২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘খাওয়াজা বিশ্বাসঘাতক ও দেশদ্রোহী, সতীর্থদের বিক্রি করে দিয়েছে’

‘স্যান্ডপেপারগেট’ বল টেম্পারিংয়ের ঘটনা টিভি ক্যামেরায় ধরা পড়ার নেপথ্যে ছিলেন যিনি, সেই ধারাভাষ্যকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফানি ডি ভিলিয়ার্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ধুয়ে দিলেন উসমান খাওয়াজাকে, আস্থা জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেট সিস্টেমের প্রতি।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 10:06 AM

Updated : 20 Nov 2026, 10:06 AM

সাক্ষাৎকার চাইতেই রাজি হয়ে যাওয়ার ঘটনা এই যুগে বিরল। ফানি ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলতে চাইতেই তিনি সঙ্গে সঙ্গে বললেন, “চলুন, কোথায় বসবেন?” সাক্ষাৎকার শুরুর পরই বোঝা গেল, তিনি আসলে কিছু কথা বলার সুযোগ খুঁজছিলেন।

বিশ্ব ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত খবর ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কের নতুন অধ্যায়। ২০১৮ সালে কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়ানদের বল টেম্পারিং নিয়ে সম্প্রতি আত্মজীবনীতে উসমান খাওয়াজার বিস্ফোরক দাবি নিয়ে উত্তাল এখন অস্ট্রেলিয়ান ক্রিকেট। সেই ঢেউ আছড়ে পড়েছে ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে। এই ডি ভিলিয়ার্স সেখানে কেন্দ্রীয় চরিত্রগুলোর একটি! আট বছর আগের সেই টেস্টে টিভিতে ধারাভাষ্য দেওয়ার সময় তিনিই প্রথম সন্দেহ করেছিলেন বল টেম্পারিং নিয়ে এবং তিনিই সজাগ করেছিলেন টিভি ক্যামেরাপার্সনদের, যেটির প্রেক্ষিতে সেই বল টেম্পারিং ধরা পড়ে।

সেই ডি ভিলিয়ার্স এখন পুরোনো ঘটনা তুলে আনায় তীব্র আক্রমণ করলেন খাওয়াজাকে। জোহানেসবার্গে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রোটিয়া পেসার বললেন, বই বিক্রির জন্যই চাপা পড়া ইস্যু আবার জাগিয়ে তুলেছেন খাওয়াজা।

তিনি নিজেও ছিলেন দুর্দান্ত এক ক্রিকেটার। নব্বইয়ের দশকে তার সুইং বোলিং যারা দেখেছেন, তাদের ভোলার কথা নয় কখনোই। খাওয়াজা ও বল টেম্পারিং বিতর্কের নানা দিকের পাশাপাশি কথা বললেন নিজের ক্যারিয়ার, সুইং বোলিংয়ের নানা দিক ও আরও অনেক কিছু নিয়ে।

কেপ টাউনে সেই বল টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়েছিল মূলত আপনার সন্দেহের সূত্র ধরেই। সেই ঘটনা এখন আট বছর পর আবার তোলপাড় ফেলেছে। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটিকে?

ফানি ডি ভিলিয়ার্স: প্রথমত, আমার মনে হয় অস্ট্রেলিয়া যথেষ্ট শাস্তি পেয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট যথেষ্ট ভুগেছে। আমরা তো স্রেফ স্বচ্ছতাই চেয়েছিলাম। এখন এর চেয়ে বেশি কিছু অর্জন করার চেষ্টা করাটা অপ্রয়োজনীয়। আমার মনে হয়, উসমান খাওয়াজা যদি আমাদের ক্রিকেটারদের একজন হতো, যে কি না ড্রেসিংরুম থেকে সিস্টেমের বাইরে মুখ খুলত তাহলে সে গোটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে অত্যন্ত অজনপ্রিয় ব্যক্তি হয়ে যেত।

