঘষার বিষয়ে মতামত চাইছিলাম। তারা সবাই আমাকে বলেছিলেন, আমি যা করছিলাম, তা যথেষ্ট হচ্ছিল না।”
ব্যানক্রফট বলেন, বল টেম্পারিং কেলেঙ্কারির সঙ্গে দলের সবার জড়িত থাকার কথা এখন যখন অস্বীকার করা হচ্ছে, তখন চুপ থাকতে পারেননি তিনি।
“বল কীভাবে মুভ করছে, তা নিয়ে বোলারদের সঙ্গে আমার যেসব কথোপকথনের কথা মনে পড়ে, সেগুলো পরবর্তী বছরগুলোতে আমাকে ভীষণ পীড়া দিয়েছে। পরবর্তীতে যখন আমি শুনতে পেলাম, জনসম্মুখে স্যান্ডপেপার ব্যবহারের কথা অস্বীকার করা হয়েছে, তখন সেটির সঙ্গে আমার স্মৃতিগুলোকে মেলাতে আমার খুব কষ্ট হয়েছিল।
