০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

অভিষেকের অপেক্ষায় থাকা ৩ জনকে ডাকল পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আগের দল থেকে দুই জনকে বাদ দিয়ে চার জনকে যোগ করেছে তারা।

অভিষেকের অপেক্ষায় থাকা ৩ জনকে ডাকল পাকিস্তান

ডানহাতি পেসার সাকিব খান। ছবি: সাকিবের ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 09:25 PM

Updated : 07 Nov 2026, 09:25 PM

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর দুইদিন আগে দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। দুই জনকে বাদ দিয়ে নতুন করে চার জনকে স্কোয়াডে যোগ করেছে তারা। ডাক পাওয়াদের মধ্যে তিন জনের নেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।

রাওয়ালপিন্ডিতে আগামী সোমবার শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ। লাহোরে দ্বিতীয় টেস্ট শুরু ১৭ নভেম্বর।

দুই সপ্তাহ আগে ১৪ সদস্যের দল ঘোষণার সময়ই আরও দুই পেসার নেওয়ার কথা জানায় পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার আলি শাব্বির ও সাকিব খান এবং ২০ বছর বয়সি ব্যাটসম্যান তাইয়াব আরিফকে দলে নিয়েছে তারা। এছাড়া ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল।

দল থেকে বাদ পড়েছেন ওপেনার আবদুল্লাহ ফাজাল ও স্পিনার আলি উসমান।

ফাজাল ও উসমানকে বাদ দেওয়ার কারণ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছর কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে সেরার পুরস্কার জিতে নজর কাড়ার পর, এ বছর বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হয় ফাজালের।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরেও পাকিস্তান দলে ছিলেন তিনি। কিন্তু পিঠের নিচের অংশে চোট পেয়ে ছিটকে যান। পরে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সিরিজের শেষ টেস্টের আগে তাকে আবার দলে ফেরানো হয়। ওই ম্যাচের আগে দলে ব্যাপক পরিবর্তন এনেছিল পাকিস্তান। তবে একাদশে জায়গা হয়নি ফাজালের।

আবারও টেস্টের আগে দল থেকে বাদ পড়লেন উসমান।

এখন পর্যন্ত সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন আরিফ। তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটিতে ৬৬.০৯ গড়ে ৭২৭ রান করেছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি, দুই ইনিংসে করেন ৩০ ও ৩২ রান।

প্রস্তুতি ম্যাচটিতে চার উইকেট নিয়েছেন সাকিব, তিন শিকার ধরেছেন শাব্বির। ১৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে সাকিবের প্রাপ্তি ৮১ উইকেট। এই সংস্করণে ৮ ম্যাচে শাব্বিরের উইকেট ২২টি।