০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সেঞ্চুরিয়ান সাদমানের উন্নতি, ক্যারিয়ার সেরা অবস্থানে শরিফুল

টেস্ট বোলারদের তালিকায় এগিয়েছেন নাঈম হাসানও।

সেঞ্চুরিয়ান সাদমানের উন্নতি, ক্যারিয়ার সেরা অবস্থানে শরিফুল

সেঞ্চুরি করে সাদমান ইসলাম। ছবি: বিসিবি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 03:26 PM

Updated : 04 Nov 2026, 03:26 PM

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল হারলেও সাদমান ইসলামের পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। বোলারদের মধ্যে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন শরিফুল ইসলাম।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। টেস্ট বোলারদের তালিকায় উন্নতি করেছেন নাঈম হাসান।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ৮ উইকেটে হেরে যাওয়া টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রান করেন সাদমান। দ্বিতীয় ইনিংসে অবশ্য ভালো করতে পারেননি, আউট হয়ে যান ১৩ রান করে। তৃতীয় টেস্ট সেঞ্চুরি করে সাদমান এগিয়েছেন ৪ ধাপ, আছেন ৬৩তম স্থানে।

চোটের কারণে এই ম্যাচে না খেলা অভিজ্ঞ মুশফিকুর রহিম পিছিয়েছেন চার ধাপ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে ২২ নম্বরে তিনি। দুই ইনিংসেই খারাপ করে ছয় ধাপ নিচে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার ধানাঞ্জায়া ডি সিলভার সঙ্গে ২৬তম স্থানে আছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে ১২ ধাপ এগিয়ে কুসাল মেন্ডিসের সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন জাস্টিন গ্রেভস। তার সতীর্থ ব্র্যান্ডন কিংও ১২ ধাপ উন্নতি করে ৫৯ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার উপরে তাইজুল ইসলাম। তিন ধাপ পিছিয়ে ২১তম স্থানে আছেন তিনি। মিরপুরে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে চার ধাপ এগিয়েছেন নাঈম। এই অফ স্পিনারের অবস্থান এখন ৪৭তম।

দুই ইনিংসেই একটি করে উইকেট শরিফুলের উন্নতি তিন ধাপ। বাঁহাতি এই পেসার আছেন ক্যারিয়ার সেরা ৫৪তম স্থানে।

প্রথম ইনিংসে পাঁচটিসহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে ছয় ধাপ অগ্রগতি হয়েছে জোমেল ওয়ারিক্যানের। ম্যাচ সেরার পুরস্কার জেতা ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আছেন ৩০তম স্থানে। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া রোস্টন চেইসও এগিয়েছেন ছয় ধাপ, অবস্থান ৬৩তম।

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ নিচে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ, আছেন চতুর্থ স্থানে।