খাওয়াজার মন্তব্য ‘শতভাগ সঠিক’, বল টেম্পারিং তদন্ত নিয়ে প্রশ্ন ওয়ার্নারের
উসমান খাওয়াজার আত্মজীবনী প্রকাশের আগে ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির তদন্ত নিয়ে ‘জবাবদিহিতা’ ও ‘স্বচ্ছতা’ দাবি করেছেন ওই ঘটনায় শাস্তি পাওয়া ডেভিড ওয়ার্নার।
আলোচিত-সমালোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তোপের মুখে পড়া উসমান খাওয়াজার পাশে দাঁড়িয়েছেন ডেভিড ওয়ার্নার। ওই ঘটনায় শাস্তি পাওয়া অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার বললেন, তার ছোটবেলার বন্ধু খাওয়াজা ‘শতভাগ সত্য’ তুলে ধরেছে।
এখানেই থামেননি ওয়ার্নার। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ঘটা ওই কাণ্ড নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তকে ‘ত্রুটিপূর্ণ’ বলেছেন তিনি। খাওয়াজার আত্মজীবনী ‘সব্র’ প্রকাশের আগের দিন সোমবার, এর ‘জবাবদিহিতা’ ও ‘স্বচ্ছতা’ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
আত্মজীবনীর কিছু অংশ গত শনিবার ‘নাইন নিউজপেপার্স’-কে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন খাওয়াজা। আট বছর আগের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে যেন বোমা ফাটান তিনি। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার বলেন, প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় টেস্টের ওই ঘটনায় জড়িত ছিল পুরো দল। এমনকি ওই সিরিজের আগের টেস্টেও নাকি বলে সিরিষ কাগজ ব্যবহার করেছিলেন তারা।
নিজের লেখা বইয়ে খাওয়াজা দাবি করেছেন, শুরু থেকে দলের সবাইকে সম্মিলিতভাবে দায় নেওয়ার আহ্বান বারবার জানান তিনি। আরও বলেন, কী ঘটেছিল সেটা তার জানা থাকলেও তদন্তের সময় তাকে কখনো জিজ্ঞাসাবাদই করা হয়নি।
খাওয়াজার এসব দাবি উড়িয়ে দেন ওই সময়ের অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লিমান। খাওয়াজার বিস্ফোরক মন্তব্যকে বই বিক্রির প্রক্রিয়ার অংশ বলেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেইলর প্রশ্ন তোলেন, খাওয়াজার তথ্যগুলো সামনে আনার সময় নিয়ে। পরে রোববার ইনস্টাগ্রামে একটি ভিডিওতে খাওয়াজা বলেন, ওয়ার্নারকে দেওয়া কথা রাখতে এসব প্রকাশ করেছেন তিনি।
ওই ঘটনার সময় অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ছিলেন ওয়ার্নার। তার সঙ্গে শাস্তি পান ওই সময়ের অধিনায়ক স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি নেতৃত্বের দায়িত্ব পালনে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয় ওয়ার্নারকে। ২০২৪ সালে অবশ্য নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলতে এখন নেপালে আছেন ওয়ার্নার। ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া খাওয়াজার মন্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সেখান থেকে একটি ভিডিও দেন ওয়ার্নার।
“এই বিষয়টি নিয়ে আমি আট বছর কথা বলিনি। উজি (উসমান খাওয়াজা), আমি তোমাকে পুরোপুরি সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ, সবকিছু শতভাগ সঠিক।
“এখন সবাই সত্যটা জানে। বিষয়টি সামনে এসেছে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল, তুমি তা সামনে এনেছ। এখন কেউ কেউ প্রশ্ন করছে, আট বছর পর কেন এসব বলা হচ্ছে, বই বিক্রির জন্য কি না। এটা উসমানের গল্প, উসমান যা বিশ্বাস করে, সেটাই বলেছে। সেদিনের পর থেকে প্রতিটি ঘটনা লিখে রেখেছে উজি। উজি, তোমাকে ধন্যবাদ।”
এরপর ওয়ার্নার আঙুল তোলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়ার দিকে।
“(তদন্তের সময়) সাক্ষাৎকার নেওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়ো করে করা হয় এবং তা ছিল ত্রুটিপূর্ণ। ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসেছিল উজি। অথচ উজিকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে অবাক করে।