খাওয়াজা যা করেছে তা হলো, অস্ট্রেলিয়ান ক্রিকেটকে সে আবার কলঙ্কিত করেছে। সে তার সতীর্থদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি সরাসরি বলছি, অন রেকর্ড, সে একটা বিশ্বাসঘাতক, সে দেশদ্রোহী।

আশা করি, এই ঘটনা থেকে বই বিক্রি করে সে যে টাকা পাবে, সেই টাকা সে তার বন্ধুত্বগুলো পুনরায় জোড়া লাগাতে ব্যবহার করবে। আমার চোখে সে আর সব কিছু ছাপিয়ে ‘বিশ্বাসঘাতক।’

আমরা সবাই জানি যে, অস্ট্রেলিয়া দলের সবাই এটা জানত বা দলের বেশিরভাগ মানুষই এটা জানত (সিরিশ কাগজ ব্যবহার করার কথা)। এত বছর পর এই পুরো বিষয়টি আবার সামনে আনা খুবই অপ্রয়োজনীয় ছিল। তাই আমি আশা করি, অন্য যেকোনো কিছুর চেয়ে খাওয়াজাকে বিশ্বাসঘাতক হিসেবেই বিচার করা হবে।

অস্ট্রেলিয়ান ক্রিকেট তো একটা ভয়ঙ্কর দুর্বিপাকে পড়ে গেছে। তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে?

ডি ভিলিয়ার্স: ওহ, তারা তো আগেই বেরিয়ে এসেছে... ! তাদের সিস্টেম শক্তিশালী, চমৎকার সিস্টেম। ওই সময় তাদের তিন ক্রিকেটার এর মূল্য দিয়েছে।

আমার মনে হয়, গোটা ক্রিকেট বিশ্বের যা প্রয়োজন ছিল—এবং আমার মনে হয়, এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—তা হলো আম্পায়ারদের সতর্ক থাকা, আম্পায়ারদের উদ্যোগী হওয়া। যদি তারা সক্রিয় হয়, তাহলে সিস্টেম ভালো হয়। ওই ঘটনা তো সিস্টেমকে আরও ভালো করে তুলেছে।

খাওয়াজা যা করছে, নতুন এই পর্বটা মোটেও কোনো পরিবর্তন আনবে না। কোনো পার্থক্য গড়বে না।

এমনিতে বল টেম্পারিংকে আপনি কিভাবে দেখেন? খুব বড় অপরাধ হিসেবে তো এটাকে সেভাবে গণ্য করা হয়নি আগে কখনও। যুগে যুগেই হয়ে এসেছে নানা ভাবে...

ডি ভিলিয়ার্স: আমি কীভাবে দেখি... যখন বল ঘষার জন্য কোনো বাইরের পদার্থ ব্যবহার করা হয়, তখনই এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। বল ভেজানো হলে বা এক পাশ নিয়ে কাজ করা হলে, তখন তা বড় ব্যাপার হয় না।

তবে এটা ঠিক, তখন ওই ব্যাপারটি (স্যান্ডপেপারগেট) যতটা বড় নয়, এর চেয়ে বেশি বড় করে দেখানো হয়েছে।

আমাদের সময়ে, বল সুইং করা বন্ধ করে দিলে আমরা বলের এক পাশ ভিজিয়ে নিতাম। রিভার্স সুইং করানোর জন্য আমরা চকচকে দিকটা ভেজাতাম, যেটা সাধারণ ঘামের কারণে হয় এবং এটা করার অনুমতি ছিল। আমার সময়ে আমরা নখ দিয়ে বল ঘষতে পারতাম না। কারণ ঘষলে বল প্রথাগত সুইং করা বন্ধ করে দিত। আমাদের দলে বেশ কয়েকজন সুইং বোলার ছিল। তাই এটা আমাদের জন্য লাভজনক ছিল না।

রিভার্স সুইং কেউ পেতে চাইলে, বলটা ঘষার কোনো দরকার ছিল না। বলটা ভিজিয়ে ঘাম দিয়েই একই রকম রিভার্স সুইং পেতে পারতেন, ঠিক যেমনটা ঘষে নেওয়া পিচে হতো।

কিন্তু আবারও বলছি, আমরা যা অর্জন করতে চেয়েছিলাম, বল টেম্পারিং নিয়ে আম্পায়ারদের আরও সতর্ক ও সক্রিয় করা, সেটা তো আমরা অর্জন করেছিই। অস্ট্রেলিয়া ইতোমধ্যেই মূল্য চুকিয়েছে। খাওয়াজা এখন বাড়াবাড়ি করছে।

১৯৯৬ বিশ্বকাপে আপনাকে দেখা যেত বগলের নিচে বল ঘষতে...!

