১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা দশে ফিরলেন রুট-আর্চার, ক্যারিয়ার সেরা অবস্থানে ব্যান্টন

ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে এসেছে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন।

সেরা দশে ফিরলেন রুট-আর্চার, ক্যারিয়ার সেরা অবস্থানে ব্যান্টন

টম ব্যান্টন (বাঁয়ে) ও জো রুট। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 04:25 PM

Updated : 18 Nov 2026, 04:25 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন টম ব্যান্টন। এই সংস্করণের ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় সেরা দশে ফিরেছেন তার সতীর্থ জো রুট ও জফ্রা আর্চার।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি।

অ্যাডিলেইডে গত রোববার ৯৯ বলে ১২১ রানের ইনিংস খেলেন ব্যান্টন। এই পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে ৩৪ ধাপ এগিয়ে এখন ত্রয়োদশ স্থানে আছেন তিনি। তার আগের সেরা অবস্থান ছিল ৪৬তম।

সিরিজে সমতা ফেরানো ওই ম্যাচে ৬২ রান করেন রুট। দুই ধাপ এগিয়ে এখন নবম স্থানে আছেন তিনি। আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক শুবমান গিল।

ওয়ানডে বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে একটি করে উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে সপ্তম স্থানে আছেন আর্চার।

এছাড়া নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি, কাইল জেমিসন, ভারতের আর্শদিপ সিংও বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই চূড়ায় আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের রুদ্ধশ্বাস জয়ে অবদান রেখে টেস্ট বোলারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন ব্লেসিং মুজারাবানি। দুই ইনিংসেই তিনটি করে উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা এই পেসার আছেন ১৬ নম্বরে। তার সতীর্থ গ্রায়েম ক্রিমারের অগ্রগতি ছয় ধাপ, অবস্থান ৬৫তম।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। আর ব্যাটসম্যানদের মধ্যে চূড়ায় ইংল্যান্ডের হ্যারি ব্রুক। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর মার্কো ইয়ানসেন।

ব্যাটসম্যানদের মধ্যে জিম্বাবুয়ের ইনোসেন্ট কাইয়া (২০ ধাপ এগিয়ে ৫০তম), ব্রেন্ডান টেইলর (৪০ ধাপ এগিয়ে ৬২তম) উন্নতি করেছেন।