১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজও শেষ নিসাঙ্কার

এই ওপেনারের বদলি হিসেবে লাহিরু উদারাকে দলে ডেকেছে শ্রীলঙ্কা।

ত্রিদেশীয় সিরিজও শেষ নিসাঙ্কার

পাথুম নিসাঙ্কা। ছবি: নিসাঙ্কার ইনস্টাগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 09:48 PM

Updated : 15 Oct 2026, 09:48 PM

চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাথুম নিসাঙ্কা। ইংল্যান্ডকে নিয়ে পাকিস্তানে অনুষ্ঠেয় এই সিরিজে তার বদলি হিসেবে লাহিরু উদারাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পান নিসাঙ্কা। যার ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হারে লঙ্কানরা।

ফিটনেস পরীক্ষায় উৎরানোর শর্তে নিসাঙ্কাকে ১৬ জনের ত্রিদেশীয় সিরিজের দলে রাখে শ্রীলঙ্কা। কিন্তু এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানের ইনিংস খেলেন উদারা। পরের দুই ম্যাচে ভালো করতে পারেননি, আউট হন ৫ ও ১ রানে।

শ্রীলঙ্কার জার্সিতে এখন পর্যন্ত কোনো ওয়ানডে খেলেননি উদারা। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০২ ম্যাচ খেলে ৩২.০৯ গড়ে করেছেন ৩ হাজার ১৭ রান। নামের পাশে তিনটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ২১টি।

নিসাঙ্কাকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। অনেক দিন ধরে ওয়ানডেতে ভালো খেলছেন তিনি। ২০২৪ সাল থেকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে এই সংস্করণে তার চেয়ে বেশি রান করেছেন কেবল কুসাল মেন্ডিস। এই সময়ে ওয়ানডেতে নিসাঙ্কার রান ১ হাজার ৩২৪।

রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজটি শুরু আগামী রোববার। প্রথম ম্যাচেই স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

ত্রিদেশীয় সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ওই দলেও আছেন নিসাঙ্কা। ৯ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। দ্বিতীয় টেস্ট শুরু ১৭ নভেম্বর।