ডি ভিলিয়ার্স: এটা তো নিয়ম বিরুদ্ধ ছিল না। রিভার্স সুইংয়ের সময় যা হয়, তা হলো বলের চকচকে দিকটা থুতু, ঘাম বা অন্য যা কিছু দিয়ে ঘষে পালিশ করা হয়। যদি এটা খুব বেশি ভিজিয়ে ফেলা হয়, তাহলে এটা আর সুইং করে না। কারণ তখন এটা ভারী হয়ে যায় এবং সুইংয়ের বিরুদ্ধে কাজ করে। যখন এটা সুইং করা বন্ধ করে দেয়, তখনই রিভার্স সুইং শুরু করার জন্য ওই দিকটা আরও বেশি ভিজিয়ে নিতে হয়।

ওরা আমাকে থামাতে চেয়েছিল। আমি বলেছিলাম, “কোন নিয়মে থামাবেন? বই দেখান।” এমন কোনো নিয়ম ছিল না যে আমি এটা করতে পারব না। আমি বলেছিলাম, “প্রয়োজন হলে আমাকে জরিমানা করুন। কিন্তু আপনারা আমাকে জরিমানা করতে পারবেন না, কোনো নিয়মই নেই।”

স্বাস্থ্যবিধির ব্যাপারটি নিয়েও আলোচনা হয়েছিল তখন...

ডি ভিলিয়ার্স: কোনটা কম স্বাস্থ্যকর? থুতু ফেলা, নাকি এটা? এটা তো রক্তাক্ত থুতুর চেয়ে ভালো! সবাই যখন আঙুলে থুতু ফেলে সেগুলো বলে লাগাচ্ছে, তখন স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলাটা হাস্যকর।

কেপ টাউনের বল টেম্পারিংয়ে ফেরা যাক। আপনার ওই সময় কেন সন্দেহ হয়েছিল যে, অস্ট্রেলিয়ানরা টেম্পারিং করছে এবং কিভাবে সেটা ধরতে পেরেছিলেন?

ডি ভিলিয়ার্স: দেখুন, দক্ষিণ আফ্রিকায় এসে ২৭-২৮ ওভারের মধ্যে রিভার্স সুইং করানো সম্ভব নয়। স্রেফ অসম্ভব। এখানে ঘাসের আচ্ছাদন অনেক বেশি, এবং সুপারস্পোর্ট (টিভি চ্যানেল) এটা জানত, ক্যামেরাম্যানরা জানত, যারা ধারাভাষ্য দিত, তারাও জানত। পাকিস্তানের উইকেটে, বিশেষ করে কিছু নির্দিষ্ট উইকেটে, রিভার্স সুইং হয়; ভারতের কিছু নির্দিষ্ট উইকেটে এমনটা ঘটে। দক্ষিণ আফ্রিকায় যদি এমনটা হয়, তাহলে সেটা হতে পারে সম্ভবত সেন্ট জর্জেস পার্কে (গেবেখায়) ৫০ ওভারের দিকে হতে পারে। ২৩ থেকে ২৭তম ওভারের মধ্যে কখনোই নয়।

কাজেই আমরা নিশ্চিত ছিলাম, অস্ট্রেলিয়ানরা কিছু করছে। এজন্য আমাদের ক্যামেরাম্যানদের বলেছিলাম, “ভালোভাবে খেয়াল রাখো। ওরা কিছু একটা ব্যবহার করছে।” ওরা দেড় ঘণ্টা ধরে খোঁজার পর কিছু একটা দেখতে পায় এবং তারপর ওরা ক্যামেরন ব্যানক্রফটকে অনুসরণ করতে শুরু করে। বাকিটা তো জানেনই।

উসমান খাওয়াজা এতদিন পর এসব কেন বলছেন বলে মনে হয়? স্রেফ বই বিক্রির জন্যই?

