পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও নিসাঙ্কাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি লঙ্কান ওপেনার।
চোটের কারণে ত্রিদেশীয় সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকেও ছিটকে গেছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে না পারায় বাদ পড়েছেন তিনি।
এই সিরিজের জন্য দল ঘোষণার সময় জানানো হয়েছিল, মেডিকেল বিভাগের ছাড়পত্র পেলে তবেই মাঠে নামতে পারবেন নিসাঙ্কা। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে জানিয়েছে, সিরিজের আগে নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেননি এই ডানহাতি ওপেনার।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের মাঝামাঝি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ২৮ বছর বয়সি ব্যাটসম্যান। ফলে ওই সিরিজের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যান তিনি।
নির্ধারিত সময়ে সুস্থ হয়ে উঠবেন এমন আশায় ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজের দলে তাকে রাখা হয়েছিল। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় তার মাঠে নামা হয়নি।
লম্বা সময় মাঠের বাইরে থাকা এই ক্রিকেটার এর আগে কব্জির চোটে ঘরের মাঠের ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারেননি।
তার বদলি হিসেবে পাকিস্তান সফরে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন লাহিরু উদারা। চলমান ত্রিদেশীয় সিরিজেও নিসাঙ্কার বদলি ছিলেন এই ৩২ বছর বয়সি ব্যাটসম্যান।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার সবশেষ দুই টেস্ট সিরিজের দলে ছিলেন উদারা। প্রায় এক বছর পর সুযোগ পেয়ে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৮ রানের ইনিংস খেলেন তিনি। ভারতের বিপক্ষে সবশেষ দুই টেস্টে অবশ্য কোনো ফিফটি করতে পারেননি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ পাকিস্তান ও শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী ৯ নভেম্বর। রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে লাহোরে, আগামী ১৭ নভেম্বর।
এই সিরিজ দিয়ে শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরু করবেন কুসাল মেন্ডিস।।
