২ টেস্টে ১৬ উইকেট নেওয়ার পরের সিরিজেই বাদ সুতার
নিউ জিল্যান্ড সফরের টেস্ট দলে আছেন ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ।
ভারতের সবশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পরও দলে জায়গা ধরে রাখতে পারলেন না মানাভ সুতার। নিউ জিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে রাখা হয়নি এই বাঁহাতি স্পিনারকে।
দলে আছেন ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ। ২০২৫ সালের নভেম্বরের পর থেকে তিনি টেস্ট খেলেননি। গত অগাস্টে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরলেও, পরে তাকে সরিয়ে নেওয়া হয় ঝুঁকি এড়াতে। ৩২ বছর বয়সি এই পেসারকে নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে দলে রাখা হয়নি।
টেস্ট দলে জায়গা পাওয়া আরেক পেসার প্রাসিধ কৃষ্ণার ওয়ানডে সিরিজে খেলা নির্ভর করছে ফিটনেস সাপেক্ষে। কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্তকেও টেস্ট দলে রাখা হয়েছে, তিনিও ফিটনেস সাপেক্ষে খেলতে পারবেন।
সম্প্রতি লাল বলের ম্যাচ ইরানি কাপে ‘রেস্ট অব ইন্ডিয়া’ দলের অধিনায়কত্ব করা পান্ত সুইপ শট খেলতে গিয়ে সাইড স্ট্রেইন চোটে পড়েন। ফলে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুটি আনঅফিসিয়াল টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, স্ক্যানে প্রাসিধের বাম হ্যামস্ট্রিংয়ে স্ট্রেইন ধরা পড়েছে, তবে কোনো পেশি ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। গত দুই সপ্তাহ ধরে তিনি অনুশীলনের পাশাপাশি সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন।
ইরানি কাপ ও সম্প্রতি রাঞ্জি ট্রফির প্রথম রাউন্ডে বাংলার হয়ে ভালো পারফর্ম করে টেস্ট দলে ফিরেছেন পেসার আকাশ দিপ। গত বছরের জুলাইয়ে ম্যানচেস্টারে টেস্ট অভিষেকের পর দলে ফিরেছেন আনশুল কাম্বোজও। মোহাম্মাদ সিরাজ ও পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবেন।
সুতারের বাদ পড়াটাই সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। গত অগাস্টে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট শিকার করেন তিনি। ভারতের সবশেষ তিন টেস্টেই খেলে তার উইকেট মোট ২৩টি।
গত জুনে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন সুতার। ৪৭ বছরের রেকর্ড ভেঙে গড়েছিলেন ভারতের হয়ে অভিষেকে বাঁহাতি স্পিনে সেরা বোলিংয়ের কীর্তি। এরপর শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট ও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে নেন ১০ উইকেট, পরের টেস্টে ৬টি।
পরের সিরিজে বাইরে থাকতে হচ্ছে তাকে। নিউ জিল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনের কারণেই হয়তো ২৪ বছর বয়সি স্পিনারকে দলে রাখা হয়নি।
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দারকে দলে নেওয়া হয়েছে, তাদের সঙ্গে আছেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ।
পায়ের আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাইরে থাকা সাই সুদার্শান দলে ফিরেছেন। সম্ভবত ব্যাক-আপ ব্যাটসম্যান হিসেবে তাকে রাখা হয়েছে।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুটি দল দিয়েছে ভারত। প্রথম তিন ওয়ানডে খেলবে তারা শুবমান গিলের নেতৃত্বে। শেষ দুই ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। তখন টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন গিল।
ওয়ানডে দলে নতুন মুখ কুমার কুশাগ্রা। শেষ দুই ওয়ানডের দলে রাখা হয়েছে ২১ বছর বয়সি এই কিপার-ব্যাটসম্যানকে। এখন পর্যন্ত ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচে দুই সেঞ্চুরি ও ১০ ফিফটিতে এক হাজার ৩৮৭ রান করেছেন তিনি।
ভারতের নিউ জিল্যান্ড সফর শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে, ২২ অক্টোবর ক্রাইস্টচার্চে। পাঁচ ম্যাচের ওই সিরিজের দল দেওয়া হয়েছে আগেই। ৪ নভেম্বর প্রথম ওয়ানডে হবে অকল্যান্ডে। এই সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর।
এরপর ওয়েলিংটনে প্রথম টেস্ট শুরু ১৯ নভেম্বর, ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ২৭ নভেম্বর থেকে।
ভারতের টেস্ট দল: শুবমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, দেবদুত পাডিক্কাল, রিশাভ পান্ত (ফিটনেস সাপেক্ষে), ধ্রুব জুরেল, রাভিন্দ্রা জাদেজা, আনশুল কাম্বোজ, জাসপ্রিত বুমরাহ, প্রাসিধ কৃষ্ণা, আকাশ দিপ, সাই সুদার্শান, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মাদ সিরাজ।
প্রথম তিন ওয়ানডের ভারত দল: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শার্মা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, নিতিশ কুমার রেড্ডি, আকসার প্যাটেল, নামান ধীর, আনশুল কাম্বোজ, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদিপ সিং, ইশান কিষান, মোহাম্মাদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা (ফিটনেস সাপেক্ষে), কুলদিপ ইয়াদাভ।
শেষ দুই ওয়ানডের ভারত দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শার্মা, ভিরাট কোহলি, তিলাক ভার্মা, ইশান কিষান, নিতিশ কুমার রেড্ডি, আকসার প্যাটেল, নামান ধীর, আকিব নাবি, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদিপ সিং, কুমার কুশাগ্রা, মোহাম্মাদ সিরাজ, ইয়াশ ঠাকুর, কুলদিপ ইয়াদাভ।
