১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ গোলশূন‍্য

দারুণ জমে ওঠা ম্যাচে কোনো দলই সুযোগ কাজে লাগাতে পারেনি।

বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ গোলশূন‍্য

প্রথমার্ধে জমজমাট লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ছবি: শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 09:30 PM

Updated : 14 Nov 2026, 09:30 PM

শুরু থেকে দুই দলই মেলে ধরল গতিময় ফুটবলের পসরা। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে উঠল ম্যাচ। সুযোগ পেল উভয় দলই। পোস্টও পথ আগলে দাঁড়াল তাদের জন‍্য। তাতে প্রথমার্ধে বাংলাদেশ ও পাকিস্তান-কেউই পেল না কাঙ্ক্ষিত গোলের দেখা।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমি-ফাইনালে লড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

দুটি পরিবর্তন এনে পাকিস্তান ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ। চোট পেয়ে মাঠের বাইরে দলে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসাকে সুযোগ দেন তিনি।

গ্রুপ পর্ব শেষে দলের সাথে যোগ হওয়া পাঁচ প্রবাসীকে নিয়েই একাদশ গড়েন পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো। আব্দুল্লাহ ইকবাল, আলি আকবর খান, এশাহ সুলাইমান, আদিল নবি ও আব্দুল সামাদ আসরে মাঠে নামেন প্রথমবার।

পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে সমর্থকদের পাশে চেয়েছিলেন বাংলাদেশ কোচ ডুলি। তার চাওয়া পূরণ করে গ্যালারি ভরে ওঠে সমর্থকে। তাদের উল্লাসে, শ্লোগানে মুখরিত হয় চারদিক।

দ্বিতীয় মিনিটেই আক্রমণ শাণায় পাকিস্তান। বক্সের বাইরে থেকে বল পায়ে কিছুটা এগিয়ে জোরাল শট নেন আলি উজাইর মাহমুদ। দারুণ ক্ষিপ্রতায় ফিস্ট করে ফেরান মেহেদী হাসান শ্রাবণ।

পাঁচ মিনিট পর বক্সের একটু উপর থেকে কাজেম শাহ কিরমানির নিচু শটে গতি ছিল না বেশি, পাকিস্তান গোলকিপার ইউসুফ ইজাজ বাট সহজেই আটকান।

ঘোড়শ মিনিটে রাকিবের বাম পায়ের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়ে যায়। এই আক্রমণের শুরুতে মহিবুল্লাহর চার্জে পড়ে যান ইতোফুসা। তবে, রেফারি ফাউল দেননি।

২৩তম মিনিটে ফারহানের কর্নারের পর বক্সের শমিত সোম হেড করার পর শট নেন রাকিব। ঝাঁপিয়ে পড়ার বাটের গ্লাভস ছুঁয়ে বল পোস্টের বাইরের দিকে লাগার পর, জুনাইদ আহমেদ ক্লিয়ার করেন।

২৯তম মিনিটে দেওয়া প্রথম কুলিং ব্রেকের পরই বেঁচে যায় বাংলাদেশ। বক্সের জটলার ভেতরে কাজী তারিক রায়হান পাহারায় রাখতে পারেননি আব্দুল সামাদ শাহজাদকে। এই উইঙ্গারের শট পোস্টে লেগে ফিরে আসার পর দ্রুত কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন জিদান আলেক্সান্ডার ইউসুফ।

প্রথমার্ধের শেষ দিকে ইতোফুসার দূরপাল্লার শট ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়।