২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাইস্টচার্চ টেস্টের দলে টিকনারের জায়গায় ফিশার

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও দেশের হয়ে সাদা পোশাকে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে ফিশারের সামনে।

ক্রাইস্টচার্চ টেস্টের দলে টিকনারের জায়গায় ফিশার

ব্লেয়ার টিকনার। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 07:48 PM

Updated : 24 Nov 2026, 07:48 PM

চোট ছোবল দিয়েছে নিউ জিল্যান্ড দলে। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ব্লেয়ার টিকনার। এই পেসারের বদলি হিসেবে আরেক পেসার ম্যাট ফিশারকে ডেকেছে কিউইরা।

ক্রাইস্টচার্চে আগামী শুক্রবার শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়েলিংটনে প্রথম টেস্ট ড্র হয়।

নিউ জিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন ৩৩ বছর বয়সি টিকনার। গত জুনে ইংল্যান্ড সফরে সবশেষ এই সংস্করণে খেলেন তিনি। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকলেও একাদশে জায়গা হয়নি তার।

ওয়েলিংটনে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান টিকনার। নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) বিবৃতিতে জানানো হয়েছে, কত দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানতে আরও কিছু পরীক্ষা করাতে হবে।

২০২৫ সালের অগাস্টে টেস্ট অভিষেক হয় ২৭ বছর বয়সি ফিশারের। এরপর নিউ জিল্যান্ডের হয়ে এই সংস্করণে আর কোনো ম্যাচ খেলেননি তিনি। ভারতের বিপক্ষে চলতি সিরিজে চারটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন ফিশার। ওয়ানডেতে ছয়টি ও টি-টোয়েন্টিতে তিনটি উইকেট নিয়েছেন তিনি।

ওয়েলিংটনে প্রথম টেস্টে নিউ জিল্যান্ডের বোলারদের বেশ পরিশ্রম করতে হয়েছে। একমাত্র ইনিংসে মোট ১৬৬ ওভার বোলিং করেছে তারা। দলের তিন মূল পেসার ম্যাট হেনরি, কাইল জেমিসন ও জেকব ডাফি সামলেছেন বেশির ভাগ চাপ। দুই টেস্টের মাঝে বিরতি মাত্র তিন দিনের হওয়ায় বিকল্প পেসার প্রয়োজন দলের।

সামনেও ব্যস্ত সূচি অপেক্ষা করছে নিউ জিল্যান্ডের জন্য। ৯ ডিসেম্বর থেকে চার টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে তারা। এরপর দেশে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট।

আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে আছে নিউ জিল্যান্ড। তবে বেসিন রিজার্ভে প্রথম টেস্ট ড্র হওয়ায় তাদের সেই সম্ভাবনায় ধাক্কা লেগেছে।