হেনরির সঙ্গে সংঘর্ষে ছিটকে গেলেন কনওয়ে
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই ওপেনারকে পাবে না নিউ জিল্যান্ড।
অনুশীলনে সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছেন ডেভন কনওয়ে। কনকাশন সমস্যায় ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের এই ওপেনার।
অকল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু বুধবার।
ইডেন পার্কে মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে। অনুশীলনের সময় ক্যাচ নিতে গিয়ে হেনরি ও কনওয়ের মধ্যে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়।
নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, ‘আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কনওয়ের কনকাশন ধরা পড়ে।
নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, কনকাশন পরীক্ষার উৎরে গেছেন হেনরি। তবে কনওয়েকে দ্রুত স্ক্যান করানোর জন্য নেওয়া হয়েছে।
নিউ জিল্যান্ডের চোটাক্রান্ত ক্রিকেটারদের তালিকা এতে আরেকটু দীর্ঘ হলো। হ্যামস্ট্রিং ও কাঁধের চোটে পুরো ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান ও রাচিন রাভিন্দ্রা।
শুরুতে সিরিজের শেষ দুই ওয়ানডের জন্য দলে থাকা টিম সাইফার্টকে সোমবার পুরো সিরিজের দলে অন্তর্ভুক্ত করেছে নিউ জিল্যান্ড। স্যান্টনার ইঙ্গিত দিয়েছেন যে, কনওয়ের জায়গায় খেলতে পারেন ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৯৩ রান করা সাইফার্ট।
