বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের
ঘরোয়া ক্রিকেটে না খেলে বাবরের নিজের ব্যাটিংয়ের সমস্যাগুলো নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন পাকিস্তানের ব্যাটিং গ্রেট।
ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না বাবর আজমের। কঠিন এই সময়ে তার ঘরোয়া ক্রিকেটে ফেরার কোনো যুক্তি দেখেন না মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের ব্যাটিং গ্রেট মনে করছেন, আগে ব্যাটিংয়ের টেকনিক্যাল সমস্যাগুলো নিয়ে কাজ করা উচিত বাবরের।
পাকিস্তানের তারকা ব্যাটসম্যানকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে গিয়ে ‘বিশেষায়িত কোচিং’ নেওয়ার পরামর্শ দিয়েছেন ইউসুফ।
ঘরের মাঠে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা ভীষণ বাজে কেটেছে বাবরের। পাঁচ ম্যাচে ২৩.৬০ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে স্রেফ ১১৮ রান করতে পেরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। সর্বোচ্চ ইনিংসটি ৪৫ রানের, শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের প্রথম দেখায়।
লঙ্কানদের বিপক্ষে শনিবারের ফাইনালে রানের দেখাই পাননি বাবর। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে চতুর্থ স্লিপে ধরা পড়েন তিনি।
ফাখার জামানের সেঞ্চুরি এবং সাদ বেগ ও আরাফাত মিনহাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতে যায় পাকিস্তান।
ফাইনালের পর পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নিশ্চিত করেন, আগামী ৩ নভেম্বর ইসলামাবাদে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফিতে লাহোর হোয়াইটসের হয়ে খেলবেন বাবর। যেখানে বাবরদের প্রতিপক্ষ আফ্রিদির নেতৃত্বাধীন এফএটিএ।
পাকিস্তানের হয়ে প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রান করা ইউসুফ রোববার সামাজিক মাধ্যম এক্স-এ বাবরকে ছন্দে ফেরার পথ বাতলে দেন।
“আমার মনে হয় না বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে (ব্যাটিংয়ের) টেকনিক্যাল সমস্যাগুলো ঠিক না করা পর্যন্ত বাবর আজমের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে ভুগলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠানো উচিত।
“সে এখনও পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য প্রচেষ্টায় সে আবারও নিজের সেরা ছন্দে ফিরতে পারবে। চার বছর আগেও আমি এই কথা বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।”
৯ থেকে ২১ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। সব কিছু ঠিক থাকলে, ওই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বাবর।
