ইয়ানসেনকে সরিয়ে স্টার্কের সিংহাসন পুনরুদ্ধার
এক সপ্তাহের বেশি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকতে পারলেন না মার্কো ইয়ানসেন।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় এক সপ্তাহের বেশি টিকতে পারলেন না মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকান পেসারকে সরিয়ে সিংহাসন পুনরুদ্ধার করলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।
যথারীতি বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এক ধাপ এগিয়ে শীর্ষে ফিরেছেন স্টার্ক। দুইয়ে নেমে গেছেন ইয়ানসেন। আর এক ধাপ পিছিয়ে তিনে নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি।
কেপ টাউন টেস্টে ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৬ রানে হারে অস্ট্রেলিয়া। তবে বল হাতে নিজের কাজটা ঠিকঠাক করেন স্টার্ক। প্রথম ইনিংসে ছয়টি এবং দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন তিনি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো এক টেস্টে ১০ উইকেট নেওয়া সাইমন হার্মার এগিয়েছেন নয় ধাপ, আছেন ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে। তার ৮১৭ রেটিং পয়েন্ট দক্ষিণ আফ্রিকান কোনো স্পিনারের দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ডটি হিউ ট্যাফিল্ডের, ১৯৫৭ সালের ফেব্রুয়ারিতে ৮৯৫ রেটিং পয়েন্ট পান তিনি।
টেস্ট অলরাউন্ডারদের র্য্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে আছেন হার্মার। এই তালিকায় শীর্ষে তার সতীর্থ ইয়ানসেন। দুইয়ে ভারতের রাভিন্দ্রা জাদেজা। এক ধাপ এগিয়ে তিনে আরেক প্রোটিয়া ভিয়ান মুল্ডার।
কেপ টাউনে দ্বিতীয় ইনিংসে ১১৫ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৭তম স্থানে আছেন মুল্ডার। ওই ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান রায়ান রিকেলটনের উন্নতি ২৫ ধাপ, আছেন ২৩তম স্থানে।
বড় লাফ দিয়েছেন মার্কাস অ্যাকারম্যান। দুই ইনিংসে ৯৫ ও ৬২ রান করে ১২৯ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে আছেন তিনি।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এক ধাপ করে এগিয়ে দুই ও তিনে যথাক্রমে জো রুট ও ট্রাভিস হেড। দুই ধাপ পিছিয়ে চারে টেম্বা বাভুমা।
ওয়ানডে র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য কিছু বদল এসেছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেঞ্চুরি করে ৯ ধাপ এগিয়েছেন ফাখার জামান। পাকিস্তানের ওপেনার আছেন ৩৭তম স্থানে। শ্রীলঙ্কার পাভান রাত্নায়েকে ২০ ধাপ উন্নতি করে ষোড়শ স্থানে উঠে এসেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৭ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট। তার সতীর্থ টম ব্যান্টন প্রথমবারের মতো সেরা ৫০ জনের মধ্যে ঢুকেছেন, আছেন ৪৭তম স্থানে।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় ভারতের শুবমান গিল। বোলারদের মধ্যে শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান। আর এক নম্বর অলরাউন্ডার তার সতীর্থ আজমাতউল্লাহ ওমারজাই।
