০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

টেস্ট দল থেকে বাদ লাবুশেন

নিউ জিল্যান্ড সিরিজে অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে রাখবে না অস্ট্রেলিয়া।

টেস্ট দল থেকে বাদ লাবুশেন

মার্নাস লাবুশেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 03:56 PM

Updated : 09 Nov 2026, 03:55 PM

টানা ব্যর্থতায় টেস্ট দল থেকে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে বিবেচনা করা হবে না বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।

বেইলি সোমবার সাংবাদিকদের জানান, লাবুশেনকে বাদ দেওয়ার বিষয়টি আগেভাগেই জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচক প্যানেল। এতে কোনো ধরনের অনিশ্চয়তা ছাড়াই কুইন্সল্যান্ডের অধিনায়ক হিসেবে শেফিল্ড শিল্ডে ফিরতে পারবেন লাবুশেন।

অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ড শুরু হবে আগামী বুধবার। ওই ম্যাচের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করবেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

“নিশ্চিতভাবে প্রথম টেস্ট বটেই, পুরো নিউ জিল্যান্ড সিরিজের জন্যই মার্নকে (মার্নাস) আমরা বিবেচনা করব না। আর আজকেই এটা স্পষ্ট করার কারণ হলো, দলে তার জায়গা নিয়ে অনেক জল্পনা-কল্পনা এখনও চলছে।

“আমার মনে হয়, এতে সে কিছুটা স্বস্তি পাবে এবং শিল্ড ক্রিকেটের পরবর্তী রাউন্ড চলার সময় জল্পনা-কল্পনা কিছুটা দূর হবে। শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ড শেষ হওয়ার পর বাকি দল ঘোষণা করব।”

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে গত অ্যাশেজ দিয়ে দলে ফেরেন লাবুশেন। ঐতিহ্যবাহী সিরিজের প্রথম দুই টেস্টে দুটি ফিফটি করার পর নিজেকে যেন হারিয়ে ফেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেই যেমন তিন টেস্টের ছয় ইনিংসে একবারও ৪০ রান করতে পারেননি তিনি।

২০২৫ সালের নভেম্বরে ফেরার পর ১০টি টেস্ট খেলে লাবুশেনের ব্যাটিং গড় কেবল ২৩.৬৬। আর ১৯ ইনিংসে ওই দুইবারই পঞ্চাশ ছুঁতে পেরেছেন তিনি। টেস্ট ক্রিকেটে তার সবশেষ সেঞ্চুরি ২০২৩ সালে, ইংল্যান্ডের বিপক্ষে।

তবে আগামী বছর ভারত ও ইংল্যান্ড সফরের দলে লাবুশেনের জায়গা ফিরে পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি বেইলি।

“অবশ্যই, সেই সম্ভাবনা এখনও আছে। নিজের সেরা ছন্দে মার্নাস কতটা ভালো ও কার্যকর হতে পারে, তা আমরা সবাই জানি। কিন্তু সেই পারফরম্যান্স এখন দেখা যাচ্ছে না। কিছু সুযোগ সে হাতছাড়া করেছে, ডারউইনে বাংলাদেশের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকাতেও ভালো শুরু পেয়েছিল, কিন্তু সেখান থেকে বড় ইনিংস খেলতে পারেনি, অনেক দিন ধরেই আমরা যেটা চাইছি, সেটা হচ্ছে না।

“কাউকে স্থায়ীভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত আমরা কখনও নিইনি, যাতে সে আর কখনও দলে ফিরতে না পারে। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।”

লাবুশেনকে আবার দলে ফেরানোর ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকে কতটা গুরুত্ব দেওয়া হবে, সেটিও চ্যালেঞ্জের হতে পারে বলে স্বীকার করেছেন বেইলি। ২০২৫ সালে টেস্ট দল থেকে বাদ পড়ার পর কুইন্সল্যান্ডের হয়ে দুই সংস্করণ মিলিয়ে ১০টি ঘরোয়া ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেন লাবুশেন। সেই পারফরম্যান্সের সুবাদেই অ্যাশেজের আগে দলে ফেরেন তিনি। কিন্তু টেস্ট ক্রিকেটে আর সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি।

“প্রথম শ্রেণির ক্রিকেটে সে সবসময়ই অসাধারণ পারফর্মার। তাই এবারও তেমন কিছুই আশা করছি। তাকে বিশেষ কিছু করার বার্তা দিয়ে ফেরত পাঠানো হচ্ছে না।

“কী করতে হবে, সেটা তো পরিষ্কার। দীর্ঘ সময় ধরে এই ভূমিকায় খেলেছে সে… আপাতত তার কাজ হলো, কুইন্সল্যান্ডের হয়ে যতটা সম্ভব ভালো খেলার দিকে মনোযোগ দেওয়া।”

পার্থে আগামী ৯ ডিসেম্বর শুরু অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড প্রথম টেস্ট। চার ম্যাচ সিরিজের বাকি তিনটি হবে অ্যাডিলেইড, মেলবোর্ন ও সিডনিতে।