ডি ভিলিয়ার্স: আমি তো খাওজার কোনো কথা বা তার দাবিগুলোকে প্রচারের সুযোগই দিতে চাই না, কারণ সে এর যোগ্য নয়!

সে ঠিক না ভুল, তাতে কিছু যায় আসে না। এমনকি ক্রিকেট খেলাকে আবার কলঙ্কিত করার যোগ্যও সে নয়। সে যা করেছে, তাতে গণমাধ্যমের কাছে আসার সুযোগ পাওয়াটাও তার প্রাপ্য নয়। খুবই অপ্রয়োজনীয় কাজ করেছে সে। সব মিটে গিয়েছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেট মূল্য দিয়েছে এজন্য এবং তারা অনেক আগেই বলে দিয়েছে যে, এটা আর করবে না। খাওয়াজাকে এখন কোনো প্রচারের সুযোগ দিতে চাই না।

অস্ট্রেলিয়া একটি অসাধারণ দল এবং দারুণ ক্রিকেট খেলুড়ে দেশ। এমন একটা ক্রিকেট সিস্টেম ওদের, যেখান থেকে আমরা সবাই শিখতে পারি। ঔপনিবেশিকভিত্তিক কার্যকর ব্যবস্থা, যা বেশিরভাগ দেশের চেয়েও বেশি কার্যকর।

অস্ট্রেলিয়ান ক্রিকেট আমি উপভোগ করি এবং সবসময় অস্ট্রেলিয়ান ক্রিকেটকে সমর্থন করব। তবে মিডিয়াকে সমর্থন করি না, কারণ তারা খাওয়াজাকে বিশ্বাসঘাতক না বলে শুধু তার কথাই প্রচার করছে। অথচ সে একটা বিশ্বাসঘাতক, যে কি না তার বন্ধু ও সতীর্থদের বিক্রি করে দিয়েছে।

আপনার ক্ষোভ স্পষ্ট বোঝা যাচ্ছে। আপাতত ক্রিকেটে ফেরা যাক। অস্ট্রেলিয়ান ক্রিকেট আপনি উপভোগ করেন। সেই অস্ট্রেলিয়াকেই আপনি গুড়িয়ে দিয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ে। শেষ ইনিংসে ১১৭ রান তাড়ায় ১১১ রানে গুটিয়ে গিয়েছিল বোর্ডার-বুন-ওয়ান-টেইলরদের অস্ট্রেলিয়া। ইতিহাসের সেরা ম্যাচগুলির একটি মনে করা হয় সেটিকে এবং আপনিই ছিলেন নায়ক। এত বছর পর পেছন ফিরে তাকিয়ে কতটা মনে পড়ে?

ডি ভিলিয়ার্স: সেই ১৯৯৪ সালের কথা। অনেকটা অতীতে ফিরে যেতে হবে। ওরা বিশ্বের এক নম্বর দল ছিল। আমরা সবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলাম। ২০ বছর ধরে আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারিনি। ফেরার পরের সময়টায় ওই জয় আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করেছিল।

ওই ম্যাচের সবচেয়ে বেশি যা মনে পড়ে, তা হলো, কেউ আমাদের আশা দেখেনি। সত্যি বলতে, সেই ম্যাচে টস জেতাটা আমাদের অনেক সাহায্য করেছিল, কারণ ওই পিচে শেষ দুই দিন ব্যাটিং করা কখনোই সহজ ছিল না। আর সেই দিনটি ছিল এমন দিন, যেদিন সবকিছু পক্ষে আসে।

ওই ম্যাচ নিয়ে টনি গ্রেগের সঙ্গে আপনার খুনসুটিও বিখ্যাত হয়ে আছে...

