হেনরির সঙ্গে ধাক্কায় সিরিজের বাইরে কনওয়ে
ডেভন কনওয়ে গোটা সিরিজ থেকে ছিটকে গেলেও একই ঘটনায় আঘাত পাওয়া ম্যাট হেনরি সুস্থ হয়ে উঠেছেন।
যে চোট ডেভন কনওয়েকে খেলতে দেয়নি প্রথম ওয়ানডেতে, সেই চোটই তাকে মাঠের বাইরে রাখছে আরও লম্বা সময়। মাথায় আঘাত পাওয়ায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পুরোটা থেকেই ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান। চোটজর্জর নিউ জিল্যান্ড দলের শক্তি তাতে কমে গেল আরেকটু।
সিরিজ শুরুর আগের দিন ফিল্ডিং অনুশীলনের সময় সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষ হয় তার। কনকাশনের কারণে অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি দুজনের কেউই। কনওয়ের আর ফেরা হচ্ছে না আপাতত। তবে হেনরি এখন শঙ্কামুক্ত। সিরিজে দ্বিতীয় ওয়ানডে থেকেই পাওয়া যাবে এই পেসারকে।
কনওয়ের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন নিক কেলি। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচের স্কোয়াডে আগে থেকেই ছিলেন তিনি। এখন তিনি দ্বিতীয় ওয়ানডের আগেই যোগ দিয়েছেন দলে।
কেলি ব্যস্ত ছিলেন নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজে। সেখান থেকে তাকে তুলে নেওয়ায় বদলি হিসেবে ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন ডেল ফিলিপস।
চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ড আগে থেকেই পাচ্ছে না গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার রাচিন রাভিন্দ্রা ও মার্ক চ্যাপম্যানকে। পেস বিভাগেও ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে কয়েকজনকে।
প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে আছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ওয়েলিংটনে শনিবার।
