১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

টেম্বা বাভুমার অনুপস্থিতিতে সেঞ্চুরিয়নে অধিনায়কত্ব করতে পারেন এইডেন মার্করাম।

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

টেম্বা বাভুমা। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 06:17 PM

Updated : 19 Nov 2026, 06:17 PM

ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন টেম্বা বাভুমা। নিয়মিত অধিনায়ককে ছাড়াই দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার।

জোহানেসবার্গ টেস্টে জেতার পর সংবাদ সম্মেলনে বাভুমা নিজেই জানিয়েছেন নিজের ছিটকে যাওয়ার খবর। সেঞ্চুরিয়নে তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করতে পারেন এইডেন মার্করাম।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পায়ে ডান পায়ের পেছনের দিকের পেশিতে অস্বস্তি অনুভব করেন বাভুমা। একাধিকবার মাঠেই শুশ্রূষা নেন তিনি।

শেষ পর্যন্ত ৪৯ রানে থাকতে মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক। পরদিন অবশ্য দলের প্রয়োজনে আবার ব্যাটিংয়ে নামেন তিনি। আরও ১৯ রান যোগ করে অপরাজিত থেকে যান।

পরে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিং করেননি বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে লক্ষ্য বড় না হওয়ায় ব্যাটিংয়েও নামতে হয়নি স্বাগতিক অধিনায়কের।

দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব পাওয়ার পর এ নিয়ে তৃতীয়বার ছিটকে গেলেন বাভুমা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ২০২৪ সালের শেষ দিকে ভারতের বিপক্ষে একটি ম্যাচ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলা হয়নি তার।