মকবুল হত্যা মামলা: পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান কারাগারে
বুধবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের সাবেক এডিসি রাকিবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বলেন, “আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।”
এর আগে বুধবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা কার্যালয় থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে ঢাকায় আনা হয়। গ্রেপ্তারের সময় রাকিবুল অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাঙামাটি এপিবিএনে সংযুক্ত ছিলেন।
তাকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরবর্তীতে তার রিমান্ড আবেদন করা হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা দরকার।
রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের নারায়নপুর গ্রামে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবির হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। ভাঙচুর চালানো হয় বিএনপি কার্যালয়ে। কার্যালয়ের পাশে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি ওিই ঘটনায় বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন।