ডি ভিলিয়ার্স: টনি বলেছিল, “আমাদের ম্যাচ জেতার সম্ভাবনা মিলিয়নে একবার।” আমরাই শেষ পর্যন্ত জিতেছিলাম।

এমনিতে আমরা বহু বছরের বন্ধু। আমরা আসলে দুজনে এটা নিয়ে কখনও কথা বলিনি। সাক্ষাৎকারে তার মন্তব্যটা বারবার বলা হতো। তার মন্তব্য সম্পর্কে আমি জানতামও না, পরে হাইলাইটসে দেখেছিলাম।

জিমেই থাকতাম। সাধারণ সারাদিনে ১৫ ওভারের মতো বল করতাম আমি। এই ম্যাচে একটানা ১৬ ওভার বোলিং করছিলাম দলকে জেতাতে। পেস বোলিং হলো ২০ শতাংশ বোলিং, ৮০ শতাংশ পেশী এবং সহনশীলতা।

আপনার ক্যারিয়ারের রেকর্ড অসাধারণ। ১৮ টেস্টে ৮৫ উইকেট, ৮৩ ওয়ানডেতে ৯৫টি। স্ট্রাইক রেট, গড়, ওভারপ্রতি রান, সবই দুর্দান্ত। তার পরও আরও বেশি খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার হয়ে, আক্ষেপ হয় না?

ডি ভিলিয়ার্স: অভিষেক হতেই তো ২৮-২৯ বছর লেগে গেছে! আমরা যখন খেলছি, দক্ষিণ আফ্রিকা তো তখন নিষিদ্ধ। তখন শুধু কিছু রেবেল ক্রিকেটেই খেলা হতো। আমি কিছু খেলেছি সেসব। কাউন্টি খেলেছি এক মৌসুম, কেন্টের হয়ে। আমাদের এমন ডাবল ইন্টারন্যাশনাল খেলোয়াড় ছিল, যারা কাউন্টি ক্রিকেট খেলতে পারত। আমি অর্ধেক মৌসুম সেটা খেলেছি। একই সঙ্গে পড়াশোনাও করতে হয়েছে। সেনাবাহিনীতে ছিলাম দুই বছর। সব মিলিয়েই দেরি হয়েছে। ২২-২৩ বছর বয়সে শুরু করলে নিশ্চয়ই আরও বেশি খেলতাম। সেটা তো হওয়ার ছিল না।

আরেকটা হতাশার ব্যাপার যে, নিষেধাজ্ঞা থেকে ফেরার পরও দক্ষিণ আফ্রিকা বেশি টেস্ট খেলার সুযোগ পায়নি। আমি পাঁচ বছরে স্রেফ ১৮টি টেস্ট খেলতে পেরেছি। কিছু ম্যাচ চোটের কারণে খেলতে পারিনি, কিন্তু ম্যাচও বেশি ছিল না আমাদের। অন্যান্য দলগুলির সূচি তো আগেই ঠিক ছিল। আমরা ফেরার পর সেসবের ফাঁকে একটি-দুটি করে খেলেছি টেস্ট। শুধু আমি নই, আমাদের আরও অনেক ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান এজন্য সমৃদ্ধ হয়নি।

তবে আমরা ফেরার পরই আন্তর্জাতিক ক্রিকেটকে পরের স্তরে পৌঁছে দিতে সহায়তা করেছি। যেমন, ফিল্ডিং বদলে দিয়েছিলাম আমরা। আমাদের ফিল্ডিং নিঃসন্দেহে ছিল বিশ্বের সেরা। স্লোয়ার ডেলিভারির কার্যকর ব্যবহার আমরা করেছি। বব উলমারের হাত ধরে আমরা সুইপিংয়ের উদ্ভাবন করি—এক্ষেত্রে বব উলমারের বিশাল ভূমিকা ছিল। আমরা উইকেটকিপিংয়েও নতুন কিছু উদ্ভাবন করেছিলাম। ডেভ রিচার্ডসনই প্রথম উইকেটকিপার, যিনি উইকেটের সামনে থেকে বল টেনে দ্রুত সরাসরি স্টাম্পে বল লাগিয়েছেন। এরকম অনেক কিছুই আমরা করেছিলাম।

আপনি তো ক্যারিয়ারের শেষ টেস্টেও আট উইকেট নিয়েছিলেন। এর মধ্যে ছিল এক ইনিংসে ২৩ রানে ৬ উইকেট। এরপরও আর খেললেন না কেন?

