২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিময় সেই মাঠে গত সফরের সুখস্মৃতি ফেরানোর অভিযানে ইয়াাসির

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে স্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ, সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দারুণ ইনিংস খেলেছিলেন ইয়াসির আলি চৌধুরি।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 07:35 PM

Updated : 26 Nov 2026, 07:35 PM

টিম বাস থেকে নেমে কিটব্যাগ নিয়ে মাঠের দিকে এগিয়ে গেলেন ইয়াসির আলি চৌধুরি। তার মনে কি রোমাঞ্চের কোনো অনুরণন খেলে গেল তখন? সাড়ে চার বছর আগের আনন্দময় সেই স্মৃতি কি দোলা দিয়ে গেল তার হৃদয়ে!

বাংলাদেশের জার্সিতে ৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির। এই ছোট্ট অধ্যায়ে সবচেয়ে স্মরণীয় ইনিংসটি এই মাঠেই। খুব বড় কোনো ইনিংস সেটি নয়। তিন সংস্করণেই তার ফিফটি স্রেফ একটি করে। কোনো ইনিংসই ৫৫ ছাড়াতে পারেনি। তার পরও সেঞ্চুরিয়নের ওই ইনিংসটি অনেকেরই মনে থাকার কথা।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সবশেষ সফর ছিল সেটি। ২০২২ সালের সেই সফরে প্রথম ওয়ানডেতে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন তামিম ইকবাল (৪১) ও লিটন কুমার দাস (৫০)। তিনে নেমে দলকে এগিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান (৭৭)। পরে ইনিংসের মাঝের সময়টা থেকে শেষের দিকে দলের ইনিংসকে গতি দিয়েছিল ইয়াসিরের ৪৪ বলে ৫০ রানের ইনিংস।

ইয়াসিরের ইনিংসটিই দলকে সহায়তা করেছিল তিনশ ছাড়াতে। পরে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। পরে দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও তৃতীয় ম্যাচে এই সেঞ্চুরিয়নেই শেষ ম্যাচটি জিতে ঐতিহাসিক সিরিজ জয়ের সাফল্যে নিজেকে রাঙিয়েছিল তামিমের নেতৃত্বাধীন দল।

ওই সিরিজের পর আর স্রেফ তিনটি ম্যাচ খেলেই ওয়ানডে দলে জায়গা হারান ইয়াসির। নানা পথ পেরিয়ে সাড়ে তিন বছর পর আবার ওয়ানডে দলে ফিরলেন তিনি দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই। সেঞ্চুরিয়নে এবার কোনো ওয়ানডে নেই। তার পরও ইয়াসির সেই ভেন্যুতে ফিরতে পারলেন একটু নাটকীয়ভাবেই।

সব ঠিকঠাক থাকলে সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিনের খেলা চলার কথা বৃহস্পতিবারও। কিন্তু ম্যাচ তো শেষ আগের দিনই! বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডের যারা দেশে থেকে এসে যোগ দিয়েছেন দলের সঙ্গে, সেই চার ক্রিকেটারের বিশেষ অনুশীলনের আয়োজন করা হয় এ দিন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগযোগ করে সেঞ্চুরিয়নে বিশেষভাবে এই সেশনটির ব্যবস্থা করে টিম ম্যানেজমেন্ট।

এতেই সেঞ্চুরিয়নে ফেরার সুযোগ পান ইয়াসির। তার সঙ্গে ছিলেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও তানভির ইসলাম। চার ক্রিকেটারের সঙ্গে ছিলেন কোচি স্টাফের সবাই- প্রধান কোচ, সহকারী কোচ, ব্যাটিং কোচ, স্পিন বোলিং কোচ, ট্রেনার এবং অন্যরা। ওয়ানডে দলের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন এ দিনই। তিনি ছিলেন না অনুশীলনে।

ক্রিকেটার স্রেফ চারজন হলেও গা গরম করা, ফিল্ডিং অনুশীলন এবং পরে ব্যাটিং-বোলিংয়ের লম্বা সেশন ছিল বরাবরের মতোই।

