পদ্মা ব্যাংকে ‘আপাতত’ প্রশাসক বসাবে না বাংলাদেশ ব্যাংক
গত ১৭ নভেম্বরের পর্ষদ সভায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন আইনের আওতায় আনার প্রস্তাবে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
নানা অনিয়মে ডুবতে বসা পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় নিলেও ‘আপাতত’ সেখানে কোনো প্রশাসক বসাবে না বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম ও গ্রাহকসেবা আগের মতোই অব্যাহত থাকবে।”
গত ১৭ নভেম্বরের পর্ষদ সভায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন আইনের আওতায় আনার প্রস্তাবে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
নিয়ন্ত্রক সংস্থাটির তরফে বলা হয়, সংকট কাটিয়ে পদ্মা ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, গত এক দশকের বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্য সংকট ও সুশাসনের অভাবসহ নানা কারণে পদ্মা ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে।
কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানের পাশাপাশি তারল্য ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হলেও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই পুনরুদ্ধার হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক রেজল্যুশন আইন অনুযায়ী, পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর এবং উপযুক্ত রেজল্যুশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
এর আগে ব্যাংক রেজল্যুশনের আওতায় পাঁচটি ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক।
বেসরকারি এ পাঁচ ব্যাংকে বিনিয়োগ করে সেগুলোকে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় নেয় সরকার।
ফারমার্স ব্যাংকের নাম বদলে পদ্মা ব্যাংক হওয়া এ প্রতিষ্ঠানকে ২০২৪ সালের শুরুতে এক্সিম ব্যাংকের মালিকানায় দিতে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় সমঝোতা স্মারক সই হয়।
চব্বিশের আন্দোলনে সরকার বদল হলে সেই উদ্যোগ ব্যর্থ হয়। সেই এক্সিম ব্যাংক এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে।