ডি ভিলিয়ার্স: আপনাকে বলছি শুনুন। ইংল্যান্ডে আমার শেষ ক্লাব ক্রিকেট ম্যাচে, আমি ১০টির মধ্যে ৯টি উইকেট নিয়েছিলাম। ট্রান্সভালের বিপক্ষে আমার শেষ প্রাদেশিক ম্যাচে, ভুল না করে থাকলে, দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলাম। শেষ টেস্ট ম্যাচে ৮টি উইকেট নিয়েছিলাম। এরপর আর কখনও বোলিং করিনি। আর ক্রিকেট খেলিনি।

কেন খেলেননি?

ডি ভিলিয়ার্স: আমার যা করার ছিল, তা করে ফেলেছি। আর কিছু করার ছিল না।

ধরুন, আপনি যদি কোনো কোম্পানির প্রধান নির্বাহী হন, পরে আপনি কি আবার সেলসের কাজে ফিরে যাবেন? আমি আর কিছু করতে চাইনি।

পাইপলাইনের ব্যাপারও ছিল। শন পোলকের মতো তরুণটা উঠে আসছিল। আমার বাচ্চাদের বয়স তখন ছিল চার ও পাঁচ বছর। আমার মনে হয়েছিল, বাড়ি ফেরার সময় হয়েছে। বাচ্চাদের বেড়ে উঠতে, খেলতে দেখতে চেয়েছিলাম। ৩৩-৩৪ বছর বয়সে যখন তিন-চার মাস পর বাড়ি ফিরে দেখি সন্তানেরা আমাকে চিনতে পারছে না, তখন তা মেনে নেওয়া কঠিন।

অ্যালান ডোনাল্ডের সঙ্গে বোলিং করার অভিজ্ঞতা কেমন ছিল? তিনি ছিলেন গতিময় ও ভয়ঙ্কর, আপনি সুইং বোলার…

ডি ভিলিয়ার্স: আমি আর অ্যালান একসাথে বিদ্রোহী যুগে খেলেছি, তাই আমরা স্বাভাবিকভাবেই পরস্পরের খেলার ধরণ বুঝতাম। ও ছিল মূলত স্ল্যান্ট-ইন বোলার, মাঝে মাঝে বল ভেতরে সুইং করাত; আমি ছিলাম আউট-সুইং বোলার—দুজন ভিন্ন ধরনের বোলার। কিন্তু আমাদের জুটি ভালো ছিল।

ব্রায়ান ম্যাকমিলান, ক্রেইগ ম্যাথিউসও ভালো ছিল। স্পিনার হিসেবে ছিলেন প্যাট সিমকক্সের মতো ক্রিকেটার ছিল। ভালো স্মৃতি এসব, ভালো বন্ধু ওরা।

ইংলিশ পেসার ডেভন ম্যালকম যে ম্যাচে এক ইনিংসে ৯ উইকেট নিয়ে আপনাদের ধসিয়ে দিল, সেই ম্যাচের একটি গল্প শোনা যায় খুব। আপনার বাউন্সার হেলেমেটে লেগে পড়ে গিয়েছিলেন ম্যালকম। এরপর তিনি নাকি বলেছিলেন, “ইউ গাইজ আর হিস্টরি…।” এরপর তো অবিশ্বাস্য বোলিং করলেন। গল্পটা সত্যি?

