বাংলাদেশ সিরিজের আগে আইসিসির মাস সেরা ইয়ানসেন
বাংলাদেশের সোবহানা মোস্তারি ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে অক্টোবর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের দীপ্তি শার্মা।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের আরেকটি স্বীকৃতি পেলেন মার্কো ইয়ানসেন। পাকিস্তানের আরাফাত মিনহাস ও ওয়েস্ট ইন্ডিজের শেই হোপকে পেছনে ফেলে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।
অক্টোবর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের দীপ্তি শার্মা। তিনি পেছনে ফেলে দিয়েছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে।
গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম শুক্রবার প্রকাশ করেছে আইসিসি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন ইয়ানসেন। তিন ম্যাচের সিরিজে একবার ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ১৩ শিকার ধরেন এই পেসার বোলিং অলরাউন্ডার।
দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতেও অবদান রাখেন তিনি। দুটি ফিফটিতে করেন ১৯৮ রান। এই পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার জেতেন ২৬ বছর বয়সি ক্রিকেটার।
ব্যাটে-বলে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়েও ছাপ রাখেন ইয়ানসেন, ২০২৪ সালে কাগিসো রাবাদার পর দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। একই সঙ্গে এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায়ও চূড়ায় জায়গা করে নেন।
পরে যদিও বোলারদের শীর্ষস্থান তাকে হারাতে হয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের কাছে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে হারানো সিংহাসন পুনরুদ্ধারের সুযোগ থাকবে তার সামনে।
মাস সেরার পুরস্কার জিতে খুবই উচ্ছ্বসিত দীর্ঘদেহী এই ক্রিকেটার।
“আইসিসি মেন’স প্লেয়ার অব দা মান্থ পুরস্কার জয় আমার জন্য অনেক বড় সম্মানের, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের পর। আমার ক্যারিয়ারের স্মরণীয় সিরিজগুলোর একটি ছিল এটি এবং দলের সাফল্যে অবদান রাখতে পারা বিষয়টিকে আরও স্পেশাল করে তুলেছে। এই স্বীকৃতি পাওয়াটা আমার জন্য খুবই গর্বের।
“ব্যক্তিগত স্বীকৃতি সবসময়ই আনন্দের, তবে ক্রিকেট দলীয় খেলা। এই অর্জন আমার সতীর্থদের সমর্থন এবং আমাদের সাপোর্ট স্টাফদের কঠোর পরিশ্রমেরই প্রতিফলন, যারা পুরো সময় আমাদের পাশে ছিলেন। আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এখন আমাদের লক্ষ্য এই ধারাবাহিকতা ধরে রাখা, যাতে আগামী বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর পথে আমরা এগিয়ে যেতে পারি।”
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামী রোববার জোহানেসবার্গে বাংলাদেশের মুখোমুখি হবে প্রোটিয়ারা।
গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের সিরিজে কেবল একটি ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পান দীপ্তি শার্মা। ওই ম্যাচেই অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। আর তিন ওয়ানডের সিরিজে অফ স্পিনে ওভারপ্রতি স্রেফ ৩.৪২ রান দিয়ে উইকেট নেন মোট পাঁচটি।
অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলে ভারত। সেখানেও এক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩৭ বলে ৪৯ রান করেন দীপ্তি। আর সিরিজে নেন দুই উইকেট।
