১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

এন্দ্রিক-এস্তেভোঁদের উপভোগের মঞ্চ গড়ে দিতে চান ভিনিসিউস

ব্রাজিলের এই তারকা বলেছেন, এজন্য প্রত্যাশার সব চাপ নিজে এবং দলের অন্য সিনিয়র খেলোয়াড়রা সামলাতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 06:35 PM

Updated : 16 Nov 2026, 06:42 PM

জাপানের বিপক্ষে হারের ধাক্কাটা বেশ জোরেশোরেই লেগেছে ব্রাজিল দলে। তাইতো সিঙ্গাপুর ম্যাচের আগেও ঘুরেফিরে আসছে সেই ম্যাচের প্রসঙ্গ। চাপের মুখে ভিনিসিউস জুনিয়র দায় এড়ালেন না। বরং দলকে সাফল্যের পথে এবং তরুণ সতীর্থদের নিজেদের মেলে ধরার সুযোগ করে দিতে, নিজে ও দলের অন্য সিনিয়র খেলোয়াড়রা সব চাপ নিতে চান।

বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে গত শনিবার জাপানের বিপক্ষে শুরুতেই চার মিনিটে দুই গোল হজম করে বসে ব্রাজিল। পরে ভিনিসিউসের দুই অর্ধের গোলে ঘুরে দাঁড়ালেও, যোগ করা সময়ে আরেকটি হজম করে ৩-২ ব্যবধানে হেরে বসে তারা।

এশিয়ার দলটির বিপক্ষে শুরুতেই এমন এলোমেলো হয়ে পড়া, এবং পরে ছন্দে ফিরেও খেই হারিয়ে ফেলায় প্রবল সমালোচনা হচ্ছে কোচ কার্লো আনচেলত্তি ও তার দলের। ব্রাজিলের গ্রেট ফুটবলার রোমারিও তো উত্তরসূরিদের কোচ হিসেবে আনচেলত্তিকে আর দেখতেই চান না। তবে ভিনিসিউস এখনই হাল ছাড়ার কোনো কারণ দেখছেন না।

বছরের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল চারটায়। আগের দিন সংবাদ সম্মেলনে ধৈর্য ধরার আহ্বান জানালেন ভিনিসিউস।

“(জাপানের বিপক্ষে) আমরা জিততে না পারায় সবাই হতাশ। তবে আমরা এখন অনেক নতুন খেলোয়াড়দের নিয়ে দল গড়ে তোলার পর্যায়ে আছি। আমরা একে অপরের সম্পর্কে জানছি, আর এই জাপান দলে ১৫-১৬ জন খেলোয়াড় আছে যারা বিশ্বকাপ খেলেছে, আমাদের অত বেশি অভিজ্ঞ খেলোয়াড় নেই।

“আমাদের জন্য ভালো একটা পরীক্ষা হয়েছে এবং প্রতিপক্ষ দলগুলো থেকে আমরা শিখছি।”

বিশ্বকাপের পরপরই আনচেলত্তি ঘোষণা দেন, বয়সের কারণে আগামী বিশ্বকাপে যাদের খেলার সম্ভাবনা সীমিত তাদেরকে বাদ দিয়ে তরুণদের নিয়ে নতুন স্কোয়াড গড়ে তোলার। সেই লক্ষ্যে গত আন্তর্জাতিক বিরতিতে দলে ৯ জন নতুন খেলোয়াড় ডাকেন তিনি। এবারও তার দলে তরুণরা প্রাধান্য পেয়েছে।

তাইতো ২৬ বছর বয়সে ভিনিসিউস এখন ব্রাজিল দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার। ২০১৯ জাতীয় দলে প্রথম ডাক পাওয়া থেকে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৫৬টি ম্যাচ। জাতীয় দলের জার্সিতে তিন হাজার ৯৫০ মিনিট খেলার অভিজ্ঞতা থেকে ভিনিসিউস বুঝতে পারছেন, দলে তার দায়িত্ব এখন অনেক বেশি। অভিজ্ঞ সতীর্থদের নিয়ে তরুণদের জন্য স্বস্তিকর পরিবেশ গড়ে তুলতে চান রেয়াল মাদ্রিদ তারকা।

“তরুণ খেলোয়াড়দের এখানে এসে নিজেদের উপভোগ করতে হবে, খেলার মাঝে আনন্দ খুঁজে নিতে হবে এবং কোনোরকম বাড়তি দায়িত্ব ছাড়াই খেলতে হবে। আমি ইতোমধ্যে দুটি বিশ্বকাপ খেলেছি, আর তাই সবচেয়ে বড় দায়িত্বটা আমার, কারণ আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, কারণ আমি বিশ্বের সেরাদের একজন।

“ইতোমধ্যে আমি দায়িত্বটা নিয়েছি, যেন এন্দ্রিক, এস্তেভোঁ ও অন্য তরুণরা শিখতে পারে এবং বেড়ে ওঠে। তাদের জন্য সেই পরিবেশ তৈরিতে আমি, হাফিনিয়া, মার্কিনিয়োস, (গাব্রিয়েল) মাগালাইস ও ব্রুনো গিমারাইস সেই দায়িত্ব নিব।”