“আমরা কারো দিকে আঙুল তুলতে আসিনি, পুরনো ক্ষতও খোচাতে চাই না। বিষয়টি জবাবদিহিতা ও স্বচ্ছতার। সত্যটা যেন যথাযথভাবে খতিয়ে দেখা হয়, সেটি নিশ্চিত করতে হবে। হয়তো এখন সময় এসেছে, যে ব্যক্তি জবাবদিহিতা চাইছে তাকে নিয়ে বারবার সমালোচনা না করে তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে জবাবদিহিতা চাওয়ার। গত আট বছরে সংবাদমাধ্যমে অনেকের অনেক বক্তব্য এসেছে, যার মধ্যে ভুল তথ্যও ছিল। আবার অনেকেই নীরব ছিলেন।”
‘সিডনি মর্নিং হেরাল্ড- এর খবর, সেই কেলেঙ্কারির পর খেলোয়াড়দের নিয়ে পর্যালোচনা কমিটির নেতৃত্ব দেওয়া পিটার কলিন্স নাকি অস্ট্রেলিয়ার বোর্ডকে ঘটনাটির তদন্ত পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।
‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত সেই ঘটনার ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলতে এবং ব্যাখ্যা করতে কয়েক দিন সময় লেগেছিল ওয়ার্নারের।
“কাজটা কঠিন ছিল। তবে একটা কথা আমি মেয়েদের বলেছি, সবসময় সত্য কথা বলবে। কারণ মিথ্যা একসময় প্রকাশ পাবেই।”
ভিডিওর শেষ দিকে ওয়ার্নার বলেন, “অস্ট্রেলিয়ার সবার উদ্দেশে বলছি, এত দিন ধরে যে প্রশ্নটি সবাই করে আসছে, আর উজি, তুমি সেটা জানিয়েছ। সে যেভাবে বিষয়টি তুলে ধরেছে, তা শতভাগ সঠিক। আমার পরিবারের জন্য সময়টা কঠিন ছিল। স্টিভেন ও ক্যামেরনের জন্যও নিশ্চয়ই কঠিন ছিল। তবে সত্যটা সামনে আসা প্রয়োজন ছিল।”
খাওয়াজার সাক্ষাৎকারের পর ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি প্রকাশ করে জানায় যে, তারা পুরো ঘটনাটির সত্য প্রকাশের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট।
“২০১৮ সালের কেপ টাউন টেস্টের পর থেকে গত আট বছরে অনেক জল্পনা-কল্পনা হয়েছে, যার মধ্যে গত মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সিরিজ জুড়ে গণমাধ্যমের ব্যাপক প্রচারও অন্তর্ভুক্ত। এই সময়ে যেকোনো প্রাসঙ্গিক তথ্য উপস্থাপনের সুযোগ অব্যাহত ছিল এবং সেই সুযোগ এখনও রয়েছে।
“ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আজ পর্যন্ত উপস্থাপিত সমস্ত প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে বিবেচনা করা হয়েছে এবং আমাদের সত্য প্রকাশের প্রক্রিয়ার ফলাফলে আমরা সন্তুষ্ট।”
তদন্তের সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কেউই এখন আর সেই পদে নেই। তবে খাওয়াজা তার বইয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্তমান প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সঙ্গে একটি কথোপকথনের কথা লিখেছেন। ২০২১ সালে গ্রিনবার্গ অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান থাকাকালে তাদের মধ্যে ওই আলোচনা হয়।
তখন দা গার্ডিয়ানে সাক্ষাৎকারে ব্যানক্রফট বলেছিলেন, কেপ টাউনে যে বল টেম্পারিংয়ের ব্যাপারটি অস্ট্রেলিয়ান বোলাররা জানত, এটা “স্বতঃসিদ্ধ।” ব্যানক্রফটের সেই সাক্ষাৎকারের জবাবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড এবং ন্যাথান লায়ন একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বল টেম্পারিং সম্পর্কে কোনো কিছু জানার কথা অস্বীকার করেছেন। তারা তখন বলেন, “মাঠের বড় পর্দায় দেখার আগ পর্যন্ত আমরা জানতাম না যে বলের অবস্থা পরিবর্তন করার জন্য মাঠে বাইরে থেকে কোনো পদার্থ আনা হয়েছিল।”
ওই সময়ের অস্ট্রেলিয়া দলের বেশ কয়েকজন ক্রিকেটার এখনও খেলছেন। মঙ্গলবার একটি কমার্শিয়াল অনুষ্ঠানে মিচেল স্টার্কের সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার কথা বলবেন ২০১৮ সালের সেই দলে থাকা আরেক ক্রিকেটার মিচেল মার্শ। এখন তিনি অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক।
