২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নিউ জিল্যান্ডের ফার্গুসন-ধাক্কা

ভারতের বিপক্ষে সিরিজে নিউ জিল্যান্ডের চোট জর্জরিত বোলিং আক্রমণের জন্য আরেকটি বড় ধাক্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 12:13 PM

Updated : 29 Oct 2026, 12:13 PM

এক ম্যাচের বিরতির পর শেষ দুটি ম্যাচে ফেরার কথা ছিল লকি ফার্গুসনের। কিন্তু সেটি আর এখন হচ্ছে না। চোটের কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে পুরোপুরিই ছিটকে গেলেন নিউ জিল্যান্ডের এই ফাস্ট বোলার।

সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলেছেন ফার্গুসন। তৃতীয় ম্যাচের দলে তিনি ছিলেন না। শেষ দুই ম্যাচের জন্য অকল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু নিউ জিল্যান্ড ক্রিকেট জানায়, দ্বিতীয় ম্যাচ চলার সময় পান পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন ফার্গুসন। পরবর্তীতে স্ক্যান করিয়ে ‘হালকা মাত্রার টিয়ার’ ধরা পড়েছে এবং তার সেরে উঠতে ‘আরও সপ্তাহখানেক সময়’ লাগবে বলে মনে করা হচ্ছে।

ফার্গুসনের বদলে তৃতীয় ম্যাচটি খেলেন ম্যাথু ফিশার। শেষ দুই ম্যাচে দলের সঙ্গে তার থাকার কথা ছিল কাভার হিসেবে। এখন তাকে মূল স্কোয়াডেরই অংশ করে নেওয়া হয়েছে। এই সময়টায় তার খেলার কথা ছিল ভারত ‘এ’ দলের বিপক্ষে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে। এখন ‘এ’ দলে নেওয়া হয়েছে ব্রেট র‌্যান্ডলকে।

ফার্গুসনের চোটে নিউ জিল্যান্ডের বোলিং আক্রমণের শক্তি কমে গেল আরও। ছোটখাটো চোট সমস্যার কারণে শেষ দুই ম্যাচের দলে এমনিতেই নেই ম্যাট হেনরি ও কাইল জেমিসন। তবে ওয়ানডে সিরিজে দুজনকেই পাওয়া যাবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় র ডান কোয়াড্রিসেপে ব্যথা অনুভব করেন হেনরি এবং স্ক্যানে দেখা গেছে যে, তার হালকা চিড় ধরেছে, যা সারতে তার এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে। জেমিসন ওয়েলিংটনে থাকবেন এবং শনিবার ঘরোয়া ফোর্ড ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্যান্টারবারির হয়ে খেলবেন। এরপর সোমবার ওয়ানডে সিরিজের জন্য তিনি নিউ জিল্যান্ড দলে আবার যোগ দেবেন।

দলের সেরা পেসারদের না পেয়ে হতাশার কথা বললেন কোচ রব ওয়াল্টার।

“লকি এবং ম্যাটের জন্য আমরা খুবই মর্মাহত। আন্তর্জাতিক ক্রিকেটে চোট একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু যখন ম্যাচ থেকে বাদ পড়তে হয়, তখন পরিস্থিতিটা মোটেও সহজ থাকে না। সৌভাগ্যবশত, গ্রীষ্মের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ম্যাট আগে থেকেই বাকি টি-টোয়েন্টি ম্যাচগুলো থেকে বাইরে থাকার পরিকল্পনা করছিল এবং আমরা আশাবাদী যে, ওয়ানডে সিরিজে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

“আমি জানি, আগামীকাল ইডেন পার্কের কানায় কানায় পূর্ণ ঘরের মাঠের দর্শকদের সামনে খেলার জন্য লকি খুবই রোমাঞ্চিত ছিল, কিন্তু ওয়ানডে সিরিজে ফেরার ব্যাপারে সে দৃঢ়প্রতিজ্ঞ।”

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে আছে নিউ জিল্যান্ড। সিরিজের বাকি দুটি ম্যাচ শুক্রবার অকল্যান্ডে ও রোববার হ্যামিল্টনে। ওয়ানডে সিরিজ শুরু আগামী বুধবার।