অনুশীলনের পর ইয়াসির বললেন, সবশেষ সফরে তার সেই ইনিংস ও দলের সাফল্য এবারও কাজ করতে প্রেরণাশক্তি হয়ে।

“সবশেষ যখন আমরা দক্ষিণ আফ্রিকায় এসেছিলাম, আমরা ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আমিও দলকে সাপোর্ট করতে পেরেছিলাম। অবশ্যই একটা প্রেরণা থাকবে, একটা ভালো লাগা কাজ করবে। যে ভালোটা সেবার হয়েছে, সেটিকেই এবার এগিয়ে নেওয়ার চেষ্টা করব।”

২০২৩ সালের মার্চের পর ওয়ানডেতে আর মাঠে নামার সুযোগ না পেলেও দলের ফেরার বিশ্বাস তার ভেদরে ছিল বলেই জানালেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

“অনেক দিন পর ওয়ানডে দলে ফিরেছি, ভালো লাগছে। প্রত্যাশা সবসময়ই থাকত যে ওয়ানডে দলে আবার ফিরব। জাতীয় দলে ফিরব। আশা সবসময়ই ছিল যে, আবার দলে ফিরবে বাংলাদেশকে সার্ভ করব।”

এবারের সিরিজে ভালো করতে পারলে বড় আরেকটি হাতছানিও থাকবে ইয়াসিরের জন্য। এক বছর পর ওয়ানডে বিশ্বকাপের তিন স্বাগতিক দেশের একটি তো দক্ষিণ আফ্রিকায়। এবার এখানে পারফর্ম করতে পারলে দলে জায়গা পোক্ত করার পাশাপাশি বিশ্বকাপ ভাবনায়ও চলে আসবেন তিনি।

ইয়াসির অবশ্য এখনই দূর ভবিষ্যতে না তাকিয়ে আপাতত মাথায় রাখতে চান স্রেফ এবারের সিরিজই।

“আসলে অত দূরে (২০২৭ বিশ্বকাপ) চিন্তা করতে চাচ্ছি না। যেহেতু সামনে আমাদের দক্ষিণ আফ্রিকা সিরিজ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা। এটা নিয়েই আপাতত পরিকল্পনা। পরেরটা পরে দেখা যাবে। তবে সবসময় চেষ্টা থাকবে, যার বিপক্ষেই খেলা হোক, যে সিরিজই হোক, আমরা যেন ভালো খেলে জিততে পারি।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে ছাপ রাখার কাজটি মোটেও সহজ হওয়ার কথা নয় ইয়াসিরের জন্য। দলের জন্যও কাজটি খুব কঠিন। বিশেষ করে সেঞ্চুরিয়ন টেস্টে চরমভাবে পর্যদুস্ত হওয়া ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলের আত্মবিশ্বাস এখন তলানিতে।

ইয়াসিরের অবশ্য আশা, নতুন সংস্করণে নতুনভাবেই তরতাজা হয়ে মাঠে নামবে দল।

“যেটা চলে গেছে, সেটা তো চলেই গেছে। সামনে ওয়ানডে সিরিজ। আমরা চেষ্টা করব এই সময়টায় সবাই একসঙ্গে থেকে বাংলাদেশকে জেতানোর। যেহেতু আমরা ওয়ানডেতে ভালো খেলেছি ও ভালো খেলে এসেছি, সবসময় একটা প্লাসপয়েন্ট থাকে আমাদের। খুব ভালো দল। ওভাবেই চেষ্টা থাকবে, আমরা যেন ওয়ানডে সিরিজটি জিততে পারি।”

ইয়াসির যদিও বলছেন, ওয়ানডেতে ভালো খেলছে দল, বাস্তবতা আসলে উল্টো। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হেরে ফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এর আগের সিরিজে হেরেছে জিম্বাবুয়ের কাছে। সেই চিত্র বদলানোর কঠিন চ্যালেঞ্জ এবার দক্ষিণ আফ্রিকায়।

তিন ম্যাচের সিরিজটি শুরু কুগুম্পো সিটিতে আগামী মঙ্গলবার। বাংলাদেশ দল আপাতত থাকবে জোহানেসবার্গেই। কুগুম্পো সিটিতে যাবে তারা শনিবার।