ছিটকেই গেলেন গ্রিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে এই অলরাউন্ডারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
ডারবানে আগামী শুক্রবার শুরু দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান গ্রিন। কর্বিন বশের একটি ফুলটস বল তার তলপেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
প্রাথমিক চিকিৎসা নিয়ে পরের বল ছক্কায় ওড়ান গ্রিন। কিন্তু তার চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। পরের বলে কট বিহাইন্ড হয়ে বিদায় নেন।
তখনই গ্রিনকে ঘিরে জমতে থাকে শঙ্কার মেঘ। মঙ্গলবার এলো তার ছিটকে পড়ার আনুষ্ঠানিক ঘোষণা। গ্রিনের আগে আঙুলের চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে যান কিপার-ব্যাটসম্যান জশ ইংলিস।
ইংলিস ও গ্রিনের কাভার হিসেবে আগেই টেস্ট দলে ক্যান্সার জয় করা ওপেনার নিক ম্যাডিসন ও কিপার-ব্যাটসম্যান স্যাম হার্পারকে ডেকেছে অস্ট্রেলিয়া।