ডি ভিলিয়ার্স: মজার ব্যাপার কি জানেন? এই তো, গত ৯ জুন উস্টারে আমি আর ম্যালকম একসঙ্গে ডিনার করলাম। একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান ছিল এবং খুব মজার ছিল।

হ্যাঁ, ওই গল্পটা সত্যি। ম্যালকমের তো ব্যাটের হাত তেমন ভালো ছিল না। তার হেলমেটে আঘাত করা এমন বড় ব্যাপার তাই ছিল না। আমার মনে আছে, তার হেলমেটে বল লাগার পর ব্যাজটি খুলে পড়ে গিয়েছিল এবং সে স্পষ্টতই বেশ ক্ষুব্ধ হয়েছিল। সেটিই বোলিংয়ে উগড়ে দিয়েছে।

তবে আরেকটা মজার ব্যাপার জানেন তো? ওই ম্যাচে ও ৯ উইকেট নিলেও যে উইকেটটি নিতে পারেনি, তা আমার! এবার ডিনারেও ওকে বললাম, ‘যে ব্যাটসম্যানকে আউট করতে পারোনি, সেটা কিন্তু ছিলাম আমিই...।’

কেপলার ওয়েসেলস এবং হ্যান্সি ক্রনিয়ে দুজনের নেতৃত্বেই খেলেছেন। কে কেমন অধিনায়ক ছিলেন?

ডি ভিলিয়ার্স: নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আমাদের কেপলারকে খুব দরকার ছিল। অস্ট্রেলিয়ায় প্রচুর খেলার সুবাদে তিনি টেস্ট ক্রিকেট জানতেন, বিশ্বের বিভিন্ন ভেন্যুর সঙ্গেও পরিচিত ছিলেন। সেই সময়ে আমাদের যে জানাশোনার ঘাটতি ছিল, তা তিনি আমাদের দিতে পেরেছিলেন। সেই সময়ে আমাদের ঠিক এই ধরনের অধিনায়কেরই প্রয়োজন ছিল, তিনি খেলাটিকে আগাগোড়া জানতেন। খুব স্বল্পভাষী প্রকৃতির ছিলেন এবং ক্রিকেটারকে তাকে প্রবল শ্রদ্ধা করত।

কেপলারের কাছ থেকেই অনেক কিছু শিখেছিল হান্সি। তবে সে আলাদা ধরনের অধিনায়ক ছিল। ক্রিকেটারদের সে দারুণভাবে অনপ্রাণিত করতে পারত। এটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল।

আপনার মতো এরকম পুরোদস্তুর সুইং বোলার এখন এত বিরল কেন?

ডি ভিলিয়ার্স: মূল কারণ অ্যাঙ্গল.... অ্যাঙ্গল।

আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিচ্ছি— আপনি কতবার দেখেছেন একজন বোলার শুধু ওপরে-নিচে, ওপরে-নিচে, ওপরে-নিচে বল করছে, কিন্তু বল তেমন সুইং করছে না, বা করলেও সামান্য করছে। তারপর একটা ওয়াইড বল করতেই সেটা ওভাবে সুইং করছে? আপনি কি এটা দেখেছেন? যার মানে হলো, বলটা অতটা সুইং করতে পারে। ঠিকঠাক করার জন্য আপনাকে শুধু অ্যাঙ্গেল বদলাতে হবে।

এটা একটা পরিমার্জিত কোচিং পদ্ধতি। আমার কাছে অনেক বোলার এসেছে— আমি ১০ বলের মধ্যেই তাদের দিয়ে আরও বেশি সুইং করানো শিখিয়েছি। কারণ কাজটা আমি জানি। এটা নিয়ে আমি ১৫ বছর ধরে গবেষণা করেছি।

সুইং পুরোটাই কব্জির খেলা। একই অ্যাকশনে দৌড়ে এসে কব্জিটা একদিকে ঘোরাতে পারেন বা অন্যদিকেও ঘোরাতে পারেন। লোকে এসব জানে না। কেউ আসলে একই অ্যাকশনে দুটোই করতে পারে। ক্রিকেট বইয়ে যেমনটা বলা হতো, সেভাবে ক্রিজ খোলা বা বন্ধ করারও কোনো দরকার নেই। কিন্তু ম্যানেজমেন্ট এবং কোচিংয়ে সত্যিকারের জ্ঞানের অভাব। এই কারণেই সুইং বোলার কম।

