১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়া সফর শেষ বেথেলের

সেরে ওঠার পথে পুনরায় হাঁটুতে চোট পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

অস্ট্রেলিয়া সফর শেষ বেথেলের

জেকব বেথেল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 08:31 PM

Updated : 11 Nov 2026, 08:31 PM

ডান হাঁটুর চোট থেকে সেরে ওঠার পথে পুনরায় চোট পেয়েছেন জেকব বেথেল। তাতে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন ইংলিশ অলরাউন্ডার।

গত জুলাইয়ের পর থেকে মাঠের বাইরে আছেন বেথেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তাকে পাওয়ার আশায় দলে ফেরায় ইংল্যান্ড। কিন্তু সেই আশা পূরণ হলো না ইংলিশদের।

পার্থে দলের সঙ্গে অনুশীলনের সময় আবারও চোট পান বেথেল। প্রয়োজনীয় স্ক্যানের পর সফর থেকে তার ছিটকে পড়ার কথা নিশ্চিত করা হয়।

সামনে ব্যস্ত সূচি থাকায় বেথেলকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিয়ে চায়নি ইংল্যান্ড। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে শনিবার দেশে ফিরবেন তিনি।

বেথেলের পাশাপাশি ছিটকে গেছেন জশ টাংও। এই পেসার পায়ের চোটে ভুগছেন। তাদের জায়গায় জেমস কোলস ও এডি জ্যাককে দলে ডেকেছে ইংল্যান্ড।

পার্থে বৃহস্পতিবার পৌঁছানোর কথা কোলস ও জ্যাকের। আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড। পরের দুই ম্যাচ ১৫ নভেম্বর অ্যাডিলেইড ও ১৮ নভেম্বর হোবার্টে।

এরপর পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দল দুটি। ২১ নভেম্বর শুরু হয়ে ২ ডিসেম্বর শেষ হবে সিরিজটি।