১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া শিবিরে এলিস-ধাক্কা

এই পেসারের বদলি হিসেবে বেন ডোয়ার্শিসকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া শিবিরে এলিস-ধাক্কা

ন্যাথান এলিস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 03:49 PM

Updated : 15 Nov 2026, 03:49 PM

চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ন্যাথান এলিস। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই পেসারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচের সিরিজটি থেকে ৩২ বছর বয়সি এলিসের ছিটকে পড়ার কথা রোববার জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তার বদলি হিসেবে আরেক ৩২ বছর বয়সি পেসার বেন ডোয়ার্শিসকে দলে ডেকেছে তারা।

গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজের মাঝে সাইড স্ট্রেইন চোটে পড়েন এলিস। এতে ওই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলেও এলিসকে রাখেনি অস্ট্রেলিয়া। সময়মতো সেরে উঠবেন ডানহাতি পেসার, এই আশায় টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রাখে তারা। কিন্তু এখন সেটাও হচ্ছে না।

গত জুনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের পর অস্ট্রেলিয়ার হয়ে আর কোনো ম্যাচ খেলেননি ডোয়ার্শিস। দেশের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেন তিনি গত ফেব্রুয়ারিতে।

ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের আগে রাইলি মেরেডিথ দলে যোগ করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে মাহলি বিয়ার্ডম্যানের জায়গায় একাদশে এই পেসারকে রেখেছে তারা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে অভিষেকে রেকর্ড গড়া বিয়ার্ডম্যানকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।

সিরিজের তৃতীয় ওয়ানডে আগামী বুধবার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু শনিবার।