শুধু উঠতি ক্রিকেটার নয়, শীর্ষ পর্যায়ের টেস্ট বোলারদের সুইং শেখানো যায় আরও। আপনি হাসান মাহমুদকে দিন আমার হাতে, বা তাদের যেকোনো একজনকে দিন। যদি তারা তাদের সুইং হারিয়ে ফেলে, আমি এক ঘণ্টার মধ্যে তাদের দিয়ে বল সুইং করিয়ে ছাড়ব, শুধুমাত্র বোধের প্রতি তাদের ধারণা বদলে দিয়ে। এটা জ্ঞানের বিষয়। এটা আইকিউ-এর বিষয়। এটা একটা একাডেমিক নীতি, যা বোঝা দরকার।

মজার ব্যাপার হলো, তারা এটা করে না। আমি দেখতে পাই। আমি ধারাভাষ্য দিই আর বলি, “শুনুন, এই ছেলেটা, যদি সে শুধু এই এই কাজগুলো করে, তাহলে সে বল সুইং করাবে।” আমি দৌড়ে এসে বল করতাম—বল সুইং না করলে, বলটা ঘুরিয়ে দিতাম; সুইং করে না, করে না... ছয়-সাতটা বল করার পর, অফ স্টাম্পের বাইরে ডেলিভারিটা করতাম। যদি বল সুইং করে, তাহলে আমি জানি যে সুইং আছে: আর্দ্রতা ঠিক আছে, বল ঠিক আছে, পিচও ঠিক আছে। তারপর আমি শুধু আমার অ্যাঙ্গল পরিবর্তন করি, এবং ওই সুইং পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে, সেসব বেশি বেশি শুরু করি।

আপনার অফ-কাটারও তো বিখ্যাত ছিল। কিভাবে রপ্ত করেছিলেন ?

ডি ভিলিয়ার্স: ১৯৯০ সালে কেন্টের হয়ে কাউন্টিতে খেলেছি। সেই মৌসুমে তারা ডিউকস বলের সিম কমিয়ে দিয়েছিল এবং বলের সুতোকে আরও সরু করে দিয়েছিল। আগের বছরের ইংলিশ গ্রীষ্ম ছিল বৃষ্টিময়। এতে বোলারদের দাপট ছিল অনেক বেশি। এজন্যই পরের মৌসুমে সিমটা কমিয়ে দিল।

তবে সেই ১৯৯০ সাল ছিল ১৪ বছরের মধ্যে ইংল্যান্ডের সবচেয়ে শুষ্ক গ্রীষ্ম। আমরা বল সুইং করাতে পারছিলাম না। তাই আমাকে অফ-কাটার করতে হয়েছিল। প্রথম বল থেকেই আমি ক্রস-সিম, নিচু হয়ে থাকা অফ-কাটার করতাম। শুধু অফ-কাটারই করতাম এবং বারবার অনুশীলন ও মাসল মেমোরি আমাকে সারাদিন ধরে এটাই করতে অভ্যস্ত করে তুলেছিল।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিচারকও হয়েছিলেন আপনি। ক্রিকেটের সঙ্গে সেটার সংযোগটা ছিল কীভাবে!

ডি ভিলিয়ার্স: সেটা এমন কিছু নয়। ১৯৯৫ সালের মিস ওয়ার্ল্ডের বিচারকদের একজন ছিলাম, সান সিটিতে হয়েছিল যেটি। আমি তখন দক্ষিণ আফ্রিকায় তুমুল জনপ্রিয়। তারা স্থানীয় একজন তারকা খুঁজছিল। সেভাবেই নিয়েছিল আমাকে।

শেষ প্রশ্ন, আপনি কখনও ক্যারিয়ারে বল টেম্পারিং করেছেন?

ডি ভিলিয়ার্স: করি বা না করি, কী যায়-আসে এখন? শুধু আপনাদেরকে আবারও বলছি, ওই বিশ্বাসঘাতক খাওয়াজাকে আর এক বিন্দুও গুরুত্ব ও প্রচার দেবেন না।