০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

তাইজুল কেন টিকে গেলেন, নাঈম কেন বাদ

দুই স্পিনারের মধ‍্যে একজনকে বেছে নেওয়ার ব‍্যাখ‍্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

তাইজুল কেন টিকে গেলেন, নাঈম কেন বাদ

সীমিত সুযোগে মোটামুটি ভালো করলেও টেস্ট দলে জায়গা হারালেন নাঈম হাসান। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 02:43 PM

Updated : 09 Nov 2026, 02:42 PM

সবশেষ ৯ ইনিংসে উইকেট স্রেফ ৭টি। এর মধ্যে চার ইনিংসে পাননি কোনো সাফল্য। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ছে টেস্ট দলে তাইজুল ইসলামের উপস্থিতি। তবে তার ওপর আস্থা রাখছেন নির্বাচকরা। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে ফর্মে ফেরাতে আরও সুযোগ দিতে চান তারা।

সাম্প্রতিক অফফর্মের পরও সামনের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ১৬ জনের স্কোয়াডে টিকে গেছেন তাইজুল। স্পিন বিভাগ থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান। এর বদলে বাড়ানো হয়েছে পেস বিভাগের শক্তি। দলে ফিরেছেন সৈয়দ খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে দলকে লিড এনে দেন নাঈম। তবে সিলেট টেস্টের প্রথম ইনিংসে পাননি সাফল্য। দ্বিতীয়বার বল করতে নেমে ক্যারিবিয়দের দ্রুত রান তোলার চেষ্টায় তার ঝুলিতে জমা পড়ে দুই উইকেট।

এই সিরিজের আগে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে প্রায় ১৫ মাস পর খেলার সুযোগ পান নাঈম। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নিতে পারেননি উইকেট। তবে ওই ম্যাচে পর্যাপ্ত বোলিংও পাননি ২৬ বছর বয়সী অফ স্পিনার।

তবে ক্যারিবিয়দের বিপক্ষে দুই টেস্ট মিলিয়ে নাঈমই বাংলাদেশের সেরা স্পিনার। তবু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের দুই ম্যাচের দলে জায়গা হয়নি তার।

স্কোয়াড ঘোষণার সংবাদ সম্মেলনে নাঈমকে বাদ দেওয়ার ব্যাখ্যায় দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য পেস সহায়ক কন্ডিশনে দলের সমন্বয়ের কথা বলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

“দক্ষিণ আফ্রিকায় হয়তো পেস বোলিংয়ের বড় ভূমিকা থাকবে। তাই আমরা পাঁচজন পেসার নিয়েছি। এমনিতে আমাদের স্কোয়াডে চারজন পেস বোলার, তিনজন স্পিনার থাকে। যেখানে তাইজুল, নাঈম আর মিরাজ থাকে। মিরাজ তো সবসময় থাকে।

“এখানে যেহেতু কন্ডিশন ভিন্ন, তাই দুজন স্পিনার নিতে হয়েছে আর একজন ফাস্ট বোলার বেশি নিতে হয়েছে। কারণ সেখানে অবশ্যই তিনজন ফাস্ট বোলার খেলবে। চারজন খেলবে কি না জানি না, তবে তিনজন নিশ্চিতভাবেই খেলবে। তাই তিনজন স্পিনার আসলে দরকার নেই এই সফরে।”

সিলেট টেস্ট শুরুর আগে তাইজুলের অফ ফর্ম নিয়ে দুর্ভাবনার কথা স্বীকার করেন প্রধান কোচ ফিল সিমন্স। এই ম্যাচেও খুব একটা কার্যকর বোলিং করতে পারেননি ৩৪ বছর বয়সী স্পিনার। তবু তাকে এখনই দল থেকে বাদ দেওয়ার পক্ষে নন হাবিবুল।

বরং দলের সঙ্গে রেখেই অভিজ্ঞ স্পিনারকে ফর্মে ফেরাতে চান নির্বাচকরা।

“তাইজুলের ফর্ম নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। তবে ডানহাতি হিসেবে অফ স্পিনার মিরাজ আছে। সে দলের বড় সম্পদ। তাই বাঁহাতি স্পিনার নিলে এই মুহূর্তে আসলে তাইজুলের ওপর ভরসা রাখতে চাই, যদিও সে একটু অফ ফর্মে গত দুই-তিন টেস্টে।

“তবে তাইজুলকে ফর্মে ফেরানো খুব দরকার। তাই এখনই তাকে বাদ দিতে চাই না। কারণ আমরা সবাই জানি, সে দলের সেরা স্পিনার।”

গত জুনে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে রেকর্ড গড়ে ৭ উইকেট নিয়েছিলেন তাইজুল। ওই ম্যাচের পর থেকেই মূলত ফর্মহীনতায় বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়া সফরের দুই টেস্টে নিতে পেরেছিলেন মোটে ৩ উইকেট। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ইনিংসে তার শিকার স্রেফ ৪টি।

তবু অতীত সাফল্যের কথা মাথায় রেখেই তাইজুলকে আরও সুযোগ দিতে চান নির্বাচকরা।

“স্পিন বোলিং নিয়ে চিন্তা করলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আসলে তাইজুলের নামটা আসে। টেস্টে সে আমাদের সর্বোচ্চ উইকেটশিকারি। জিম্বাবুয়েতেও সাত উইকেট পেয়েছে। এরপর ওর কিছু একটা মনে হয় সমস্যা হচ্ছে। আশা করি, ফর্মটা ফিরে পাবে। কারণ ওকে আসলে আমাদের খুব দরকার। এই চিন্তাভাবনা থেকেই আসলে এখনও ওর ওপর ভরসা রাখছি।”