০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ পেসারের

পায়ের আঙুলের চোটে ভুগছেন জশ টাং।

অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ পেসারের

জর্ডান কক্সের সঙ্গে জশ টাং (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 10:27 PM

Updated : 07 Nov 2026, 10:27 PM

মাঠের লড়াই শুরুর সপ্তাহখানেক আগে ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। পায়ের আঙুলের চোটে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দলটির গতিময় পেসার জশ টাং।

আগামী শুক্রবার পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দল পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসের টেস্ট সিরিজের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি টাংকে। এবার পুরো সফর থেকেই ছিটকে গেলেন তিনি। চোটের অবস্থা পর্যালোচনার জন্য যুক্তরাজ্যে ফিরে যাবেন ২৮ বছর বয়সি এই ক্রিকেটার।

পাকিস্তান সফরেও বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলের সমস্যায় ভুগেছিলেন টাং। সেখানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের খেলা চার ম্যাচের কেবল প্রথমটিতে খেলেন তিনি।

গত এক বছরে ইংল্যান্ডের টেস্ট দলে নিয়মিত ছিলেন টাং। এ বছর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তার। জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন ও সনি বেকারের সঙ্গে তিনিও ইংল্যান্ডের তিন সংস্করণেরই পেস আক্রমণের অংশ হয়ে উঠছেন।

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারেনি ইংল্যান্ড। চার ম্যাচের তিনটিতেই হারে তারা। পার্থে শনিবার ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে ইংলিশরা।